ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাজ্যে রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা গ্রেপ্তার


যুক্তরাজ্যে রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা গ্রেপ্তার

ব্রিটিশ সন্ত্রাস দমন পুলিশ রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন সদস্যকে গ্রেপ্তার করেছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ৪১ বছর বয়সী ওই সেনাকে মঙ্গলবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের গ্লুচেস্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম পুলিশিং বিভাগ জানিয়েছে, তাকে ‘জাতীয় নিরাপত্তা আইন ২০২৩’-এর ১ ও ৩ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এই আইনের আওতায় সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ করা এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই তদন্তের অংশ হিসেবে গ্লুচেস্টারশায়ারের দুটি ভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন।

অভিযুক্ত সেনা গ্লুচেস্টারশায়ারের ইনসওয়ার্থে অবস্থিত ‘ইমজিন ব্যারাক’-এ কর্মরত ছিলেন। এই ব্যারাকটি ন্যাটোর অ্যালাইড র‍্যাপিড রিঅ্যাকশন কর্পসের (এআরআরসি) সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়, যা ন্যাটোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত আভিযানিক ঘাঁটি। ব্রিটিশ সন্ত্রাস দমন পুলিশ জানিয়েছে, বর্তমান এই ঘটনা অন্য কোনো চলমান তদন্তের সঙ্গে যুক্ত নয়।

আরও পড়ুন: জমি বিরোধে ভাতিজার ঘুসিতে চাচার মৃত্যু, গ্রেফতার ৩

গ্রেপ্তার হওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনাকে বর্তমানে লন্ডনের একটি পুলিশ স্টেশনে আটক রাখা হয়েছে। ব্রিটিশ জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী, পুলিশ তাকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারবে।

ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, গুপ্তচরবৃত্তির এই অভিযোগ যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি সতর্ক করে বলেছেন, যারা দেশের প্রতি নিজেদের শপথ ভঙ্গ করে এবং জাতীয় নিরাপত্তা বিপন্ন করে, তাদের প্রতি এফবিআইয়ের বিন্দুমাত্র সহনশীলতা নেই।

অন্যদিকে, মার্কিন সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন বলেন, সংবেদনশীল দায়িত্বে থাকা একজন ঊর্ধ্বতন সেনার এমন কর্মকাণ্ড এটাই মনে করিয়ে দেয় যে অভ্যন্তরীণ হুমকি কতটা বাস্তব ও বিপজ্জনক। তিনি সবাইকে সন্দেহজনক কিছু দেখলে তা দ্রুত স্থানীয় কাউন্টার ইন্টেলিজেন্স অফিসে জানানোর আহ্বান জানিয়েছেন।

কাউন্টার টেররিজম পুলিশিং লন্ডনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিকি ইভান্স এই গ্রেপ্তারকে অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে জানান, অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং এ বিষয়ে তাদের তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: তৃতীয় টার্মিনাল: জাপানের শর্তে উদ্বিগ্ন নয় সরকার, জানিয়েছেন বিমানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আহতরা আবেদন করতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ এম


জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আহতরা আবেদন করতে পারবেন

সরকার জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে এখনও জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত না হওয়া ব্যক্তিদের জন্য আবেদন করার সুযোগ প্রদান করেছে। আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং আহত হওয়ার প্রমাণক জমা দিতে হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার (১০ নভেম্বর) এই বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যারা জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন অথবা বর্তমানে চিকিৎসাধীন আছেন, কিন্তু এখনও জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তারা আবেদন করতে পারবেন।

আহত ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে আবেদন জমা দিতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া আবেদনগুলো বিশেষ দূতের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জমা দেওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ৮৪২ জনের পাশাপাশি তিন ক্যাটাগরিতে মোট ১৪ হাজার ৩৬৮ জন আহত জুলাই যোদ্ধার নাম গেজেটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি ‘ক’-তে ৯৯০ জন, ‘খ’-তে ১ হাজার ৪১৪ জন এবং ‘গ’-তে ১১ হাজার ৯৬৪ জন অন্তর্ভুক্ত রয়েছেন।

এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে আহত ৯৩১ জনের আবেদন এখনও অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। গত অন্তর্বর্তীকালীন সরকারের শেষ কর্মদিবস ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নতুন শহিদ ও জুলাই যোদ্ধাদের অন্তর্ভুক্তির আবেদন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা প্রশাসকদের কাছে মন্ত্রণালয়ে না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। ফলে নতুন আবেদন গ্রহণ ও পাঠানোর কার্যক্রম বন্ধ ছিল।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আহত ব্যক্তিদের গেজেটভুক্তির আবেদন করার সুযোগ দিতে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যের সংঘাত ও অস্থিতিশীলতার পেছনে ইরান দায়ী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৯ এম


মধ্যপ্রাচ্যের সংঘাত ও অস্থিতিশীলতার পেছনে ইরান দায়ী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও অস্থিতিশীলতার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছেন। তিনি বলেন, এই অঞ্চলের প্রায় প্রতিটি সংঘাতের পেছনে ইরানি শাসকগোষ্ঠীর হাত রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও মন্তব্য করেন, ‘মধ্যপ্রাচ্যে যেসব অস্থিতিশীলতা ও সহিংসতা ছড়াতে দেখা যাচ্ছে, তার সবগুলোর পেছনে একটি সাধারণ যোগসূত্র রয়েছে, আর তা হলো ইরান।‘

রুবিও উদাহরণ দিয়ে বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরাকের শিয়া সশস্ত্র মিলিশিয়া, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং সিরিয়ার গৃহযুদ্ধ, এসব সংকটের সঙ্গে সরাসরি জড়িত ইরানি সরকার।

তিনি সতর্ক করে বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান সব অস্থিতিশীল কর্মকাণ্ডের পেছনে একটি সাধারণ পক্ষ সক্রিয় রয়েছে। সেটি আর কেউ নয়, ইরানি শাসকগোষ্ঠী। তারা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ভঙ্গের প্রধান উৎস।‘

রুবিও আরও জানান, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলো এখন বিষয়টি স্পষ্টভাবে উপলব্ধি করতে শুরু করেছে এবং ইরানের এই অস্থিতিশীল ভূমিকার বিষয়ে তারা সচেতন হচ্ছে।

সূত্র: ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্টনে আবাসিক হোটেলে সৌদিপ্রবাসী রাজু মিয়ার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৯ এম


পল্টনে আবাসিক হোটেলে সৌদিপ্রবাসী রাজু মিয়ার মৃত্যু

রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে রাজু মিয়া (৩২) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় রাজুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১০টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত রাজু মিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজারে। তিনি সৌদিপ্রবাসী হিসেবে পরিচিত। প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে আসেন। দুই থেকে তিন দিন আগে তিনি পল্টনের একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে সজিব নামে এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসেন।

এসআই রাকিবুল আরো জানান, রাজু মিয়ার মুখ ও শরীরে অ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে। তার শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অ্যালকোহল পান করেছিলেন।

ময়নাতদন্তের জন্য রাজু মিয়ার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া তার গ্রামের বাড়ি মৌলভীবাজারে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে এলে তাদের সঙ্গে কথা বলে আরো বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে হামলার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ এম


হরমুজে হামলার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

আগের দিন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তবে বুধবার (১১ নভেম্বর) জ্বালানি পণ্যের দাম আবার বৃদ্ধি পেয়েছে। ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশা থাকলেও, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অব্যাহত থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১টা ১৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ২০ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৫৩ সেন্ট হয়েছে।

নতুন তথ্য অনুযায়ী, গত অক্টোবরে হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে ৩৭টি জাহাজে হামলা হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এক মাসে জাহাজে হামলার এটিই সর্বোচ্চ সংখ্যা। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরেও এখন পর্যন্ত ১০টি হামলার ঘটনা ঘটেছে।

রয়টার্স রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও যাচাই করেছে। এসব ভিডিওতে ওমানের উপকূলের কাছে ন্যাভিগএইট কোম্পানির একটি তেলের ট্যাংকারে আগুন জ্বলতে দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, রবিবার হরমুজ প্রণালিতে ‘অনুমোদনহীন পথে’ চলাচলের অভিযোগে তিনটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ন্যাভিগএইটের ট্যাংকারটিও অন্তর্ভুক্ত ছিল।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) মঙ্গলবার জানায়, ওমানের লিমা এলাকার উত্তর-পূর্বে আরেকটি ট্যাংকারে হামলা হয়েছে। একই দিন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির ‘অনুমোদনহীন পথে’ চলার সময় সমুদ্রের মাইন বা বিস্ফোরক বস্তুর আঘাতে দুটি ট্যাংকারে আগুন ধরে যায়।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকেরা ১০ নভেম্বরের এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, কোনো চুক্তি হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে। এ ক্ষেত্রে সমুদ্রের মাইন অপসারণ, বিমার খরচ এবং ঝুঁকি নিয়ে জাহাজ চালাতে মালিকদের সম্মতি গুরুত্বপূর্ণ বিষয়।

বিশ্লেষকেরা আরও বলেন, প্রণালিতে জাহাজে হামলার ঘটনা এখনও কমেনি। এর আগে মঙ্গলবার লেনদেনের শুরুতে প্রতি ব্যারেল তেলের দাম ৩ ডলারের বেশি কমে যায়। ইরানে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মন্তব্যের পর বাজারে দাম কমেছিল। তবে পরে দাম আবার কিছুটা বেড়ে যায়। এদিকে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না।

বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে এ বৃদ্ধি ঘটে।

অন্যদিকে, রাশিয়ায় তেল পরিশোধনের সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমেছে। শিল্প খাতের সূত্রগুলো জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের নতুন করে চালানো ড্রোন হামলার কারণে দেশটির তেল পরিশোধন সক্ষমতা কমেছে। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%