০৩:১১ পি.এম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলমের সব বন্ধ কারখানা পুনরায় চালু করার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার সকাল ১০টায় উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। কয়েক শতাধিক শ্রমিক মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হন।
বিক্ষোভের সময় শ্রমিকেরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগানসহ প্ল্যাকার্ড বহন করেন। শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন। এস আলমের চাকরিচ্যুত শ্রমিকদের এই বিক্ষোভ মিছিলের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।
সূত্রে জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপুল এলাকায় এস আলম সিমেন্ট, এস আলম ইস্পাত, এস আলম সয়াবিন, এস আলম সুগারসহ দশটিরও অধিক কারখানা অবস্থিত। এসব কারখানায় কয়েক হাজার শ্রমিক নিয়োজিত ছিলেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর একে একে বন্ধ হয়ে যায় এস আলমের এসব কারখানা। সর্বশেষ বন্ধ ঘোষণা করা হয় এস আলম সুগার মিল।
আরও পড়ুন: পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, একজন আহত
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানিয়েছেন, এস আলমের কারখানা পুনরায় চালু করার দাবি নিয়ে শ্রমিকেরা মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সতর্ক অবস্থায় ছিল। তবে শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের অশান্তি হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন