ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকখাত সংস্কারের চার বছরের পরিকল্পনা


বাংলাদেশ ব্যাংকের ব্যাংকখাত সংস্কারের চার বছরের পরিকল্পনা

বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন ও জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় একটি সমন্বিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এই কার্যক্রমের আওতায় সমস্যাগ্রস্ত ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই, জরুরি তারল্য সহায়তা, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আগামী চার বছরের মধ্যে এসব সংস্কার পর্যায়ক্রমে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাত নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের প্রেক্ষিতে জনসাধারণকে আশ্বস্ত করার উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ব্যাংকিং খাতের বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে তা ধাপে ধাপে দূর করা এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলাই সংস্কার কার্যক্রমের প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

আরও পড়ুন: রফতানি আয় বেসিক পোশাকেই সীমাবদ্ধ, কমছে উচ্চমূল্যের পণ্যের অংশ

সংস্কার কার্যক্রমের প্রথম ধাপে ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ ও সম্পদের গুণগত মান যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, একিউআরের কারণে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের প্রতিফলন নয়। বরং এটি দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিয়ম ও দুর্বলতার প্রকৃত চিত্র। কেন্দ্রীয় ব্যাংক এসব দুর্বলতা চিহ্নিত করাকে টেকসই সংস্কারের অপরিহার্য পূর্বশর্ত হিসেবে বিবেচনা করছে। চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে বলে সংস্থাটি আশাবাদী।

দ্বিতীয় ধাপে সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তারল্য সহায়তা ও গ্যারান্টি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এসব ব্যাংকে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়মের পুনরাবৃত্তি রোধ এবং আমানতকারীদের আস্থা বাড়ানোই এসব পদক্ষেপের উদ্দেশ্য।

আরও পড়ুন: পাকিস্তান হতে যাচ্ছে নিত্যপণ্য আমদানির নতুন উৎস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নসিব’ সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং বগুড়ায় চলছিল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


‘নসিব’ সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং বগুড়ায় চলছিল

‘নসিব’ সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং বগুড়ায় চলছিল। এর মধ্যেই একটি শোকাবহ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ নভেম্বর) শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা সোহেল খান, হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

সিনেমাটিতে প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করছেন বলিউডের অভিনেতা মুকেশ ঋষি। চলতি মাসেই ছবির শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসেন তিনি।

এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে বলেন, “আমার নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করছেন মুকেশ ঋষি। সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।”

‘প্রিয়তমা’ সিনেমার প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, মুকেশ ঋষি ‘নসিব’-এর শুটিংয়ে অংশ নিতেই বাংলাদেশে এসেছেন। তিনি প্রায় এক সপ্তাহ দেশে অবস্থান করবেন এবং এই সময় সিনেমাটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, বর্তমানে বগুড়ায় সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং চলছে। প্রথম ধাপের শুটিং ইতোমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে দ্বিতীয় ধাপের কাজ, যেখানে যুক্ত হয়েছেন বলিউডের এই পরিচিত অভিনেতা।

জানা যায়, সিনেমাটিতে অভিনয় করছেন বাপ্পা রাজ, সোহেল খান, মুকেশ ঋষি এবং মুকির জাকারিয়াসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ভূমিকম্প মনে হয়েছিল, বের হয়ে দেখি বুলডোজারে ভাঙছে ৪০ বছরের ভিটা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


‘ভূমিকম্প মনে হয়েছিল, বের হয়ে দেখি বুলডোজারে ভাঙছে ৪০ বছরের ভিটা’

‘হঠাৎ দেখি সব কাঁপছে। মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে। কিন্তু দৌড়ে বাইরে গিয়ে দেখি আমার ৪০ বছরের বসতভিটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে দখলদাররা। মাত্র এক ঘণ্টার তাণ্ডবে চোখের সামনেই আমার বসতভিটা ও সাজানো সংসার ধূলিসাৎ হয়ে যায়।’ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন ভুক্তভোগী সুলতানা বেগম।

এর আগে ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার স্বপ্ন বাজারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিদ্ধিরগঞ্জে একটি জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধে আদালতে মামলা চলমান অবস্থায় গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে। এ অবস্থায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নীচে অবস্থান করছেন নিঃস্ব হয়ে যাওয়া ওই পরিবারটির সদস্যরা।

প্রায় ১০ কোটি টাকা মূল্যের সাড়ে ১২ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে চালানো এই তাণ্ডবে কমপক্ষে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

খবর পেয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয় ভুক্তভোগী পরিবারটিকে।

পরিবার সূত্র জানায়, একটি এক তলা ভবন ও ৮-১০টি টিনসেড ঘর ভেঙে ফেলা হয়েছে। এ অবস্থায় পরিবারটির প্রায় ১৫-২০ জন সদস্য খোলা আকাশের নীচে রাস্তায় অবস্থান করছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সুলতানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রাতে নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখি সব কাঁপছে। মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে। দৌড়ে বাড়ি থেকে বাইরে গিয়ে দেখি আমার ৪০ বছরের বসতভিটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে দখলদাররা। ভোর ৪টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ২ ঘণ্টার মধ্যে আমার সমস্ত বাড়ি ভেঙে শেষ করে দিয়েছে। এখন আমি থাকব কোথায়?’

তিনি আরও বলেন, ‘এই বাড়ি আমার নানির বাড়ির সম্পত্তি ছিল, পাশে আমরা আরও কিছু জমি কিনেছি। আমার স্বামী সন্দ্বীপ থানার সাধারণ সম্পাদক ছিলেন। আজ আমার বাড়িঘর ভেঙে আমাকে পথে বসানো হলো, আমি এর সুষ্ঠু বিচার চাই।’

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, হিরাঝিল এলাকার ওই সাড়ে ১২ শতাংশ জমি (পৈতৃক ও ক্রয়কৃত) নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ বিষয়ে আদালতে একটি দেওয়ানি মামলাও চলমান। এর আগেও একাধিকবার সিদ্ধিরগঞ্জ থানায় সালিশ বৈঠক হলে আদালতের মাধ্যমে সমাধানের পরামর্শ দেয়া হয়।

পরিবারটির অভিযোগ, স্থানীয় প্রভাবশালী পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহিন আলম (স্বর্ণকার), সবুজ, সজিব ও জসিমসহ ১৫০ থেকে ২০০ জনের একদল ভূমিদস্য দীর্ঘদিন ধরে জমিটি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে।

সুলতানা বেগমের ভাই গোলাম মোস্তফা জানান, গত ৫ নভেম্বর রাত ১১টার দিকেও অভিযুক্তদের নেতৃত্বে একই ব্যক্তিরা ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ভাঙতে আসে। সে সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ৭ নভেম্বর পুনরায় হামলা করার হুমকি দেয়। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় পড়ে সুলতানা বেগম গত ৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় এবং ৭ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বরাবর ১৫০-২০০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা রেলপথ অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা রেলপথ অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল ব্যাহত

স্থানীয় বাসিন্দারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে নতুন প্রস্তাবিত উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এই অবরোধ সংঘটিত হয়। এর ফলে এক ঘণ্টা সময় ধরে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে।

তথ্য অনুসন্ধান করে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামটি আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এই ইউনিয়নকে উপজেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাছিহাতা এবং সদর উপজেলার তিনটি ইউনিয়নকে বরিশলে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশের নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। পরে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করেন। এর ফলে সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পাঘাচং রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার বলেন, "সদর উপজেলা থেকে মাছিহাতা ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু আমরা এটি কোনোভাবেই মানব না। কোনো অবস্থাতেই আমরা বরিশলে যুক্ত হব না। আমাদের দাবি মানা না হলে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে।"

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসার ঠেকাতে পরীক্ষামূলক টিকা, সাড়া ৯৯ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


