০৭:৩৬ পি.এম
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মন্তব্য করেছেন যে, রেল খাতে যারা দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন এবং বছরের পর বছর লোকসানী প্রতিষ্ঠানে পরিণত করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। নতুন বাংলাদেশে দুর্নীতির সঙ্গে কোনো আপস গ্রহণযোগ্য হবে না।
বুধবার চট্টগ্রামের সিআরবি চত্বরে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল)-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘যেখানেই রেল, সেখানেই বিআরইএল’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিআরইএল চট্টগ্রাম অঞ্চল এই সমাবেশের আয়োজন করে।
বিআরইএলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চল সভাপতি মো. মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চলের সেক্রেটারি মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী।
আরও পড়ুন: কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: ডা. শফিকুর রহমান
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বাংলাদেশ রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বিআরইএল একটি আদর্শিক, জবাবদিহিমূলক, গঠনমূলক ও কল্যাণমূলক সংগঠন হিসেবে কাজ করছে। সংগঠনটির কল্যাণমূলক কার্যক্রম শুধু শ্রমিকদের জন্য নয়, বরং আপামর মুক্তিকামী মানুষের জন্য। রেল খাতের উন্নয়ন, জনসাধারণের সেবা নিশ্চিত করা এবং রেলকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই সংগঠনটির লক্ষ্য।
তিনি আরও বলেন, দেশে সরকার আসে, সরকার যায়; কিন্তু রেলের ভাগ্যের পরিবর্তন হয় না। সাধারণ মানুষ রেল থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে না। বছরের পর বছর রেল অলাভজনক অবস্থায় পড়ে আছে। একইভাবে পরিবর্তন হয়নি রেলশ্রমিকদের ভাগ্যেরও। ফ্যাসিবাদী আমলে একজন রেলমন্ত্রী কালো বিড়াল ধরার কথা বলে নিজেই কালো বিড়ালের তালিকায় নাম উঠিয়েছিলেন এবং শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন।
রেল খাতের দুর্নীতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যারা রেলকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সরকারের একজন মন্ত্রীর ঠিকাদারের দেওয়া ‘উপহারের টাকা’ নেওয়ার বৈধতা নিয়ে বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য দুর্নীতিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা। নতুন বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে আতিকুর রহমান বলেন, সরকারের মধ্যে জবাবদিহি থাকলে সংশ্লিষ্ট মন্ত্রীকে আইনের আওতায় আনতে হবে। জনগণের করের টাকায় উন্নয়নকাজের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
আরও পড়ুন: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে দুই বিদেশি নারীকে ধর্ষণের অভিযোগে বিচার শুরু
তিনি আরও বলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ফ্যাসিবাদী আমলের দলবাজি ও অনিয়মের সংস্কৃতি চলতে দেওয়া যাবে না। রেলওয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দলবাজির পরিণতি কী হতে পারে, তা অতীত থেকে শিক্ষা নিতে হবে। রেলওয়েকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বিআরইএল কেন্দ্রীয় সভাপতি আক্তারুজ্জামান, পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী, বিআরইএলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবিএম এহতেশাম উদ্দিন এবং কেন্দ্রীয় সহসভাপতি ওমর ফারুক।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুল আলম, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের ইলিয়াস হোসাইন, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের কামরুল হুদা এবং ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের তৌসিফ সুলতান রফি। অনুষ্ঠানে বিআরইএলের কেন্দ্রীয় ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং রেলওয়ের আবাসন ব্যবস্থার আধুনিকায়নের দাবি জানান। তাঁরা রেলওয়ের বাসাবাড়ির অবৈধ দখলদার উচ্ছেদ, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং স্থান ও আয়তনভিত্তিক বাসাভাড়া নির্ধারণের আহ্বান জানান।
আরও পড়ুন: ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে জামায়াত আমিরের শতভাগ একমত
এ ছাড়া নিয়োগবিধি সংশোধন করে দ্রুত জনবল নিয়োগ, পদোন্নতি নিশ্চিত করা এবং রেলওয়ের সব পর্যায়ে দুর্নীতি বন্ধের দাবি জানান বক্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন