বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:২৫ পি.এম
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মোহাম্মদপুরের পৃথক দুটি অভিযানের মাধ্যমে এসআরবি-২ তালিকাভুক্ত কিশোরগ্যাং লিডার ও ছিনতাইকারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।
আজ এসআরবি-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মো. সাব্বির হোসেন (২৫), মাসুম ওরফে ঘাড়কাটা মাসুম (৩৬) এবং নূরে আলম (৩০)-কে একটি সামুরাইসহ গ্রেফতার করা হয়।
একই রাতে এসআরবি-২ এর অপর একটি অভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে মো. ইসলাম শেখ ওরফে ইল্লু (৩২) এবং মো. তানভীর (২৩)-কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি সামুরাইসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা, ডাকাতির তিনটি মামলা, ডাকাতির প্রস্তুতির একটি মামলা, হত্যাচেষ্টার একটি মামলা, দ্রুত বিচার আইনে একটি মামলা এবং আদাবর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা, ডাকাতির একটি মামলা, দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। মোট ১৫টি মামলা তার নামে রয়েছে।
আসামি মাসুমের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় ডাকাতির দুটি মামলা, ডাকাতির প্রস্তুতির একটি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা, দ্রুত বিচার আইনে একটি মামলা এবং যাত্রাবাড়ী থানায় অপহরণের একটি মামলা ও একটি জিআর মামলা রয়েছে।
আসামি মো. নূরে আলমের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় বেআইনি সমাবেশ, দাঙ্গা, অবৈধ বাধা, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি মামলা রয়েছে।
আসামি মো. ইসলাম শেখের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা এবং একটি ডাকাতির মামলা রয়েছে। এছাড়া, আসামি মো. তানভীরের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য আইনে দুটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার ২৯ শে মে সকালে ভয়েস অফফিলিপ নগর নগরের উদ্যোগে দিনব্যাপী চিকিৎসা সেবার উদ্বোধন করেন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ, আলিফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, ফিলিপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান, ডাক্তার শামসুল আরেফিন সুলভ এবং ডাক্তার রিপন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বিনামূল্যে এই ফ্রী চিকিৎসা ক্যাম্পে দিনব্যাপী এলাকার বিভিন্ন পর্যায়ের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার রিপনসহ অন্যান্য চিকিৎসকগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র ঈদুল আযহা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দৌলতপুর উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্রে।
তারাগুনিয়া ফুটবল মাঠ সংলগ্ন ঈদগাহে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুরের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ জামাতে সর্বোচ্চ উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ বিল্লাল হোসেন, এবং এলাকার সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করেন।
এছাড়া, দৌলতপুর উপজেলা চৌদ্দটি ইউনিয়নের মসজিদ ও ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পৃথক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আয়োজিত এই দুই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।
সকাল সাড়ে ৮টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনির-উজ-জামান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহীন রেজা, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরে আলম খান, নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, শিশু বিভাগের অধ্যাপক ডা. ইব্রাহিম খলিল ফিরোজ, ডার্মাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আকরাম হোসেন, বক্ষব্যাধি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. তৌফিক হাসান, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবরার কায়সার এবং ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাসিম হায়দার।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. শাহাদাত জুয়েল, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান সজীব, ড্যাব ঢাকা মহানগর উত্তরের প্রকাশনা সম্পাদক ডা. আরিফ হোসাইন, ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মনজুরুল হাসান মনি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান। এ সময় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মিলন চত্বরে দ্বিতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা সুমি, অধ্যাপক ডা. সায়েফ উল্লাহ, সোসাইটি অব মেডিসিনের সদস্যসচিব অধ্যাপক ডা. জাকারিয়া আল আজিজ, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মেজবাহ উদ্দিন নোমান, যুবদলের সাবেক সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন, ঢামেক শিক্ষক সমিতির সদস্যসচিব অধ্যাপক ডা. আহমেদ সামি আল হাসান, ওজিএসবির মহাসচিব ডা. এফ. এম. এনামুল হক, গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মির্জা আসাদুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা এবং ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আর রায়হান। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম বলেন, ‘বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি বলেন, একজন চিকিৎসক হিসেবে তিনি মনে করেন, বৃক্ষরোপণকে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে। হাসপাতালে রোগীর চিকিৎসা, ওষুধ ও আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হলেও মানুষ যে পরিবেশে প্রতিনিয়ত শ্বাস নিচ্ছে, সেটি সুস্থ রাখতে না পারলে একটি সুস্থ জাতি গড়ে তোলা সম্ভব নয়। বায়ুদূষণের কারণে হাঁপানি, সিওপিডি, ফুসফুসের ক্যানসার, হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ঢাকা শহরের বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ।
অধ্যাপক রফিকূল ইসলাম আরো বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়িত হলে দেশের পরিবেশ ও প্রতিবেশব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা ও বেঁচে থাকা নিশ্চিত করতে হবে। দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে বৃক্ষ পরিচর্যার জন্য নির্দিষ্ট দায়িত্বশীল ব্যক্তি বা কমিটি থাকা প্রয়োজন।
বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে জিয়াউর রহমান পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়েও জাতীয় বৃক্ষরোপণ কার্যক্রম ও জাতীয় বৃক্ষমেলার মতো উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণকে জনসম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত ছিল।
তিনি আরো বলেন, ২০০৪-২০০৫ সালে তারেক রহমানের উদ্যোগে শুধু ঢাকা শহরেই প্রায় ৮০ হাজার নিমগাছের চারা রোপণ করা হয়েছিল।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বৃক্ষরোপণ কর্মসূচির তাৎপর্য তুলে ধরে অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, দেশের চিকিৎসাসেবা ও চিকিৎসাশিক্ষার ইতিহাসে এ দুটি প্রতিষ্ঠানের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাই হাসপাতালগুলোকে শুধু উন্নত চিকিৎসাসেবার কেন্দ্র নয়, বরং নির্মল বাতাস ও সবুজ পরিবেশের দৃষ্টান্ত হিসেবেও গড়ে তুলতে হবে।
তিনি দেশের প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মসূচি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তার মতে, প্রতিটি শিক্ষার্থী যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ করে এবং সেটির পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতার সংস্কৃতি গড়ে উঠবে।
তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে উন্নয়ন, শিল্পায়ন ও আধুনিক নগরায়ণের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্যও সুরক্ষিত থাকবে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসক সমাজ, গণমাধ্যম এবং সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, ‘আমরা শুধু গাছ লাগাতে চাই না, আমরা একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে চাই। আমরা শুধু সবুজায়ন করতে চাই না, আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ নির্মাণ করতে চাই। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে ৩ কিলোমিটার মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নব্বইরশী বাসষ্ট্রান্ড থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই শোভাযাত্রাটি সম্পন্ন হয়। এ সময় মোটর শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।
পরে বাসষ্ট্রান্ডের চৌরাস্ত মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা উল্লেখ করেন, "কোন ষড়যন্ত্রই জাতীয়তাবাদীর শক্তিকে দামিয়ে রাখতে পারবে না।" তারা বলেন, নির্বাচন পরবর্তী একটি দল মনে করেছিলো বিএনপি ঝিমিয়ে পড়েছে। বক্তারা আরও বলেন, বিএনপি কখনও অপশক্তির কাছে মাথা নত করে না। স্থানীয় সকল নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তির পক্ষে বিজয় অর্জন করতে হবে। পরবর্তীতে সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজ চত্বরে মোরেলগঞ্জ সদর ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে যুব ক্রিড়া সংস্থার খেলায়ারদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করেন বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