ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি আমানুজ্জামান গ্রেপ্তার


গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি আমানুজ্জামান গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আমানুজ্জামান আমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ বুধবার সকাল ৯টার দিকে রংপুর মহানগরীর পরশুরাম থানার সাদাপীর এলাকার ‘ড্রিম টাচ’ নামের একটি ফুলের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া আমানুজ্জামান আমানের বয়স ২৪ বছর। তিনি গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে।

আরও পড়ুন: অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালান। এ সময় অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযানের সংবাদ প্রকাশের পর সাংবাদিক আব্দুল বারী দুলালকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এরপর গত ২ অক্টোবর সন্ধ্যায় উমর বাজারে সাংবাদিক দুলালের পথরোধ করে হামলা চালান আসামিরা। হামলার সময় কয়েকজন তাঁর গলা চেপে ধরেন এবং হাত আটকে রাখেন। পরে ধারালো কুড়াল দিয়ে তাঁর মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা ৩৫ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গত ৪ অক্টোবর গঙ্গাচড়া মডেল থানায় সাংবাদিক আব্দুল বারী দুলাল হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় আমানুজ্জামান আমানসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর বলেন, "আমান এ মামলার এক নম্বর আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।"

আরও পড়ুন: বালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আন্তর্জাতিক ডেস্ক

, আমতলী (বরগুনা)প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

লকডাউন সফল করতে  ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান  তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 
জানাগেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবার  দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে বুধবার রাতে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ তোহা ও রাহাত মৃধার নেতৃত্বে  নেতা-কর্মী শাখারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নাঈম হাওলাদার (১৬), জোবায়ের মৃধা (১৭), রাশেদুল হাওলাদার (১৬), নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সিফাত আকন (১৫), রাব্বি আকন (১৭), সাইমুন হাওলাদার (১৬), ইমরান (১৬),  নাঈম (১৬) ও আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ১২ জনকে গ্রেপ্তার করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ১২ জনকে আদালতের বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিপক্ষীয় বৈঠক শেষে চীন ত্যাগ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


ত্রিপক্ষীয় বৈঠক শেষে চীন ত্যাগ করলেন ট্রাম্প

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ঝুঁকি কমানো, অস্ত্রের বিস্তার রোধ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার অঙ্গীকারের মাধ্যমে শেষ হয়েছে তিন দেশের নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক। বৃহস্পতিবার চীনের শেনঝেন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।

এয়ারফোর্স ওয়ানে করে চীন ছাড়ার আগে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠক শেষে তিন দেশের পক্ষ থেকে একটি যৌথ ‘শান্তি ঘোষণা’ প্রকাশ করা হয়েছে। এই ঘোষণায় পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে পারস্পরিক আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ঘোষণায় আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও তিন নেতা একমত হয়েছেন। বিশেষ করে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানো এবং এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

তিন দেশের নেতারা বৈশ্বিক জ্বালানি প্রবাহের স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এ অঙ্গীকারকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশ্বের তিন প্রভাবশালী দেশের নেতাদের এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন বিভিন্ন অঞ্চলে সংঘাত, সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। ফলে পারমাণবিক নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা নিয়ে তাদের যৌথ অঙ্গীকার বিশেষ গুরুত্ব পেয়েছে। ট্রাম্পের চীন ত্যাগের মধ্য দিয়ে তার এই সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। এখন দেখার বিষয়, বৈঠকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা কার্যকর হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ব্যবহারে বাড়ছে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ব্যবহারে বাড়ছে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ব্যবহারের কারণে মানবদেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

ফলস্বরূপ, শেষ ভরসার এন্টিবায়োটিকও জীবাণুর কাছে পরাজিত হচ্ছে। এন্টিবায়োটিকের কার্যকারিতা কমছে এবং জীবাণুর শক্তি বাড়ছে। এর ফলে সংক্রমণের চিকিৎসা সংকটে পড়েছে। এমনকি গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী এন্টিবায়োটিক মেরোপেনেমও অনেক ক্ষেত্রে জীবাণুর বিরুদ্ধে কার্যকরী হচ্ছে না।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের এক প্রতিবেদনে এ উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে।

বিএমইউর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের ২০২৫-২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের নমুনার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনটি নির্দেশ করে যে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রোগীদের শ্বাসনালির নমুনায় এ প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে।

এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার মন্তব্য করেন যে, "এন্টিবায়োটিকের অপব্যবহার ও অসচেতন ব্যবহারের কারণে জীবাণু ক্রমেই ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে। ফলে এন্টিবায়োটিকের কার্যকারিতা কমছে এবং সংক্রমণের চিকিৎসা কঠিন হয়ে পড়ছে।"

প্রতিবেদনকালীন সময়ে মোট ৫০ হাজার ৮৪৪টি ক্লিনিক্যাল নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ২৫১টি নমুনায় ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে।

প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, কার্বাপেনেম গ্রুপের এন্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়া।

