০৬:১২ পি.এম
মধ্যপ্রাচ্যে ইরান সংঘাতের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র মূল্যবৃদ্ধির ফলে আন্তর্জাতিক অঙ্গনে চীনা বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট শিল্প খাতের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর মাসে চীনের ব্যাটারিচালিত ও প্লাগ-ইন হাইব্রিড যাত্রীবাহী গাড়ির বৈশ্বিক রফতানি গত বছরের একই সময়ের তুলনায় রেকর্ড ১৪৪ দশমিক ৭ শতাংশ (প্রায় ১৪৫%) বৃদ্ধি পেয়েছে।
চীনের যাত্রীবাহী গাড়ি সমিতি (সিপিসিএ)-এর প্রকাশিত তথ্যে জানা গেছে, অক্টোবর মাসে দেশটি থেকে মোট ৫ লাখ ৮২ হাজার নতুন জ্বালানির যাত্রীবাহী গাড়ি (এনইভি) বিদেশে রফতানি হয়েছে, যা সেপ্টেম্বর মাসের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেশি। এর ফলে টানা দ্বিতীয় মাসের মতো চীনা ইভি রপ্তানি নতুন সর্বকালের রেকর্ড স্পর্শ করেছে। এছাড়া চীনের সামগ্রিক যাত্রীবাহী গাড়ি রফতানির মধ্যে ইভি ও হাইব্রিড গাড়ির অংশ ৬২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে, যা এক বছর আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রথম দশ মাসে চীনের নতুন জ্বালানিচালিত গাড়ি রফতানি প্রায় ৪৪ লাখ ৭২ হাজার ইউনিটে পৌঁছেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ১৩৯ দশমিক ৭ শতাংশ বেশি। অক্টোবর মাসের মোট রফতানিকৃত ইভির মধ্যে পূর্ণাঙ্গ ব্যাটারিচালিত গাড়ির অংশ ৬১ দশমিক ৭ শতাংশ এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ির অংশ ৩৩ দশমিক ৭ শতাংশ ছিল।
আরও পড়ুন: আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম ৩ লাখ ডলার
একক কোম্পানি হিসেবে গাড়ি রফতানিতে শীর্ষে রয়েছে বিওয়াইডি, যাদের একক রফতানির পরিমাণ ছিল ১ লাখ ৬৫ হাজার ১৯৪টি। তাদের পরেই রয়েছে চেরি, গিলি এবং টেসলা চায়না।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক সংকটের কারণে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং পেট্রল-ডিজেলের উচ্চমূল্য সাধারণ ভোক্তাদের দ্রুত অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন (আইসিই) চালিত সনাতন গাড়ির বদলে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকতে বাধ্য করেছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি, টেকসই ব্যাটারি সক্ষমতা এবং পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সাশ্রয়ী মূল্যের কারণে বিশ্ববাজারে চীনা নির্মাতাদের অবস্থান আরো সুসংহত হচ্ছে। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন