ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

২২ বছর পর সিনেমার গানে পথিক নবী


২২ বছর পর সিনেমার গানে পথিক নবী

২২ বছরের দীর্ঘ বিরতি ভেঙে জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় ‘আমার কেন পাখির মতো মন’ গানটি গাওয়ার পর তার কণ্ঠের কোনও প্লেব্যাক চলচ্চিত্রে শোনা যায়নি।

জানা গেছে, সৈয়দ শমসের তারিফের ‘মাটি’ সিনেমার গান দিয়ে তিনি ফের চলচ্চিত্রের গানে ফিরলেন। তিনি ‘মাটির পুতুল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা ও সুর করেছে আবেগী জাকির এবং সংগীতায়োজন করেছেন জিমি শাহ। গত ২৭ জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে নির্মাতা সৈয়দ শমসের তারিফ বলেছেন, ‘মাটির পুতুল ফোক প্যাটার্নের একটি গান। ট্র‍্যাকটি যখন রেডি হয়, তখন আমাদের সবার কাছে মনে হয়, এই গানটি যদি পথে নবীকে দিয়ে গাওয়ানো হয়, তাহলে অনেক ভালো হবে। মনে হচ্ছিল, গানটি যেন তার জন্যই তৈরি হয়েছে। পরে যোগাযোগ করে মিউজিক ট্র‍্যাকটি তাকে পাঠানো হয়। তিনি সেটা শুনে খুবই পছন্দ করেন। গত ২৭ জুলাই গানটি রেকর্ডিং হয়েছে এবং তিনি অসাধারণ গেয়েছেন। আশা করছি, আমাদের দর্শকদেরও গানটি ভালো লাগবে।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

দীর্ঘ সময় পর সিনেমার গানে ফেরাতে উচ্ছ্বসিত পথিক নবীও। তিনি জানিয়েছেন, ভালো কথা ও সুরের গান পেলে ভবিষ্যতে নিয়মিত প্লেব্যাকে কণ্ঠ দেওয়ার আগ্রহ রয়েছে।

অন্যদিকে, ‘মাটি’ সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফাহ নানজিবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম, আশিক সরকারসহ আরও অনেকে।

নির্মাতা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন মিফতাহ্ সিদ্দিকী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন মিফতাহ্ সিদ্দিকী

পানির সরবরাহ- ২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত রবিবার তাকে যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ থাকছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী, মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।

মিফতাহ্ সিদ্দিকী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছেন। বুধবার সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আমার ওপর দেওয়া দায়িত্ব আমি সঠিকভাবে পালনের চেষ্টা করব।’

তিনি আরও বলেছেন, সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে সুপেয় ও খাবার পানির তীব্র সংকট বিদ্যমান। সেবার মান বৃদ্ধি, সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে তিনি এই পদে মনোনীত হয়েছেন।

যদিও সিলেট ওয়াসা বোর্ড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে, তবুও এখনও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজুড়ে দিনে জ্বালানি তেলের সরবরাহ কমবে ৪৩ লাখ ব্যারেল, সতর্ক করল আইইএ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


বিশ্বজুড়ে দিনে জ্বালানি তেলের সরবরাহ কমবে ৪৩ লাখ ব্যারেল, সতর্ক করল আইইএ

চলমান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলে বাধার কারণে চলতি বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করেছে।

সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক তেল সরবরাহ দৈনিক ৪৩ লাখ ব্যারেল (বিপিডি) কমতে পারে, যা মোট সরবরাহের প্রায় ৪ শতাংশ।

আইইএ মাসিক তেলবাজার প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে যে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং বাব আল-মান্দাব প্রণালিতে নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে এখনও কোনও কার্যকর সমঝোতা হয়নি। ফলে বছরের বাকি সময়ের জন্য বৈশ্বিক তেল সরবরাহের পূর্বাভাস আরও কমিয়ে দিয়েছে।

আইইএ বলেছে, “হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং বাব আল-মান্দাব প্রণালিতে নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেওয়ার বিষয়ে এখনও কোনও চুক্তি না হওয়ায় বছরের বাকি সময়ের সরবরাহের পূর্বাভাস আমরা আবারও কমিয়েছি।”

নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বে দৈনিক মোট তেল সরবরাহ নেমে আসতে পারে ১০ কোটি ২০ লাখ ২০ হাজার ব্যারেলে। এটি চলতি বছরের জন্য আইইএর দেওয়া রিপোর্ট লেখা পর্যন্ত সর্বনিম্ন সরবরাহ পূর্বাভাস।

এর আগে জুলাই মাসের প্রতিবেদনে আইইএ জানিয়েছিল, চলতি বছর বিশ্বব্যাপী তেল সরবরাহ দৈনিক ৩৭ লাখ ব্যারেল কমতে পারে। নতুন পূর্বাভাসে সেই ঘাটতির পরিমাণ আরও ৬ লাখ ব্যারেল বাড়ানো হয়েছে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে সংস্থাটির উদ্বেগ আরও গভীর হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এর প্রভাব আন্তর্জাতিক তেলবাজারে পড়ছে। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য এই জলপথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পরিবহন করা হয়। একই সঙ্গে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দাবেও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

আইইএ’র পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক তেলবাজারে সরবরাহ ঘাটতি আরও বাড়তে পারে। যুদ্ধ ও পরিবহনপথে বাধার কারণে উৎপাদন ও রফতানি ব্যাহত হওয়ার পাশাপাশি তেল পরিবহনের সময় ও ব্যয়ও বাড়ছে। এর ফলে সরবরাহ সংকটের চাপ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

নতুন পূর্বাভাসটি এমন সময়ে এলো, যখন আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও চাহিদার ভারসাম্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ ও বাব আল-মান্দাব প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত তেলবাজারের অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দুই নৌপথে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে শুধুমাত্র তেলের দাম নয়, পরিবহন ব্যয়, জ্বালানি মূল্য এবং বৈশ্বিক মূল্যস্ফীতিতেও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেল আমদানিনির্ভর দেশগুলোতে পরিস্থিতির চাপ তুলনামূলক বেশি অনুভূত হতে পারে।

সব মিলিয়ে, চলমান যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে সরবরাহ সংকটের ঝুঁকি আরও বাড়ছে। আইইএ’র সর্বশেষ পূর্বাভাস সেই ঝুঁকিরই নতুন মাত্রা তুলে ধরেছে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

চট্টগ্রামের হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলার সংক্রান্তে ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের (২৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) শুনানি শেষে, আদালত চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের পরিচালনায় এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মীয়মাণ ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এই রিমান্ড চাওয়া হয়।

উল্লেখ্য, গত জুলাই মাসে বড়দিঘির পাড় এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মীয়মাণ ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তাকে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। হামলা ও বিস্ফোরণের ঘটনায় তিনি হাটহাজারী থানায় মামলা করেন।

আদালত সূত্রে জানা যায়, আজ সকালে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয় ইমনকে। আদালত প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে ২৯ জুলাই যশোরের কোতোয়ালি এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অন্তত ১৫টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পরদিন ইমনকে আদালতে হাজির করা হয়। ওই দিন তাকে ফটিকছড়ি থানার একটি হত্যা ও একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে, তাকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হাজতি আসামি খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন। এদিন জামিন শুনানিতে সালমান শাহর মামা এবং মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের স্ক্রিনশট প্রদর্শন করেন। তিনি সালমান শাহর ভাই শাহরানকে হত্যার হুমকির অভিযোগ আনেন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে।

আদালত থেকে বের হয়ে আলমগীর কুমকুম সাংবাদিকদের সামনে ওই স্ক্রিনশটটি প্রদর্শন করেন। তার দাবি, ‘মামুন’ নামে এক সালমান ভক্তের ফেসবুক লাইভে ‘সাকিল কিবরিয়া’ নামের একটি আইডি থেকে শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

স্ক্রিনশটে লেখা রয়েছে, ‘মামুন নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব।’

আলমগীর কুমকুম এ বিষয়ে জানান, তারা রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যাচ্ছেন। কারণ, সালমান শাহ হত্যা মামলাটিও রমনা থানায় দায়ের করা হয়েছে।

এ সময় আদালতে উপস্থিত সালমান ভক্ত মামুন সাংবাদিকদের জানান, সালমান ভক্তদের নিয়ে মানববন্ধনের আহ্বান জানাতে ফেসবুক লাইভ করছিলেন তিনি। এ সময় লাইভের কমেন্টে ওই হুমকি দেওয়া হয়। পরে স্ক্রিনশট নেওয়ার সময় কমেন্টটি মুছে ফেলা হয়।

তিনি আরও বলেন, সালমান ভক্তরা ৩৯ বছর ধরে দাবি করে আসছেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে। ডনকে গ্রেপ্তারের পর এমন হুমকি আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি মামলার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন মঞ্জুরের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

জামিন আবেদনে আসামিপক্ষ দাবি করে, ডনের বিরুদ্ধে এজাহার ও গ্রেপ্তারি পরোয়ানায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামিপক্ষ হিসেবে তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত নন বলেও আবেদনটি উল্লেখ করা হয়।

জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে আশরাফুল হক ডনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল। সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে সিআইডি তাকে হেফাজতে নেয়।

চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। প্রথমে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরবর্তীতে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। দীর্ঘ সময়ে মামলাটির তদন্তে একাধিক ব্যক্তির নাম উঠে আসে।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%