ছয়টি প্রধান জীবাণুর ১০ হাজার ৫৩৬টি নমুনার মধ্যে ৩ হাজার ৮১০টিতে মেরোপেনেম প্রতিরোধ পাওয়া গেছে। অর্থাৎ প্রতিরোধের হার ৩৬ দশমিক ২ শতাংশ, যা আগের বছরের ২৮ দশমিক ২ শতাংশের তুলনায় বেশি। ক্লেবসিয়েলার ক্ষেত্রে এ হার ২৭ দশমিক ৬ থেকে বেড়ে ৪০ শতাংশ এবং ই. কোলাইয়ের ক্ষেত্রে ১৪ থেকে বেড়ে ২০ দশমিক ৭ শতাংশ হয়েছে। অ্যাসিনেটোব্যাকটারের ৫৭ দশমিক ৫ শতাংশ এবং সিউডোমোনাসের ৫২ দশমিক ১ শতাংশ নমুনায় কার্বাপেনেম প্রতিরোধ পাওয়া গেছে।

রক্তের নমুনায় শনাক্ত ক্লেবসিয়েলার ৫৬ শতাংশ, অ্যাসিনেটোব্যাকটারের ৬২ দশমিক ১ শতাংশ এবং ই. কোলাইয়ের ৩৩ দশমিক ৩ শতাংশ মেরোপেনেমে সাড়া দিচ্ছে না।

আইসিইউ রোগীদের শ্বাসনালির নমুনায় ক্লেবসিয়েলা ও অ্যাসিনেটোব্যাকটারের ক্ষেত্রে প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে।

মূত্রনালির সংক্রমণের প্রধান জীবাণু ই. কোলাইয়ের ক্ষেত্রেও প্রচলিত এন্টিবায়োটিকের কার্যকারিতা কমছে। এ জীবাণুর ৮২ দশমিক ৮ শতাংশ অ্যামোক্সিসিলিন, ৭৫ দশমিক ৫ শতাংশ সিপ্রোফ্লক্সাসিন এবং ৬২ দশমিক ২ শতাংশ সেফট্রিয়াক্সোনের বিরুদ্ধে প্রতিরোধী। নাইট্রোফিউরানটোইনের বিরুদ্ধে প্রতিরোধ এক বছরে ৩৩ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ৫০ দশমিক ১ শতাংশ হয়েছে।

এদিকে মেথিসিলিন-প্রতিরোধী স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের (এমআরএসএ) হারও বৃদ্ধি পাচ্ছে। পুঁজ, ক্ষত, নাক ও কানের নমুনায় এ হার ২০২২-২৩ সালে ৯ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে সর্বশেষ প্রতিবেদনে ২৬ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। টাইফয়েডের জীবাণুর ক্ষেত্রেও সিপ্রোফ্লক্সাসিন প্রতিরোধের হার ৫০ শতাংশে পৌঁছেছে।

এ বিষয়ে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, "চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিকের সহজলভ্যতা প্রাপ্তি বন্ধ করতে হবে। যথেচ্ছভাবে এন্টিবায়োটিকের ব্যবহারের কারণে এন্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স ভয়াবহতা পর্যায়ে পৌঁছেছে। এরফলে রোগী যখন অসুস্থ হয়ে পড়ে এবং আরোগ্য লাভের জন্য এন্টিবায়োটিকের প্রয়োজন হয় তখন তা ব্যবহারে এন্টিবায়োটিক কাজ করে না। বর্তমানে এটা ভয়াবহ আকার ধারণ করছে। এ অবস্থা থেকে উত্তোরণে জনসচেতনতার কোনো বিকল্প নাই।"

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিরোধী সংক্রমণের কারণে নিউমোনিয়া, সেপসিস্, যক্ষ্মার মতো সাধারণ সংক্রমণের চিকিৎসা কঠিন, কখনো অসম্ভব হয়ে পড়ছে। এতে মৃত্যুহার বাড়ছে, হাসপাতালে থাকার সময় দীর্ঘ হচ্ছে এবং দামি ও পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ওষুধের প্রয়োজন হচ্ছে, যা পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপর বড় আর্থিক চাপ তৈরি করছে। ক্যান্সারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন, বড় অস্ত্রোপচার ও আইসিইউ চিকিৎসার সাফল্যও হুমকির মুখে।

প্রতিবেদনে কয়েকটি সুপারিশে বলা হয়েছে: এই অ্যান্টিবায়োগ্রাম তথ্যের ভিত্তিতে এন্টিবায়োটিকের নীতিমালা প্রণয়ন ও নজরদারি ব্যবস্থা সম্প্রসারণ; কমসূচক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং ল্যাবরেটরি ব্যবস্থা শক্তিশালী করা; মানুষ ও প্রাণিস্বাস্থ্যে দায়িত্বশীল এন্টিবায়োটিক ব্যবহার নিশ্চিত করা এবং ২০৩০ সালের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ নিয়ে গবেষণা জোরদার করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী বরগুনা প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত হয়েছে।

কনসার্ণ ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় আরএমএনসিএএইচ প্রকল্পের এর আওতায় এনএসএস।

সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার অতীশ সরকার।এতে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন তালতলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সব্যসাচি দাস, তালতলী থানার অফিসার ইন চার্জ মো. সাইদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস হোসেন খান, চেয়ারম্যান সমিতির সভাপতি ইউনুচ ফরাজি
চেয়ারম্যান সমিতির
সাধারণ সম্পাদক ফারুক খান,এনএসএস নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা।

সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন প্রজেক্ট কোঅর্ডিনেটর -এএফএম সুজাউদৌলা এবং সঞ্চালনা করেন ডিপিসি মনোজ কুমার দাস ও টিজিইও সুরাইয়া আক্তার।


সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক এনজিও প্রতিনিধিসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৫০ সদস্য অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%