ক্যানসার ঠেকাতে পরীক্ষামূলক টিকা, সাড়া ৯৯ শতাংশ

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে পরীক্ষামূলক একটি টিকা। ক্যামুপেপিমিউট নামের এই টিকা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। সাম্প্রতিক একটি ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, টিকাটি গ্রহণকারী রোগীদের মধ্যে প্রায় ৯৯ শতাংশের শরীরে ক্যানসারের সঙ্গে সংশ্লিষ্ট জিনগত পরিবর্তনের বিরুদ্ধে শক্তিশালী রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তবে, টিকাটি রোগীদের বেঁচে থাকার সময় উল্লেখযোগ্যভাবে বাড়াতে পেরেছে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। গবেষকদের মতে, ক্যানসার ফিরে আসার ঝুঁকি কমাতে এবং ভবিষ্যতে আরও কার্যকর চিকিৎসা উদ্ভাবনে টিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নেচার মেডিসিন সাময়িকীতে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের গবেষকরা।

গবেষকদের তৈরি টিকাটি কেআরএএস জিনের সাত ধরনের মিউটেশন বা জিনগত পরিবর্তন শনাক্ত করতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রস্তুত করে। অগ্ন্যাশয়ের ডাক্টাল অ্যাডেনোকার্সিনোমা নামের ক্যানসারের প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে এই জিনের পরিবর্তন পাওয়া যায়। এসব পরিবর্তন ক্যানসার কোষের বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে।

টিকাটির বিশেষত্ব হলো, এটি সরাসরি লিম্ফ নোড বা লসিকাগ্রন্থিতে পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছে। শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হওয়ার ক্ষেত্রে লসিকাগ্রন্থি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টিকার কার্যকর উপাদানগুলো একটি চর্বিজাতীয় অণুর সঙ্গে যুক্ত করা হয়েছে। এই অণু রক্তের অ্যালবুমিন নামের প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে উপাদানগুলোকে লসিকাগ্রন্থিতে পৌঁছে দিতে সহায়তা করে।

১৪৪ রোগীর ওপর পরীক্ষা

গবেষণাটির দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেন কেআরএএস জিনে মিউটেশন থাকা ১৪৪ জন অগ্ন্যাশয়ের ক্যানসার রোগী। অস্ত্রোপচার ও কেমোথেরাপি নেওয়ার পর তাঁদের শরীরে ক্যানসারের দৃশ্যমান কোনো লক্ষণ পাওয়া যায়নি।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের দৈবচয়নের ভিত্তিতে দুটি দলে ভাগ করা হয়। এর মধ্যে ৯৬ জনকে পরীক্ষামূলক টিকা দেওয়া হয়। বাকি ৪৮ জনকে কোনো টিকা না দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়।

ফলাফলে দেখা যায়, টিকা নেওয়া রোগীদের ক্যানসারমুক্ত থাকার গড় সময় ছিল ২৩ দশমিক ৮ মাস। অন্যদিকে টিকা না নেওয়া পর্যবেক্ষণ দলের রোগীদের ক্ষেত্রে এই সময় ছিল ২১ দশমিক ২ মাস। তবে দুই দলের মধ্যকার এই পার্থক্য পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য ছিল না। অর্থাৎ, টিকাটি রোগমুক্ত থাকার সময় বা বেঁচে থাকার সম্ভাবনা নিশ্চিতভাবে বাড়িয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

তবে রোগপ্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়ার ক্ষেত্রে ফলাফল ছিল বেশ আশাব্যঞ্জক। টিকা নেওয়া রোগীদের প্রায় ৯৯ শতাংশের শরীরে পরিবর্তিত কেআরএএস জিনের বিরুদ্ধে টি-সেল প্রতিক্রিয়া বেড়েছে। টি-সেল হলো শ্বেত রক্তকণিকার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থায় ভূমিকা রাখে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রতিরোধক্ষমতা দীর্ঘ সময় ধরে সক্রিয় ছিল। গবেষণা শুরুর ৪৬ সপ্তাহ পরও টিকা গ্রহণকারী ৯৫ দশমিক ৫ শতাংশ রোগীর শরীরে পরিবর্তিত কেআরএএস জিনের বিরুদ্ধে টি-সেলের প্রতিক্রিয়া শনাক্ত করা গেছে।

