ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে


জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে

শিক্ষার্থীদের যাতায়াত এবং ভর্তি প্রক্রিয়ার ভোগান্তি কমানোর লক্ষ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই ব্যবস্থার মাধ্যমে ভর্তিচ্ছুদের জন্য আলাদা আলাদা ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দেওয়ার ঝামেলা হ্রাস পায় এবং একটি পরীক্ষার মাধ্যমেই একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সৃষ্টি হয়।

আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট ১৬ হাজার ৯৩টি আসন নির্ধারণ করা হয়েছে। তবে নতুন চারটি বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে; যদি সেটি বাস্তবায়িত হয়, তাহলে মোট আসনসংখ্যা বেড়ে প্রায় ১৬ হাজার ৪৭৩ থেকে ১৬ হাজার ৬৪৩টিতে পৌঁছাতে পারে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে এসব বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন।

আরও পড়ুন: ১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বায়েজিদ

গত ১ নভেম্বর দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের আসনসংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্য অনুযায়ী, বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালগুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৫১৫, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১৭৫, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৯৫, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭০ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৮৫০টি আসন রয়েছে।

এছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬১১, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮০, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৫০ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৭৫টি আসন রয়েছে।

অন্যদিকে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩০, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ৩৯০, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১২৬, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯০ এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০৪টি আসন রয়েছে।

এছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে ২২০, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭২, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০ এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬০টি আসন রয়েছে।

আরও পড়ুন: ঢাবি-জবি ১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইছে, জাবি প্রশাসন নীরব

অন্যদিকে সম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রাথমিকভাবে আনুমানিক ৮০ থেকে ১০০টি আসন থাকতে পারে।

এছাড়া বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো বিভাগ অনুমোদন পায়নি। এসব বিশ্ববিদ্যালয়ের বিভাগ অনুমোদন এবং ইউজিসির প্রয়োজনীয় সিদ্ধান্তের পরই আসনসংখ্যা চূড়ান্তভাবে জানা যাবে। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাথমিকভাবে আনুমানিক ১০০ থেকে ১৫০টি আসন থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল যেসব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল যেসব রেকর্ড

বলিউডের তারকা রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত মেগাবাজেট চলচ্চিত্র ‘রামায়ণ’ বিশ্বব্যাপী বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি মুক্তির পর মাত্র ৮ দিনের মধ্যে ১ হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে এবং এটি ভারতের ১১তম সিনেমা হিসেবে এই বিশেষ মাইলফলক অর্জন করেছে।

চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ছবিটি ৫ নভেম্বর মুক্তির অষ্টম দিনে বিশ্বব্যাপী মোট আয় ১,০৩৩.৫৫ কোটি রুপি দাঁড়িয়েছে। এর মধ্যে ভারতের বাজারে গ্রস কালেকশন ৬৭৫.০৫ কোটি রুপি, নেট কালেকশন ৫৬৪.৬০ কোটি রুপি এবং বিদেশি বাজার থেকে এসেছে ৩৫৮.৫০ কোটি রুপি।

মুক্তির পর থেকেই ছবিটি দুর্দান্ত ব্যবসা করছে, শুধুমাত্র হিন্দি ভার্সন থেকেই অষ্টম দিনে আয় হয়েছে ৪৩ কোটি রুপি। এছাড়া কন্নড়, তেলেগু এবং মালয়ালম ভার্সন থেকেও দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে মুক্তির পঞ্চম দিনে ছবিটি ঘরোয়া প্রেক্ষাগৃহে ১০৭.৫০ কোটি রুপি ব্যবসা করে বক্স অফিসে সবাইকে অবাক করে দিয়েছে।

মাত্র ৮ দিনে ১,০০০ কোটির ক্লাবে পৌঁছে ‘রামায়ণ’ এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’-এর রেকর্ডকে অতিক্রম করেছে, যেখানে ‘বাহুবলী ২’-এর জন্য লেগেছিল প্রায় ১০ থেকে ১১ দিন। এই ছবির মাধ্যমে রণবীর কাপুরের ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো ছবি ১,০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এবং এটি তার ব্লকবাস্টার ছবি ‘অ্যানিমেল’-এর লাইফটাইম কালেকশনকেও ছাড়িয়ে গেছে। এছাড়া ভারতের বাজারে দ্রুততম ৩০০ কোটি রুপি নেট সংগ্রহের দিক থেকে এটি শাহরুখ খানের ‘জওয়ান’-এর রেকর্ডকেও স্পর্শ করেছে।

বলিউড ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, উৎসবের আমেজ এবং দর্শকদের অবিশ্বাস্য উন্মাদনার কারণে ছবিটি বক্স অফিসে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। ৪,০০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি অসাধারণ অভিনয় ও নির্মাণশৈলীর কারণে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বৃহত্তম ও উচ্চাভিলাষী প্রজেক্ট হিসেবে ইতোমধ্যেই ইতিহাস গড়তে শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগদান করলেন সংগীতশিল্পী ধ্বনি ভানুশালি, পাত্র যশ ভানুশালি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


বাগদান করলেন সংগীতশিল্পী ধ্বনি ভানুশালি, পাত্র যশ ভানুশালি

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী ধ্বনি ভানুশালির বাগদান সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের প্রেমিক যশ ভানুশালির সঙ্গে গায়িকার বাগদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কিছু রোমান্টিক ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি।

পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, সূর্যাস্তের মনোরম পরিবেশে যশকে জড়িয়ে ধরে ধ্বনি তার বাগদানের আংটি প্রদর্শন করছেন।

ছবির ক্যাপশনে ধ্বনি লিখেছেন,

"আমি আমার জীবনের কাপকেক খুঁজে পেয়েছি। আমি তাকে ‘হ্যাঁ’ বলেছি।"

গায়িকার এই পোস্টের পরপরই বলিউড, সংগীতাঙ্গনের সহকর্মী এবং অসংখ্য ভক্ত এ জুটিকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।

ধ্বনির হবু বর যশ একজন উদ্যোক্তা এবং সৃজনশীল জগতের পরিচিত মুখ। তিনি ‘ওরাংওটাং’ নামে একটি ই-স্পোর্টস ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। পাশাপাশি তিনি একজন আলোকচিত্রী হিসেবেও কাজ করেন।

২০১৭ সালে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ সিনেমার ‘হামসফর’ গানটির অ্যাকোস্টিক সংস্করণের মাধ্যমে ধ্বনির সংগীত জীবন শুরু হয়। ২০১৮ সালে ‘ওয়েলকাম টু নিউ ইর্য়ক’ সিনেমায় ‘ইশতেহার’ গানটি গেয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে তার ক্যারিয়ার শুরু হয়। গায়িকার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ইশারে তেরে’, ‘দিলবার’, ‘লেজা রে’, ‘ভাস্তে’, ‘নয়ন’, ‘সাইকো সাইয়া’, ইত্যাদি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউ অরলিন্সে নদীতে প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কা, ৩২ জন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


নিউ অরলিন্সে নদীতে প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কা, ৩২ জন হাসপাতালে

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে একটি যাত্রীবাহী প্রমোদতরীকে তেলের ট্যাংকারের ধাক্কা দেওয়ার ঘটনায় অন্তত ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ফলে ১২৯ জন যাত্রী নিয়ে চলা প্রমোদতরীটি আংশিকভাবে ডুবে যায়।

নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আটলান্টিক অ্যাসফাল্ট নামের ট্যাংকারটি আমেরিকান হেরিটেজ নামের প্রমোদতরীটিকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীরা নৌযান থেকে নামছিলেন। ধাক্কার পর প্রমোদতরীটি ডুবতে শুরু করে এবং একপর্যায়ে কাত হয়ে উল্টে যায়। এই ঘটনায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।

নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানিয়েছেন, প্রমোদতরীতে থাকা সব যাত্রীর খোঁজ পাওয়া গেছে। তাদের মধ্যে ৩২ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে, কারও আঘাত গুরুতর নয়।

দুর্ঘটনার পর পুলিশ, দমকল বাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও চিকিৎসাকর্মীরা উদ্ধারকাজে অংশ নেন। এ ঘটনার পর নদীতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। প্রমোদতরী পরিচালনাকারী প্রতিষ্ঠান জানায়, যাত্রী ও কর্মীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

২০১৫ সালে নির্মিত পাঁচতলা আমেরিকান হেরিটেজ প্রমোদতরীতে সর্বোচ্চ ১৫০ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। দুর্ঘটনার সময় এটি লুইজিয়ানা ও মিসিসিপি অঞ্চলে আট দিনের ভ্রমণ শেষ করছিল। ট্যাংকারটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরীকে ধাক্কা দেয়, সে বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ বালু উত্তোলনে হুমকিতে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম, প্রতিবাদ এলাকাবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


অবৈধ বালু উত্তোলনে হুমকিতে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম, প্রতিবাদ এলাকাবাসীর

উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণের প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যা নদী ভাঙন রোধের উদ্দেশ্যে গৃহীত। প্রকল্পের বাঁধের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্প বর্তমানে হুমকির সম্মুখীন। প্রতিবাদস্বরূপ মানববন্ধন করেছে এলাকাবাসী ও সচেতন নাগরিক ফোরাম।

শুক্রবার (১৩ নভেম্বর) চরএলাহী ইউনিয়নের ছোট ফেনী নদীতে বলগেট এবং নদী তীরবর্তী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী একজন ব্যক্তি বলেন, "পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান আমাদের নিয়োগ দিয়েছেন। আমরা নদী থেকে বালু তুলে প্রকল্পে সরবরাহ করছি।"

এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে ঠিকাদার এইভাবে অবৈধভাবে বালু তুলে ক্রসড্যাম নির্মাণ করতে পারে না। তারা সতর্ক করেন যে, যদি এই কার্যক্রম অব্যাহত থাকে, তাহলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং নদী ভাঙন রক্ষার চেয়ে আরও বেশি ক্ষতি হবে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল জানান, "বালু তোলার অনুমতি চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনটি আমরা জেলা প্রশাসককে পাঠিয়েছি। কাজটি নৌবাহিনী করছে, তাই এর বেশি আমরা কিছু জানি না।"

প্রকল্পের পরিচালক কমান্ডার রাফি দাবি করেন, "একনেকে পাস হওয়ার সময় বালু তোলার বিষয়টি ডিপিপিতে বলা হয়েছে। তারপরও অনুমতির জন্য বিষয়টি জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।"

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, "এভাবে বালু তোলার অনুমতি কাউকে দেয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের একটি চিঠি আমরা মন্ত্রণালয়ের পাঠিয়েছিলাম। কিন্তু তা অনুমোদন না দিয়ে আবার ফেরত পাঠানো হয়েছে। বালু তোলা অব্যাহত থাকলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।"

এ বিষয়ে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, "অনিয়মের অভিযোগের বিষয়ে লিখিতভাবে পানি সম্পদ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এলাকাবাসীর ভালোবাসার এ প্রকল্পে কোনো অনিয়ম সহ্য করা হবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%