১২:৩৪ এম
অস্ট্রেলিয়া ভিসা আবেদনকারীদের জন্য ফি বৃদ্ধি কার্যকর করেছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (১ জুলাই) থেকেই নতুন ফি কার্যকর হবে।
হালনাগাদ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার আবেদন ফি বেড়ে ২ হাজার ৫০০ ডলার হয়েছে। ইংরেজি ভাষা শিক্ষা কর্মসূচির শিক্ষার্থীদের জন্য ২ হাজার ০৫০ ডলার হিসেবে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে, অস্থায়ী গ্র্যাজুয়েট ভিসার আবেদন ফি ৫ হাজার ৭৫০ ডলার করেছে, যা আগের ৪ হাজার ৬০০ ডলারের থেকে বেড়ে গেছে। চলতি বছরের মার্চে একটি ভিসার ফি ২ হাজার ৩০০ ডলার থেকে ৪ হাজার ৬০০ ডলারে বৃদ্ধি করা হয়েছিল।
আরও পড়ুন: দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে: এমপি নাসের রহমান
সংশ্লিষ্টরা বলছেন, এতে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার খরচ আরও বৃদ্ধি পাবে। নতুন ফি অনুযায়ী, ভিসা ফি বাবদ প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা ব্যয় হতে পারে। অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা (সাবক্লাস ৫০০) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রধান ভিসা, যা শিক্ষার্থীদের পূর্ণকালীন কোর্সে তালিকাভুক্ত হয়ে অস্ট্রেলিয়ায় থাকার ও পড়াশোনা করার সুযোগ দেয়। সাধারণত কোর্স শেষ হওয়ার সময় পর্যন্ত (সর্বাধিক ৫ বছর) এই ভিসার মেয়াদ থাকে।
পরিবারভিত্তিক অভিবাসনের ক্ষেত্রে, পার্টনার ভিসার আবেদন ফি ১১ হাজার ৭১০ ডলারে উন্নীত হয়েছে, যা ছিল ৯ হাজার ৩৬৫ ডলার। দক্ষ কর্মীদের জন্য স্কিলস ইন ডিমান্ড ভিসার আবেদন ফি ৪ হাজার ১৫ ডলারে বেড়ে গেছে, আগে যা ছিল ৩ হাজার ২১০ ডলার।
ওয়ার্কিং হলিডে ভিসার আবেদন ফি ৮৪০ ডলারে বৃদ্ধি পেয়েছে, যা পূর্বে ছিল ৬৭০ ডলার।
বিশেষভাবে, কয়েকটি প্রশাসনিক ও পুনরাগমন সংক্রান্ত ভিসার ফিতে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে। ব্রিজিং ভিসা বি-এর আবেদন ফি ১৯০ ডলার থেকে বেড়ে ৫৭৫ ডলার হয়েছে, যা প্রায় ২০৩ শতাংশ বৃদ্ধি। রেসিডেন্ট রিটার্ন ভিসার আবেদন ফি ১ হাজার ৪৭৫ ডলারে উন্নীত হয়েছে, যা ছিল ৪৯০ ডলার। নিউজিল্যান্ডের নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত বিশেষ ভিসার আবেদন ফি বেড়ে ১ হাজার ৩৩০ ডলার হয়েছে, যা আগে ছিল ৪৪৫ ডলার।
আরও পড়ুন: ‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে নিজেরাই ধ্বংসের মুখোমুখি শত্রুরা’
এছাড়া, দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম আয়ের সীমাও বৃদ্ধি করা হয়েছে। অস্থায়ী দক্ষ অভিবাসন আয়ের সীমা (TSMIT) এবং কোর স্কিলস ইনকাম থ্রেশহোল্ড (CSIT) বছরে ৭৯ হাজার ৪২৩ ডলারে নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞ দক্ষতা ধারার (Specialist Skills Pathway) ক্ষেত্রে ন্যূনতম বার্ষিক আয় ১ লাখ ৪৬ হাজার ৫৭৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন