ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

পিচ্চি রাজাকে পালাতে সহায়তা: দুই পুলিশসহ তিনজনের ৪ দিনের রিমান্ড


পিচ্চি রাজাকে পালাতে সহায়তা: দুই পুলিশসহ তিনজনের ৪ দিনের রিমান্ড

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যান থেকে শীর্ষ মাদক কারবারি ও ২৫ মামলার আসামি রাজা, যিনি ‘পিচ্চি রাজা’ নামে পরিচিত, পালাতে সহায়তা করার অভিযোগে গ্রেফতার হওয়া দুই পুলিশ সদস্যসহ তিন আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) গাজীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ শুনানি শেষে এই রিমান্ড আদেশ প্রদান করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, গাজীপুর পুলিশের স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার, প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পলাতক পিচ্চি রাজার বোন তাসলিমা।

আরও পড়ুন: রয়েছে সব আয়োজন, তবুও অচল ঝিনাইদহের ৪ মা ও শিশু কল্যাণ কেন্দ্র

এ বিষয়ে নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। গতকাল সোমবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের ঢাকার আদালতে হাজিরা শেষে ফিরিয়ে নেওয়ার পথে পিচ্চি রাজা কৌশলে পালিয়ে যান। প্রাথমিক এজাহারে বাইমাইল এলাকায় টয়লেট করানোর কথা বলে আসামির পালানোর ঘটনা উল্লেখ করা হলেও, পুলিশের তদন্তে ভিন্ন তথ্য উঠে আসে। তদন্তে জানা যায়, ঢাকার তাঁতীবাজার এলাকায় এসআই প্রবীর কুমার নিজে প্রিজন ভ্যানের তালা খুলে পিচ্চি রাজাকে একটি অপেক্ষমাণ প্রাইভেটকারে তুলে দেন এবং পরবর্তীতে বাইমাইল এলাকায় আসামির পালিয়ে যাওয়ার অসত্য ঘটনা সাজান।

চাঞ্চল্যকর এই ঘটনার সত্যতা পাওয়ার পর দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই প্রবীর কুমার ও চালক কামাল হোসেনসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার নেপথ্যে অন্য কারও সংশ্রব আছে কি না এবং পলাতক পিচ্চি রাজাকে গ্রেফতারে তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ডিএনএ পরীক্ষায় উখিয়ার অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মুক্তা এখনও নিখোঁজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় হত্যা, সাড়ে তিন কিমি দূরে কিশোরের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


ঢাকায় হত্যা, সাড়ে তিন কিমি দূরে কিশোরের মরদেহ উদ্ধার

নীলফামারীর ডিমলায় পুলিশ রাকিব ইসলাম (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামের একটি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রাকিব ইসলাম টাঙ্গাইলের গোপালপুর দক্ষিণপাড়া এলাকার খাদেমুল ইসলামের ছেলে।

পুলিশের সূত্রে জানা যায় যে, প্রায় এক মাস আগে ঢাকায় রাকিবের সঙ্গে ডিমলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামের মামুনের পরিচয় ঘটে। পরে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে মামুন রাকিবকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে মামুন কার্টনে মুড়িয়ে তা তার গ্রামের বাড়ি ডিমলার বালাপাড়া গ্রামে নিয়ে আসেন। সেখানে মরদেহ মাটিতে চাপা দিয়ে আবার ঢাকায় ফিরে যান। পরে রাকিবকে আটকে রাখার কথা বলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও তৈরি করে পরিবারের কাছে পাঠানো হয় এবং মুক্তিপণ দাবি করে টাকা নেওয়া হয়।

রাকিবকে পরিবারের কাছে ফিরিয়ে না দেওয়ায় তার স্বজনেরা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। পরে ঢাকার শুক্রাবাদ এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে মামুন রাকিবকে হত্যা ও ডিমলায় মরদেহ মাটিতে চাপা দেওয়ার কথা জানান। পরে ঢাকার পুলিশের একটি দল ডিমলায় এসে মামুনের দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে রাকিবের মরদেহ উদ্ধার করে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, "মামুন রাকিবকে হত্যার পর কার্টনে মুড়িয়ে মরদেহ গুম করার উদ্দেশ্যে গ্রামের বাড়িতে নিয়ে এসে মাটির নিচে পুঁতে রাখেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ডিমলায় এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর মুক্তি পেলেন নুরুল আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর মুক্তি পেলেন নুরুল আমিন

আলোচিত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন টঙ্গীর শ্রমিক নেতা নুরুল আমিন। তিনি টঙ্গী থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং টঙ্গী ন্যাশনাল ফ্যান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। মুক্তির সময় কারাগারের মূল ফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার স্বজন ও সমর্থকরা।

কারামুক্তির পর নুরুল আমিন প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে তাকে আসামি করা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে নির্যাতন চালানো হয়েছে বিগত সরকারের দ্বারা। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেন আর কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

পরিবারের স্বজনরা জানান, জেল কোডের ৫৬৯ ধারার বিধান অনুযায়ী ২২ বছর কারাভোগের পর তার মুক্তির আবেদন করা হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সার্বিক যাচাই-বাছাই শেষে তার মুক্তির বিষয়টি অনুমোদন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দৃশ্যম ৩’ সিনেমার রেকর্ড ভেঙে ২৭২ কোটি রুপি আয়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


‘দৃশ্যম ৩’ সিনেমার রেকর্ড ভেঙে ২৭২ কোটি রুপি আয়

অজয় দেবগণের ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকদের আগ্রহ সবসময়ই উচ্চমানের। রহস্য, সাসপেন্স এবং বুদ্ধির লড়াইয়ে ভরপুর এই সিরিজের নতুন কিস্তি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। মুক্তির পর ছবিটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে জানানো হয়েছে। ভারতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রথম সপ্তাহান্তে এর আয় ২৭২ কোটি রুপি ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিষেক পাঠক পরিচালিত এই সিনেমায় অজয় দেবগণ আবারও বিজয় সালগাঁওকরের চরিত্রে ফিরে এসেছেন। তার সঙ্গে রয়েছেন টাবু, জয়দীপ আহলাওয়াত, অক্ষয় খান্না, প্রকাশ রাজ এবং রজত কাপুরের মতো তারকারা। আগের দুই কিস্তির রহস্যময় আবহ বজায় রেখে নতুন গল্পে ছবিটি হাজির হয়েছে। তবে এবার গল্পের মোড় এবং পরিণতি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেশি।

ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে অজয় দেবগণের সংযত অথচ প্রভাবশালী অভিনয়ের প্রসঙ্গ। বিজয় সালগাঁওকরের চরিত্রে তার অভিব্যক্তি, চোখের ভাষা এবং পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল দর্শকদের আকৃষ্ট করেছে। বিশেষ করে জয়দীপ আহলাওয়াতের সঙ্গে তার মনস্তাত্ত্বিক লড়াই এবং ছবির শেষ অংশ নিয়ে আলোচনা চলছে।

কিছু দর্শকের মতে, শুরুর দিকে গল্পের গতি কিছুটা ধীর মনে হলেও, রহস্যের জট খোলা এবং শেষ মুহূর্তের চমক ছবিটির অন্যতম আকর্ষণ বলে উল্লেখ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি নিয়ে আলোচনা চলছে।

বক্স অফিসে বড় অঙ্কের আয়ের দাবি

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিন শেষে ভারতে ছবিটির মোট ‘নেট’ আয় ১৯৭.৫০ কোটি রুপি এবং ‘গ্রস’ আয় ২৩৭ কোটি রুপি দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারসহ বিশ্বব্যাপী মোট ‘গ্রস’ আয় ৩০৩ কোটি রুপি হয়েছে।

এই আয় দিয়ে ‘দৃশ্যম ৩’ ২০২৬ সালের সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তালিকার শীর্ষে রয়েছে ‘ধুরন্ধর ২’ (ওপেনিং উইকেন্ডে ২৮৩.০৪ কোটি)। অন্যদিকে ‘ওয়ার’ (১৬৬ কোটি রুপি), ‘বর্ডার ২’ (১২৯.৮৯ কোটি রুপি) এবং ‘টক্সিক’ (পাঁচ দিনের উইকেন্ডে ১২৪.৫০ কোটি রুপি) এর মতো সিনেমাকেও পেছনে ফেলার দাবি করা হচ্ছে। পাশাপাশি ‘মির্জাপুর দ্য মুভি’ (উদ্বোধনী সপ্তাহান্তে ৯৭.৬৯ কোটি), ‘আওয়ারাপান ২’ (প্রথম সপ্তাহান্তে ৮৪.৩১ কোটি), ‘ধামাল ৪’ (৬৭.২১ কোটি), ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (৬৫.৮৩ কোটি), ‘ভূত বাংলা’ (৬৫.৬৫ কোটি) এবং ‘ককটেল ২’ (৫০.১০ কোটি) এর উদ্বোধনী সপ্তাহান্তের আয়ের হিসাবও আলোচনায় এসেছে।

রহস্য এবং চিত্রনাট্যই কি সাফল্যের চাবিকাঠি? ‘দৃশ্যম’ সিরিজের জনপ্রিয়তার অন্যতম কারণ এর গল্প বলার ধরন। সাধারণ একটি পরিবারকে ঘিরে তৈরি হওয়া জটিল পরিস্থিতি, পুলিশের তদন্ত এবং প্রতিটি পদক্ষেপে নতুন রহস্য—সব মিলিয়ে দর্শকদের শেষ পর্যন্ত গল্পের সঙ্গে আটকে রাখে এই ফ্র্যাঞ্চাইজি। নতুন কিস্তিতেও সেই রহস্যময় আবহ, চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং চমকে ভরা পরিণতি দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ক্ষোভ ঝিনাইদহে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ক্ষোভ ঝিনাইদহে

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা পরানোর অভিযোগ উঠেছে, যা অবমাননার ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অবস্থার ছবি ছড়িয়ে পড়লে, জেলাজুড়ে তীব্র আলোচনা, সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে লোক পাঠিয়ে জুতার মালাটি সরিয়ে ফেলা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সাদা রঙের অর্ধনির্মিত ভাস্কর্যটির মাথার অংশে রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া জুতার মালায় ৫টি জুতা বা স্যান্ডেল ছিল। খবরটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

ঘটনার বিবরণ দিয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান মন্তব্য করেন, ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি মুছে ফেলার গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে এটি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি শারমিন সুলতানা ঘটনাটিকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটির আহ্বায়ক কামালুজ্জামান কামাল জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবরে তারা তাৎক্ষণিকভাবে লোক পাঠিয়ে জুতার মালাটি অপসারণ করেন। এ ঘটনাকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের চরম অবমাননা হিসেবে উল্লেখ করে তিনি বিচার দাবি করেন।

ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, ‘পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা কঠোর অবস্থানে আছি।’

ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা; ভাস্কর্যস্থলে নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কোনো দক্ষ ও ভালো স্থপতির মাধ্যমে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি সঠিক অবয়বে পুনর্নির্মাণ।

বর্তমানে ঝিনাইদহ সদর থানা পুলিশ ও জেলা প্রশাসন ঘটনাটির তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%