০৩:০৮ পি.এম
শেয়ারবাজারে কারসাজি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আরোপ করা আর্থিক জরিমানার আদেশ চ্যালেঞ্জ করে করা ২১টি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জরিমানার আদেশের ওপর আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন আদালত।
২০২৫ সালের ৬ নভেম্বর বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেন। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ নথি প্রকাশিত হয়েছে।
আদালতের প্রকাশিত ১৯ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজি প্রতিরোধে বিএসইসির আর্থিক জরিমানা আরোপের আইনগত ক্ষমতা রয়েছে। এ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কমিশনকে সংশ্লিষ্ট আইন ও ন্যায়বিচারের নীতি অনুসরণ করতে হবে।
আরও পড়ুন: ঢাকা-পাবনা রুটে চলবে ভারত থেকে আনা ১৮ রেলকোচ
মামলার নথি অনুযায়ী, সংশ্লিষ্ট বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অল্প সময়ে বিপুল পরিমাণ শেয়ার কেনাবেচার মাধ্যমে বাজারে কৃত্রিম প্রভাব তৈরির অভিযোগ আনে বিএসইসি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন কারণ দর্শানোর নোটিশ দেয়, লিখিত জবাব নেয় এবং ব্যক্তিগত শুনানির সুযোগ দেয়। পরে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা আরোপ করা হয়।
জরিমানার আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তিরা কমিশনের কাছে রিভিউ আবেদন করেন। সেখানেও প্রতিকার না পেয়ে তাঁরা হাইকোর্টে রিট করেন। তাঁদের যুক্তি ছিল, শেয়ার কেনাবেচার পরিমাণ বেশি হলেই তা বাজার কারসাজি হিসেবে বিবেচিত হতে পারে না। এ ছাড়া কমিশনের সিদ্ধান্তের আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
অন্যদিকে বিএসইসির পক্ষ থেকে বলা হয়, ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ২২ ধারায় দেওয়ানি জরিমানা আরোপের বিধান রয়েছে। তাই আইন অনুযায়ী কমিশন এ ধরনের ব্যবস্থা নিতে পারে।
রায়ে হাইকোর্ট বলেন, সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া, লিখিত বক্তব্য গ্রহণ এবং ব্যক্তিগত শুনানির সুযোগ দেওয়ার তথ্য মামলার নথিতে রয়েছে। ফলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার অভিযোগ গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলায় শিল্পী মমতাজসহ গ্রেফতার দুজন, তদন্ত চলছে
আদালত আরও বলেন, শেয়ার কেনাবেচার পেছনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য কী ছিল এবং তাতে বাজার কারসাজি হয়েছে কি না, তা তথ্য ও প্রমাণের মাধ্যমে নির্ধারণ করতে হবে। এ ধরনের বিতর্কিত বাস্তব বিষয় রিটের সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করা যায় না।
সব দিক বিবেচনায় আদালত রিট আবেদনগুলোর কোনো গ্রহণযোগ্য আইনগত ভিত্তি পাননি। ফলে সব রুল খারিজ করে দেন এবং আগে দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রত্যাহার করেন। তবে কোনো পক্ষের ওপর মামলার খরচ আরোপ করা হয়নি।
রায়ের তাৎপর্য: আইনগতভাবে এ রায়ের গুরুত্ব রয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতা ও বিনিয়োগকারীদের অধিকার—দুই ক্ষেত্রেই। একদিকে বিএসইসির প্রশাসনিক জরিমানা আরোপের ক্ষমতা স্বীকৃত হয়েছে, অন্যদিকে এ ক্ষমতা প্রয়োগের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তাও গুরুত্ব পেয়েছে।
ফলে পুঁজিবাজারে অনিয়ম প্রতিরোধে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা এবং প্রশাসনিক সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনার ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে।
আরও পড়ুন: প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন