০৬:১৪ পি.এম
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়ার সাউদপাড়াস্থ বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে—এমন একটি ফেসবুক পোস্টের কারণে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে গিয়ে হামলা বা ভাঙচুরের কোনো আলামত পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারাও এমন কোনো ঘটনার কথা অস্বীকার করেছেন। পরে ওই পোস্টের তথ্যের সত্যতা যাচাই না করে প্রকাশের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন পোস্টদাতা সাংবাদিক শাহ আলী তৌফিক রিপন।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দৈনিক আমার দেশ পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি শাহ আলী তৌফিক রিপন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে (Shah Ali Toufiq Ripon) একটি পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, আগের দিন ৯ নভেম্বর কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (যদিও হবে যুগ্ম সম্পাদক হবে) কামরুল হাসান ভূঁইয়ার সাউদপাড়াস্থ বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। একই পোস্টে ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: জনশক্তি রপ্তানি খাতের সংকট উত্তরণে বায়রা গণতান্ত্রিক জোটের ঐক্যের ডাক
তাঁর ওই ফেসবুক পোস্টের সূত্র ধরে বুধবার (১১ নভেম্বর) বেলা ১টার দিকে সরেজমিনে বাড়িটিতে গিয়ে সাম্প্রতিক হামলা বা ভাঙচুরের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়িটিতে হামলা কিংবা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। এমনকি এ ধরনের কোনো ঘটনার খবরও তাঁরা শোনেননি। তাঁদের ভাষ্য, বাড়িটি দীর্ঘদিন ধরে লোকজনশূন্য অবস্থায় পড়ে আছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা বলেন, ফেসবুকে প্রচারিত হামলা ও ভাঙচুরের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও গুজব। এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচারের ঘটনায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পোস্টদাতা শাহ আলী তৌফিক রিপন মুঠোফোনে জানান, অন্য একটি ফেসবুক পোস্টের তথ্যের ভিত্তিতে তিনি ওই পোস্টটি করেছিলেন। সরেজমিনে তথ্য যাচাই না করে এমন পোস্ট করা তাঁর ঠিক হয়নি। পরবর্তী সময়ে তিনি একটি সংশোধিত পোস্টও দিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান, দেশে ফিরেছেন কুষ্টিয়ার ছাত্রদল নেতা মামুন
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ তাঁদের কাছে নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন