০৮:১৯ পি.এম
নীলফামারীর ডিমলায় পুলিশ রাকিব ইসলাম (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামের একটি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রাকিব ইসলাম টাঙ্গাইলের গোপালপুর দক্ষিণপাড়া এলাকার খাদেমুল ইসলামের ছেলে।
পুলিশের সূত্রে জানা যায় যে, প্রায় এক মাস আগে ঢাকায় রাকিবের সঙ্গে ডিমলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামের মামুনের পরিচয় ঘটে। পরে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে মামুন রাকিবকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে মামুন কার্টনে মুড়িয়ে তা তার গ্রামের বাড়ি ডিমলার বালাপাড়া গ্রামে নিয়ে আসেন। সেখানে মরদেহ মাটিতে চাপা দিয়ে আবার ঢাকায় ফিরে যান। পরে রাকিবকে আটকে রাখার কথা বলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও তৈরি করে পরিবারের কাছে পাঠানো হয় এবং মুক্তিপণ দাবি করে টাকা নেওয়া হয়।
রাকিবকে পরিবারের কাছে ফিরিয়ে না দেওয়ায় তার স্বজনেরা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। পরে ঢাকার শুক্রাবাদ এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে মামুন রাকিবকে হত্যা ও ডিমলায় মরদেহ মাটিতে চাপা দেওয়ার কথা জানান। পরে ঢাকার পুলিশের একটি দল ডিমলায় এসে মামুনের দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে রাকিবের মরদেহ উদ্ধার করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, "মামুন রাকিবকে হত্যার পর কার্টনে মুড়িয়ে মরদেহ গুম করার উদ্দেশ্যে গ্রামের বাড়িতে নিয়ে এসে মাটির নিচে পুঁতে রাখেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ডিমলায় এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।"
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন