ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দেশব্যাপী আওয়ামী আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ


দেশব্যাপী আওয়ামী আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী আওয়ামী আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর(রবিবার)১২ টায় মাগুরা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মাগুরা জেলা বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাগুরা ভায়নার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে আগুন সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
সমাবেশে উপস্থিত নেতারা তাঁদের বক্তব্যে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলমগীর হোসেন, আখতারুজ্জামান ও আহসান হাবিব কিশোর, মাগুরা পৌরসভার সাবেক আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সহ জেলা বিএনপি'র সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগের ২ সদস্য আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাজিরায় সংঘর্ষ-গুলিবর্ষণে নিহত যুবলীগ কর্মী, মিলেছে পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


জাজিরায় সংঘর্ষ-গুলিবর্ষণে নিহত যুবলীগ কর্মী, মিলেছে পরিচয়

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার অদূরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইব্রাহিম সিপাহী (যুবলীগের কর্মী) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষ চলাকালে ব্যাপক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিমের মৃত্যু হয়। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রোববার ভোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী জমাদ্দার মোড় এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে, কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই সেখানে অবস্থান নেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ অবস্থানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের নেতাকর্মীরা। একপর্যায়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, সংঘর্ষ চলাকালে প্রায় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সংঘর্ষের মধ্যে বিএনপির একটি অস্থায়ী ক্যাম্পসহ একাধিক ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্তোরাঁয়ও আগুন দেওয়া হয়। এতে রেস্তোরাঁর আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংসদ সদস্য সাঈদ আহমেদ দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে অবস্থানরত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ে এলাকা ছেড়ে চলে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান নেয়।

সংঘর্ষ ও সড়ক অবরোধের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ৯টার পর পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে যান চলাচল পুনরায় শুরু হয়।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের বাধ্যবাধকতা বাতিলের জন্য আইনি নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের বাধ্যবাধকতা বাতিলের জন্য আইনি নোটিশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা মিলিয়ে নির্ধারিত ১৫০ টাকার বাজেট বাতিল করার পাশাপাশি খাবারের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ প্রদান করা হয়েছে। এ ছাড়া, কর্মকর্তা-কর্মচারীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানোর অথবা বাসা থেকে খাবার নিয়ে আসার নির্দেশ জারির দাবি করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এই আইনি নোটিশটি পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত পছন্দ, মিতব্যয়িতা অথবা রাজনৈতিক সিদ্ধান্তের অংশ হিসেবে ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা গ্রহণের অধিকার রাখেন। এই ক্ষেত্রে তাঁর পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনযাপনের সিদ্ধান্তের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের খাবারের ব্যবস্থা এক করে দেখা উচিত নয়।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন করেন। তাঁদের শারীরিক সুস্থতা, মানসিক কর্মক্ষমতা এবং দায়িত্ব পালনের সক্ষমতা বজায় রাখতে পর্যাপ্ত পুষ্টিকর খাবার নিশ্চিত করা প্রয়োজন। ঢাকার বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে সুষম খাদ্য নিশ্চিত করা অত্যন্ত কঠিন।

নোটিশে আরও বলা হয়েছে, পর্যাপ্ত পুষ্টির অভাবে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শারীরিক ক্লান্তি এবং মানসিক অবসাদ তৈরি হতে পারে। এর ফলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় নীতি প্রণয়নের সক্ষমতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাযথ খাবারের ব্যবস্থা নিশ্চিত করা তাই অত্যন্ত জরুরি।

এ ক্ষেত্রে সংবিধানের ২১(১), ২১(২) এবং ১৮(১) অনুচ্ছেদের উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, সংবিধানের ২১(২) অনুচেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য জনগণের সেবা করা। অন্যদিকে, ১৮(১) অনুচেদে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন এবং জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

আইনি নোটিশে আগামী ১০ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত ১৫০ টাকার খাবারের বাধ্যবাধকতা প্রত্যাহার, পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সরকারি বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি অথবা বাসা থেকে নিজস্ব খাবার নিয়ে আসার আনুষ্ঠানিক নির্দেশ জারির দাবি জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার ও বিকেলের নাস্তার জন্য জনপ্রতি সম্মিলিত ১৫০ টাকা ব্যয়সীমা নির্ধারণের বিষয়টি প্রকাশ্যে আসে। সরকারি ব্যয় সংকোচন এবং মিতব্যয়িতার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নড়াইল নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নড়াইল নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী নিহত

যশোর সদর উপজেলার গোপালপুর গেট এলাকায় যশোর-খুলনা মহাসড়কে একটি মাইক্রোবাসের ধাক্কায় নড়াইল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী আসমা খাতুন নিহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটে রোববার (২৯ নভেম্বর) ভোরে।

নিহত আসমা খাতুন যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের কবির হোসেনের কন্যা। তিনি ছিলেন নড়াইল নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আসমার ভাই মঈন হোসেন জানান, রোববার ভোর ৬টার দিকে তিনি মোটরসাইকেলে করে বোনকে নড়াইল নার্সিং ইনস্টিটিউটে পাঠানোর জন্য যশোর-নড়াইল বাসস্ট্যান্ডের দিকে নিয়ে যাচ্ছিলেন। গোপালপুর গেট এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এই ঘটনায় আসমা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী তাকে ভর্তি করেন। ভর্তির কিছু সময় পরই তার মৃত্যু ঘটে।

আসমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে নড়াইল ও যশোর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, সেবিকা এবং স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালের মর্গে ভিড় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যমন্ত্রী: সরকারের কাছে টাকা আছে, ডাক্তার নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


স্বাস্থ্যমন্ত্রী: সরকারের কাছে টাকা আছে, ডাক্তার নেই

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সরকারের কাছে অর্থ থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক ও নার্সের সংকট বিদ্যমান।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক ডে’র আয়োজনে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, "সরকারের কাছে টাকা আছে, ডাক্তার নেই, নার্সও দরকার। আড়াই হাজার কোটি টাকা দিতে পারব। ফ্যাক্ট হলো বিল্ডিং না, ডাক্তার দরকার।"

মো. সাখাওয়াত হোসেন উল্লেখ করেন, দেশের অনেক চিকিৎসক অল্প ভিজিটে রোগীকে সেবা প্রদান করছেন। তিনি বলেন, "যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। আমাদের দেশে গ্রামে চিকিৎসা সেবা পৌঁছে যাচ্ছে। গ্রামেও ডাক্তার পাওয়া যাচ্ছে।"

মন্ত্রী আরও জানান, সরকার সার্ভিকাল ক্যান্সার ৯০ ভাগ নিয়ন্ত্রণে এনেছে। তিনি আশা প্রকাশ করেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সার্ভিকাল ক্যান্সারমুক্ত হবে। "আপনাদের সহযোগিতা আপনারাই করবেন, আমরা অর্থ দেব।"

স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন রাখেন, "১৭ বছরের দুঃশাসনের সময় কয়টা হাসপাতাল চালু হয়েছে?" তিনি বলেন, "মেশিনগুলো নষ্ট হয়ে ফেলে দেয়া হয়েছে। ১১ কোটি টাকার যন্ত্র ১৮ টাকা দিয়ে কেনা হয়। শুধু দুর্নীতি করা হয়েছে।"

তিনি যোগ করেন, "আগের সরকারের মানুষের কাছে জবাবদিহি ছিল না, আমাদের আছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%