বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫৬ পি.এম
রাজধানীর উত্তরা পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে মোঃ সাইদুল ইসলাম, যিনি কালু নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে। তার বয়স ৩৫ বছর এবং তার কাছে ১২ কেজি গাঁজা পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে কামারপাড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুবুল হক রনি তার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কামারপাড়া চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহভাজন সাইদুল ইসলাম ওরফে কালুকে আটক করা হয় এবং তার সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি করা হয়। তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া সাইদুল ইসলাম নেত্রকোনা জেলার বাসিন্দা। পুলিশ জানায়, সিডিএমএস সফটওয়্যার পর্যালোচনার মাধ্যমে তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মোহন দে-কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে তিনি জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর দুপুর আনুমানিক ১২টা ২৯ মিনিটে পূর্ব হিঙ্গুলী এলাকায় তার নিজ বাসায় অবস্থানকালে মোহন দে’র মুঠোফোনে একটি অজ্ঞাতনামা নম্বর থেকে কল আসে। কলদাতা তাকে অশালীন ভাষায় গালাগাল করে এবং তার ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়, এমনটি জিডিতে উল্লেখ রয়েছে।
মোহন দে আরও জানান, অজ্ঞাত ওই ব্যক্তি তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
মোহন দে বলেন, বিএনপি-ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার কারণে তাকে মুঠোফোনের অপর প্রান্ত থেকে অশালীন ভাষায় গালাগাল করা হয়। তাকে ডিসেম্বর মাসের পর কেটে টুকরো করে ফেনী নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম মন্তব্য করেন, "আমরা জিডি নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"জনপ্রতিনিধি হয়ে জনগণের অধিকার হরণের দিন শেষ। জনপ্রতিনিধির চেয়ারে বসে সেবা দেওয়ার নামে খামখাম করার যুগও শেষ হয়ে গেছে। এখন সময় এসেছে আগে কাজ, পরে ভোট চাওয়ার। শুধু ভোটের সময় নয়, ভোটের আগেই জনগণের কল্যাণে কাজ করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। কারণ, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, তারা কখনোই জনগণের প্রকৃত সেবক হতে পারেন না।"
এমন বক্তব্যের মাধ্যমে জনপ্রতিনিধিত্বের প্রচলিত ধারায় পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. গোলাম সারোয়ার। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার বুড়িচং উপজেলার ৭ নম্বর মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি মোকাম ইউনিয়নকে একটি আধুনিক, মানবিক, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, অঙ্গীকার ও প্রতিশ্রুতির বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন।
কুমিল্লা শহরের একটি কনভেনশন হলে তাঁর মমতাময়ী মা আমেনা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) রাতে আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি তাঁর মরহুম পিতা বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব জুনাব আলী এবং মায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দানবীর পিতার আদর্শ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে ধারণ করে মোকাম ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে মোকাম ইউনিয়নের মুরুব্বী, যুবক, তরুণসহ কুমিল্লা শহরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
নিজের নির্বাচনি ভাবনা তুলে ধরে গোলাম সারোয়ার বলেন, "শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যাওয়া কিংবা ভোট চাওয়াই জনপ্রতিনিধির দায়িত্ব নয়। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, এলাকার সমস্যা চিহ্নিত করা এবং সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই প্রকৃত নেতৃত্বের পরিচয়।" তিনি আরও বলেন, "আমি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করি। জনপ্রতিনিধি হওয়ার অর্থ মানুষের ওপর কর্তৃত্ব করা নয়, বরং মানুষের কাছে দায়বদ্ধ থাকা। জনগণের অর্থ ও অধিকার রক্ষা করা এবং প্রতিটি কাজের জবাবদিহি নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।"
চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, অঙ্গীকার ও প্রতিশ্রুতি তুলে ধরে গোলাম সারোয়ার ইতোমধ্যে একটি বিস্তারিত নির্বাচনি কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন। এতে তিনি মোকাম ইউনিয়নকে একটি মানবিক, উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
কর্মপরিকল্পনায় প্রশাসন বিকেন্দ্রীকরণ ও উপদেষ্টা পরিষদ গঠন প্রসঙ্গে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের সার্বিক ক্ষমতা এককভাবে চেয়ারম্যানের হাতে কেন্দ্রীভূত না রেখে মোকাম ইউনিয়নের ২৭টি গ্রামে সার্চ কমিটির মাধ্যমে ১১ জন বিশিষ্ট সমাজসেবক ও নাগরিকবৃন্দের সমন্বয়ে কমিটি গঠিত হবে। তাদের মধ্যে একজন গ্রহণযোগ্য ব্যক্তি চেয়ারম্যানের উপদেষ্টা হবেন। এভাবে ২৭টি গ্রাম থেকে ২৭জন উপদেষ্টা, সংখ্যালগু সম্প্রদায় হতে ৩জন উপদেষ্টা, নির্বাচিত ৯জন ওয়ার্ড মেম্বার, সংরক্ষিত আসনের ৩জন মহিলা মেম্বার এবং চেয়ারম্যানসহ সর্বমোট ৪৩জন প্রতিনিধির সমন্বয়ে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। পদাধিকার বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। সকল সদস্যের সম্মিলিত পরামর্শে ইউনিয়ন পরিষদ পরিচালিত হবে।
তাঁর প্রকাশিত কর্মপরিকল্পনায় ইউনিয়ন পরিষদের সেবাকে আরও জনমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, কৃষি ও কৃষকের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, যুবসমাজের কর্মসংস্থান, নারী উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করা এবং ইউনিয়ন পরিষদকে মানুষের আস্থা ও ভরসার প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশাও তুলে ধরেছেন কর্মপরিকল্পনায়।
উল্লেখ্য, গোলাম সারোয়ারের মরহুম পিতা আলহাজ্ব জুনাব আলী কুমিল্লা জেলায় একজন দানবীর ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি মোকাম ইউনিয়নে প্রায় তিন দশক চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, শিক্ষা বিস্তারে অবদান ও জনকল্যাণমূলক উদ্যোগের স্মৃতি স্থানীয় মানুষের কাছে এখনও স্মরণীয়। গোলাম সারোয়ার তাঁর বাবার সেই মানবিক আদর্শ ধারণ করে মোকাম ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই নির্বাচনি মাঠে নামার ঘোষণা দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিঠুন চক্রবর্তীর ব্যক্তিজীবনের নানা অধ্যায় সিনেমার গল্পকেও হার মানায়। বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর সঙ্গে তার কথিত প্রেমের সম্পর্ক অন্যতম আলোচিত বিষয়। সম্প্রতি চিত্রগ্রাহক ও পরিচালক লরেন্স ডি'সুজা এই সম্পর্ক নিয়ে বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছেন।
আশির দশকে মিঠুন ও শ্রীদেবীর প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে জল্পনা-কল্পনার শেষ ছিল না। এমনকি গোপনে তাদের বিয়ে হওয়ার খবরও ছড়িয়ে পড়েছিল। পরিচালক এবার সেই পুরনো অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।
লরেন্স ডি'সুজা সম্প্রতি এক সাক্ষাৎকারে আশির দশকের স্মৃতিচারণ করেছেন। মিঠুন-শ্রীদেবীর প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘গৈর কানুনি’ সিনেমার উল্লেখ করেন।
সিনেমাটির চিত্রগ্রাহক হিসেবে কাজ করার সময় মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতা তিনি নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন। পরিচালক জানান, শ্রীদেবী যখন শুটিংয়ে ব্যস্ত থাকতেন, তখন প্রায়ই সেটে এসে মিঠুন অপেক্ষা করতেন। অভিনেত্রীর মেকআপ রুমে বসে তার জন্য অপেক্ষা করতেন তিনি।
শুটিং চলাকালে মিঠুন বারবার শ্রীদেবীকে ফোন করতেন। কাজের ফাঁকে ফোন এলে আলাদা জায়গায় গিয়ে কথা বলতেন অভিনেত্রী। লরেন্সের দাবি, সে সময় বলিউডের অনেকেই তাদের সম্পর্কের কথা জানতেন। তবে মিঠুন তখন যোগিতা বালীর সঙ্গে বিবাহিত ছিলেন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, "শুটিং সেটে আমি যা দেখেছি, শুধু সেটুকুই বলতে পারি।"
সাক্ষাৎকারে শ্রীদেবীর ব্যক্তিত্ব নিয়েও কথা বলেছেন লরেন্স। তার ভাষ্য, শ্রীদেবী ছিলেন অত্যন্ত শান্ত ও অন্তর্মুখী স্বভাবের। শুটিংয়ের ফাঁকে অন্যদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না। বরং একা থাকতে পছন্দ করতেন। কাজের প্রতি তার নিষ্ঠা ছিল চোখে পড়ার মতো। লরেন্সের কথায়, "মানুষ হিসেবে খুব ভালো ছিলেন শ্রীদেবী, তবে স্বভাবে ছিলেন বেশ চুপচাপ।"
আশির দশকে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন মিঠুন ও শ্রীদেবী। ‘জাগ উঠা ইনসান’, ‘ওয়াক্ত কি আওয়াজ’, ‘গুরু’সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। পর্দার এই জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সে সময় কম আলোচনা হয়নি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী বছরগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বহুগুণে এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ক উন্নত হবে। দুই দেশের জনগণের মধ্যে একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ঐতিহাসিক বন্ধন বিদ্যমান রয়েছে।
বৃহস্পতিবার ইসলামাবাদের একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সাম্প্রতিক সফর নিয়ে তিনি জানান, বাংলাদেশের স্পিকার, সংসদ সদস্য এবং সাংবাদিকদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফর করছে। ইতোমধ্যে বাংলাদেশের স্পিকার পাকিস্তানের সামরিক একাডেমি পরিদর্শন করেছেন, যেখানে বাংলাদেশের ক্যাডেটরা প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি বিশ্বাস করেন যে, আগামী দিনগুলোতে অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
সাংস্কৃতিক মেলবন্ধন এবং দুই দেশের মানুষের আবেগের উদাহরণ টেনে তথ্যমন্ত্রী আগের দিনের একটি অনুষ্ঠানের কথা স্মরণ করেন, যেখানে কিংবদন্তি অভিনেত্রী শবনম দুই দেশের সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন।
বাংলাদেশিদের পাকিস্তান ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে আতাউল্লাহ তারার বলেন, "আমি আমার বাংলাদেশি ভাই ও বোনদের পাকিস্তানে পর্যটনের জন্য আসার আহ্বান জানাই। আপনারা পরিবার নিয়ে পাকিস্তানের উত্তরাঞ্চল ঘুরে যান, যা দেখতে সুইজারল্যান্ডের মতো। ইসলামাবাদে আসুন। আমি যদি কোনো দোকানে গিয়ে বলি যে আমার এই বন্ধু বাংলাদেশ থেকে এসেছেন, বিশ্বাস করুন, আপনি যা-ই কিনবেন তারা কোনো টাকা নেবেন না। বাংলাদেশি ভাইবোনদের প্রতি পাকিস্তানের সাধারণ মানুষের অনুভূতি ঠিক এমনই।"
সাক্ষাৎকারে পাকিস্তানের সাম্প্রতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সাফল্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সংস্কারমুখী নেতৃত্ব এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে বেসামরিক ও সামরিক প্রশাসনের চমৎকার সমন্বয় কাজ করছে। রাজনৈতিক স্বজনপ্রীতির বদলে মেধাভিত্তিক নিয়োগ এবং জনমুখী নীতির কারণে নাদরা-সহ (জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কর্তৃপক্ষ) রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে অভূতপূর্ব উন্নতি হয়েছে। কূটনৈতিক ক্ষেত্রে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে এবং সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে।
আঞ্চলিক রাজনীতি এবং ভারত প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তান সামরিক ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং যুদ্ধে ভারতকে পরাজিত করেছে, যার ফলে ভারত যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। ভারতের সমালোচনা করে তিনি বলেন, নয়াদিল্লি কাশ্মীরের মতো আন্তর্জাতিক ও বাহ্যিক সমস্যাকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখানোর চেষ্টা করে, আর নিজেদের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে বাইরের সমস্যা হিসেবে চাপিয়ে দেয়। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। এ ছাড়া কানাডায় হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি ভারতকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ও দমন-পীড়নে জড়িত বলে অভিযুক্ত করেন।
আফগানিস্তান প্রসঙ্গে তথ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তান ৪০ বছর ধরে ৪০ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে, কিন্তু আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল ধ্বংস করতে পাকিস্তান ইতোমধ্যে সীমান্তে অভিযান চালিয়েছে এবং ভবিষ্যতেও এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা ‘প্রোপাগান্ডা’ মোকাবিলায় পাকিস্তান সরকার বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তায় ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা চালু করেছে এবং টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সমন্বয় করে কাজ করছে বলে জানান তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