কাদের ক্ষেত্রে বেশি কার্যকর হতে পারে

গবেষণায় এমন দুটি বিষয়ও উঠে এসেছে, যা ভবিষ্যতে কোন রোগীরা টিকা থেকে বেশি উপকার পেতে পারেন, তা বুঝতে সহায়তা করতে পারে।

প্রথমত, যেসব রোগীর রক্তে গবেষণার শুরুতে ক্যানসার কোষ থেকে নিঃসৃত ডিএনএর ক্ষুদ্র অংশ বা সিটিডিএনএ শনাক্ত করা যায়নি, টিকা নেওয়ার পর তাঁদের ক্যানসারমুক্ত থাকার সময় তুলনামূলক বেশি ছিল।

দ্বিতীয়ত, যেসব রোগী আগে রেডিওথেরাপি নেননি, তাদের শরীরে লিম্ফোসাইটের সংখ্যা বেশি পাওয়া গেছে। গবেষকদের ধারণা, এই বৈশিষ্ট্য টিকার বিরুদ্ধে ভালো রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরিতে সহায়তা করতে পারে।

গবেষণার প্রধান লেখক ও মায়ো ক্লিনিকের ক্যানসার বিশেষজ্ঞ বেন জর্জ বলেন, "টিকার বিরুদ্ধে রোগপ্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া একটি গুরুত্বপূর্ণ সংকেত। এটি শরীরের ভেতরে কী ধরনের জৈবিক পরিবর্তন ঘটছে, তা বুঝতে এবং পরবর্তী গবেষণার পরিকল্পনা করতে সহায়তা করবে।"

তিনি আরও জানান, পরীক্ষায় প্রায় সব রোগীর শরীরে কেআরএএস মিউটেশনের বিরুদ্ধে শক্তিশালী রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হওয়া আশাব্যঞ্জক। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, যাঁদের শরীরে টিকার প্রতিক্রিয়া বেশি ছিল, তাঁদের ক্যানসারমুক্ত থাকার সময়ও তুলনামূলক দীর্ঘ হওয়ার প্রবণতা রয়েছে।

ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসা কঠিন হওয়ার অন্যতম কারণ হলো, অস্ত্রোপচার ও কেমোথেরাপির পরও এ রোগ ফিরে আসার ঝুঁকি বেশি। ক্যানসার কোষ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং চিকিৎসার পরও শরীরের বিভিন্ন স্থানে থেকে যেতে পারে। নতুন টিকাটি এসব অবশিষ্ট ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করতে রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সহায়তা করতে পারে কি না, সেটিই গবেষকদের অন্যতম আগ্রহের বিষয়।

এদিকে অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় আরও কয়েকটি টিকা নিয়ে গবেষণা চলছে। এর মধ্যে একটি প্রকল্পে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে রোগীর ক্যানসারের ধরন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক টিকা তৈরির চেষ্টা করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে ওই প্রকল্পের প্রাথমিক ফলাফলও প্রকাশিত হয়।

বিশ্বজুড়ে অগ্ন্যাশয়ের ক্যানসারের প্রকোপও বাড়ছে। জার্নাল অব গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যানসার-এ প্রকাশিত এক গবেষণার তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে বিশ্বে এ ক্যানসারে আক্রান্তের নতুন সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৯৬ হাজার। ২০২২ সালে তা বেড়ে ৫ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। অর্থাৎ তিন দশকের ব্যবধানে রোগটির নতুন আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।

এ ছাড়া তরুণদের মধ্যেও অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত হওয়ার ঘটনা বাড়ছে। বিশেষ করে তরুণীদের আক্রান্ত হওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

গবেষকরা এখন পরীক্ষামূলক টিকাটির কার্যকারিতা আরও ভালোভাবে যাচাই এবং তৃতীয় পর্যায়ের বৃহত্তর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিতে চান। তাদের আশা, পরবর্তী গবেষণায় টিকাটি কোন রোগীদের ক্ষেত্রে বেশি কার্যকর, তা শনাক্ত করা সম্ভব হবে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে; ক্যানসারের স্বীকৃত চিকিৎসার বিকল্প হিসেবে ব্যবহারের অনুমোদন পায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%