০৯:০৩ এম
ময়মনসিংহ নগরের একটি ছোট্ট মেয়ের সামনে এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান (৩৫) প্রাণ হারিয়েছেন।
এই ঘটনা ঘটে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে।
স্বজনদের তথ্য অনুযায়ী, সুরুজ জামান রোববার সন্ধ্যায় তার চার বছরের মেয়ে আদিবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বের হন। তিনি মেয়ের জন্য জুতা কিনে বাড়িতে ফিরছিলেন। যখন তিনি মজিদ মার্কেট সংলগ্ন সড়কের মোড়ে পৌঁছান, প্রতিবেশী মেহেদীসহ কয়েকজন তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: একাধিক কাজী নিয়োগের খসড়া বাতিলের দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোমান কাউসার বলেন, ‘যারা মারছে তারা আওয়ামী লীগ-যুবলীগ করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তারা বালুর ব্যবসা করতো। বিএনপি ক্ষমতায় আসার পর এখন আমার ভাই বালু ব্যবসা করে দেখে প্রতিহিংসায় ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।’
নিহতের স্ত্রী আঁখি আক্তার আহাজারি করতে করতে বলেন, "আমার জন্য জুতা কিনে এনেছিল আমার স্বামী। তা দেখে মেয়ে তাকেও জুতা কেনার বায়না করে। মেয়েকে জুতা কিনে দেয়ার জন্য মোটরসাইকেলে বের হয়। ফিরে আসার সময় আমার মেয়ের সামনেই আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।"
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান জানান, নিহত জামান ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: অন্যায়ের প্রতিবাদে বিএনপির রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রোমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন