ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় তাজমিন হত্যার প্রধান আসামী সুমন মিয়া গ্রেফতার, আইফোন উদ্ধার


কুমিল্লায় তাজমিন হত্যার প্রধান আসামী সুমন মিয়া গ্রেফতার, আইফোন উদ্ধার

কুমিল্লা, ১০ অক্টোবর, ২০২৬ : কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় পুলিশ রহস্য উদঘাটন করেছে। চট্টগ্রাম থেকে অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত স্কুল ছাত্রীর ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া এসব তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইলের পাশে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ আসা কলের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের বাবা মরদেহ শনাক্ত করেন, যার নাম জান্নাতুল তাজমিন। এ ঘটনায় লালমাই থানায় হত্যা মামলা দায়ের করা হয় এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে তথ্য-প্রযুক্তি ও অন্যান্য সূত্রের সহায়তায় সিএনজিচালক সুমন মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে সুমনের সিএনজি অটোরিকশা ভাড়া করে তাজমিন। ভাড়া নির্ধারণ করা হয় ৩শ’ টাকা। পথে তাজমিন চালককে ১শ’ টাকা দিয়ে কলা ও রুটি কিনে আনতে পাঠায়।

আরও পড়ুন: জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামিসহ মাদকসেবী গ্রেফতার ও কারাদণ্ড

পরে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে সুমন অটোরিকশাটি নির্ধারিত পথে না গিয়ে চাঁদপুরগামী সড়ক দিয়ে বিজরা বাজার হয়ে লালমাইয়ের একটি নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে পৌঁছে অটোরিকশা বন্ধ করে দিলে তাজমিন আতঙ্কিত হয়ে পড়ে। সে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে সুমন তাকে বাধা দেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় তাজমিন চিৎকার করলে সুমন তার গলায় গামছা পেঁচিয়ে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে তাজমিন দুর্বল হয়ে পড়লে তাকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে সুমন। পরে ধানক্ষেতের মাটিতে মুখ চেপে ধরে শ্বাসরোধে তার মৃত্যু নিশ্চিত করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে সুমন।

পুলিশ আরও জানায়, হত্যার পর তাজমিনের হাতব্যাগ থেকে আইফোনটি নিয়ে ব্যাগটি ধানক্ষেতে ফেলে দেয় সুমন। এরপর ঘটনাস্থলে নিজের অটোরিকশা রেখে কাচিকাটা মসজিদের সামনে একটি পুকুরে গোসল করে। পরে ভাড়ায় চালিত অন্য একটি সিএনজিতে করে বাখরাবাদ এলাকায় যায়। সেখানে একটি পুকুর পাড়ের ঝোপে আইফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে চলে যায়।

গতকাল শুক্রবার চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে বাখরাবাদ এলাকার একটি পুকুর পাড়ের ঝোপের ভেতর লুকিয়ে রাখা তাজমিনের আইফোন উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে কর্মরত। পরিবারের সদস্যদের সঙ্গে সে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকত। সে নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, চার দিন আগে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তাজমিন। পরে তার কক্সবাজারে যাওয়ার তথ্য পাওয়া যায়। সেখান থেকে ফেরার পথে সে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নামে। এরপর বাড়ি ফেরার জন্য অটোরিকশা ভাড়া করতে গিয়ে এ ঘটনার শিকার হয় বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মাজারের দানবাক্স ভেঙে টাকা ও মালামাল চুরি, ক্ষতি ১ লাখ ৪৫ হাজার টাকা

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার জানান, বাসা থেকে বের হওয়ার পর ভুক্তভোগীর পরিবার কোনো জিডি করেননি। তাজমিন কেন বা কার সাথে কক্সবাজার গিয়েছে তার পরিবারের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবো। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি-না সব কিছুই আমরা তদন্ত করছি।

এ ঘটনায় মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেকর্ড গড়ে এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


রেকর্ড গড়ে এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ার পর, আন্তর্জাতিক সংগীতের মঞ্চে নজর কাড়ার অপেক্ষায় রয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর এবং এতে অভিনয় করেছেন রণবীর সিং। ছবিটির অ্যালবামটি গ্র্যামি পুরস্কারের জন্য জমা দেওয়া হয়েছে। শুধু পুরো অ্যালবামটিই নয়, মনোনয়নের জন্য এর নয়টি গানও পাঠানো হয়েছে। প্রযোজনা সংস্থা টি-সিরিজ ও বি৬২ স্টুডিওজের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৯তম আসরের একাধিক বিভাগে বিবেচনার জন্য জমা দেওয়া হয়েছে ‘ধুরন্ধর ২’-এর গানগুলো। সুরকার শাশ্বত সাচদেবের তৈরি পুরো অ্যালবামটি ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে পাঠানো হয়েছে। পাশাপাশি, অ্যালবামের নয়টি গান আলাদা নয়টি বিভাগে জমা দেওয়া হয়েছে। নির্মাতারা ছবিটির প্রতি দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

তালিকায় রয়েছে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘ফির সে’। গানটি ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে জমা দেওয়া হয়েছে। অন্যদিকে, বম্বে রকার্স, খান সাব, জ্যাসমিন স্যান্ডলাস, রেবল, টোকেন ও সুধীর যাদুবংশীদের গাওয়া ‘আরি আরি’ পাঠানো হয়েছে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগে। ‘জান সে গুজরাতে হ্যায়’ ও ‘কানহাইয়া’ গান দুটি জমা পড়েছে ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে।

এছাড়া, জ্যাসমিন স্যান্ডলাস ও সতিন্দর সরতাজের গাওয়া ‘যাইয়ে সাজনা’ পাঠানো হয়েছে ‘বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স’ বিভাগে। ‘বেস্ট র‍্যাপ পারফরম্যান্স’ বিভাগের জন্য জমা দেওয়া হয়েছে ‘ডেস্টিনি—মন আটকিয়া’, ‘বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং’ বিভাগে ‘ভারি জাভান’ এবং ‘বেস্ট রিমিক্সড রেকর্ডিং’ বিভাগে ‘হাম প্যায়ার করনে ওয়ালে’।

তবে, গ্র্যামির জন্য গান জমা দেওয়া এবং চূড়ান্ত মনোনয়ন পাওয়া দুটি ভিন্ন বিষয়। জমা দেওয়া গানগুলো শেষ পর্যন্ত মনোনয়নের তালিকায় স্থান পাবে কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যামির ৬৯তম আসরে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ কোনো বিভাগে চূড়ান্ত মনোনয়ন পায় কি না, সেদিকেই এখন নজর সংগীতপ্রেমীদের।

এদিকে, বক্স অফিসে ছবিটির সাফল্যও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ এবং ২০২৬ সালের মার্চে মুক্তি পাওয়া এর দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’—দুই ছবির সম্মিলিত আয় ৩ হাজার ১৯ কোটি ৩৫ লাখ রুপি বলে স্যাকনিল্কের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই আয় ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দুই পর্বের সম্মিলিত আয়ের চেয়েও বেশি বলে দাবি করা হয়েছে।

চলতি বছরের মার্চে ভারতের ২১ হাজার ৭২৮টি পর্দায় মুক্তি পায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির প্রথম দিনেই ভারতে ১০২ কোটি ৫৫ লাখ রুপির ব্যবসা করে ছবিটি। এর মধ্য দিয়ে হিন্দি সিনেমার বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার দাবিও সামনে আসে।

বক্স অফিসের সাফল্যের পর, আন্তর্জাতিক সংগীতের সম্মানজনক আসরে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে ছবিটির অ্যালবাম। নয়টি গান ও পুরো সাউন্ডট্র্যাক জমা পড়লেও, শেষ পর্যন্ত গ্র্যামির মনোনয়ন তালিকায় কতগুলো গান জায়গা পায়, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে মাদকসহ পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


সৌদিতে মাদকসহ পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

সৌদি আরবের জেদ্দায় মাদক বিক্রি ও প্রচারের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোট ৮ দশমিক ৫ কেজি মেথামফেটামিন মাদক বিক্রি ও প্রচারের অভিযোগ রয়েছে। তবে জেদ্দার কোন নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের নাম, পরিচয়, বয়স ও পেশা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে মামলার পরবর্তী অগ্রগতি বা আদালতের সিদ্ধান্ত সম্পর্কেও কিছু জানানো হয়নি।

সৌদি আরবে মাদক পাচার, বিক্রি ও প্রচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকসংক্রান্ত অপরাধের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য নাগরিক ও প্রবাসীদের প্রতি কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।

সূত্র: সৌদি সংবাদমাধ্যম আর-রিয়াদ, সাবক এবং আজেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে বিক্ষোভে যাওয়ার পথে তুষার গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


মুম্বাইয়ে বিক্ষোভে যাওয়ার পথে তুষার গান্ধী আটক

ভারতের দিল্লির যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে ‘হাম ভারত কে লোগ’ -এর সভাপতি তুষার গান্ধী এবং তার সহযোগীদের মুম্বাই পুলিশ বিভিন্ন স্থান থেকে আটক করেছে।

একটি পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, তুষার গান্ধীকে বান্দ্রা থেকে আটক করে ডিএন নগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তবে তুষার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে দাবি করেছেন, তাকে আটক করা হয়েছে এবং অজ্ঞাত কোনো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশ নিশ্চিত করেছে, তার সহযোগী এবং সংগঠনের সহ-সভাপতিকে আন্ধেরি থেকে আটক করে এমআইডিসি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ তাদের আটকের বিষয়টি অস্বীকার করে জানিয়েছে, তাদের কেবল হেফাজতে রাখা হয়েছে।

গতকাল শুক্রবার, তুষার গান্ধী এক্সে একটি পোস্টারসহ বার্তা দিয়ে মুম্বাইবাসীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তারা শনিবার বিকেল সাড়ে ৩টায় আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত বিক্ষোভে তার সঙ্গে যোগ দেন। এই বিক্ষোভটি যন্তর মন্তরে সিজেপির কর্মসূচির সমর্থনে অনুষ্ঠিত হবে।

তবে পুলিশ জানিয়েছে, বিক্ষোভ আয়োজনের জন্য কোনো আবেদন পাওয়া যায়নি এবং এ বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে এই যৌথ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পটুয়াখালী জেলা শাখা।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পটুয়াখালী ওয়াজেদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হক।

সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক এবং জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা এ.কে.এম. আব্দুস সালাম। বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন।

বক্তারা উল্লেখ করেন, বিগত সরকারের সময় দেশে ফ্যাসিবাদী শাসন চলাকালীন আলেম-ওলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর চরম জেল-জুলুম এবং নিপীড়ন চালানো হয়েছিল। তাঁরা বলেন, শত প্রতিকূলতার মধ্যেও জাতীয়তাবাদী ওলামা দল ইসলামী মূল্যবোধ ও দেশপ্রেমের নীতিতে অবিচল ছিল। বক্তারা আগামী দিনে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আলেম সমাজকে আরও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মজিবুর রহমান টোটন।

এ সময় জাতীয়তাবাদী ওলামা দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%