ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র ‘ভেনেজুয়েলার তেল চুরি করছে না': মার্কিন জ্বালানিমন্ত্রী


যুক্তরাষ্ট্র ‘ভেনেজুয়েলার তেল চুরি করছে না

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ভেনেজুয়েলার তেল চুরি করার অভিযোগকে অস্বীকার করেছেন। তিনি বলেন, ভেনেজুেলা তার বিপুল প্রাকৃতিক সম্পদের একটি বড় অংশ উত্তরাঞ্চলের প্রতিবেশী যুক্তরাষ্ট্রকে ব্যবহারের সুযোগ দিয়েছে।

বুধবার ভেনেজুয়েলা সফরের সময় রাজধানী কারাকাসের বিমানবন্দরে এএফপিসহ অন্যান্য সংবাদমাধ্যমের কাছে তিনি এই সমালোচনা নাকচ করেন। তিনি ভেনেজুয়েলায় কয়েক বিলিয়ন ডলারের একাধিক জ্বালানি চুক্তি স্বাক্ষরের বিষয়টি তদারক করতে গিয়েছিলেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেলের মজুত ভেনেজুয়েলায় রয়েছে। দেশটির ৬৫ বিলিয়ন ব্যারেলের বেশি তেল, যা মোট মজুতের প্রায় ২০ শতাংশ, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: সুরঞ্জিতের নেতৃত্বে অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল ও সালাহউদ্দিন আহমদের মতভেদ

কারাকাসের কর্মকর্তারা আশা করছেন, এই চুক্তি থেকে ২৫ বছরে ২০৯ বিলিয়ন ডলার আয় হবে। রাইট বলেন, ‘আমি এসব শিরোনাম দেখেছি।’ তিনি বলেন, ‘আমরা ভেনেজুয়েলার তেল চুরি করছি।’ এটি একেবারেই সত্য নয়।’

তিনি আরও বলেন, ‘ভেনেজুয়েলার তেল আসলে ভেনেজুয়েলার জনগণের মালিকানাধীন।’ রাইট উল্লেখ করেন, ‘বেসরকারি কোম্পানিগুলো তেল উত্তোলনের জন্য অর্থ বিনিয়োগ করছে। তবে এর সুবিধা, রয়্যালটি ও কর সবই ভেনেজুয়েলা সরকার এবং দেশটির জনগণের কাছে যাবে।’

তিনি বলেন, ‘আমরা যা করছি তা হলো মাটির নিচে পড়ে থাকা এমন একটি সম্পদ কাজে লাগানো, যা ভেনেজুয়েলার জনগণের কোনো কাজে আসছে না। সেখানে অর্থ ও প্রযুক্তি নিয়ে গিয়ে সম্পদটি উন্নয়ন করা হচ্ছে।’

রাইট ভেনেজুয়েলার বিদ্যুৎ খাত সংস্কারের গুরুত্বও তুলে ধরেন। তিনি জানান, দেশটির বড় একটি অংশে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই। তিনি বলেন, তেল খাত সচল রাখার জন্য বিদ্যুতের প্রয়োজন।

আরও পড়ুন: যুদ্ধের শঙ্কার মধ্যে দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না ইরানের শীর্ষ নেতা

‘দুটিই আপনার প্রয়োজন,’ উল্লেখ করে তিনি ভেনেজুয়েলার ‘বিদ্যমান বিদ্যুৎ অবকাঠামো’ কাজে লাগানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাঁচ বছরের একটি পরিকল্পনার আওতায় এই অবকাঠামো আবার কাজে লাগানো সম্ভব বলে তিনি মনে করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষিত এই চুক্তিকে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি’ হিসেবে বর্ণনা করেছেন। বুধবার এর আগে ভেনেজুয়েলায় নির্বাচন আয়োজনের আহ্বান নাকচ করেন ট্রাম্প। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও বিরোধী দলের কয়েকটি অংশের মধ্যে ওয়াশিংটনের মধ্যস্থতায় চলা আলোচনা গণতান্ত্রিক নির্বাচনের পথ তৈরি করবে।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না, তারা এখনো প্রস্তুত। জানেন, বিষয়টি খুবই নতুন। আমরা তাদের একটি স্বৈরশাসন থেকে বের করে এনেছি এবং সরকারের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক চলছে।’

জানুয়ারিতে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন।

আরও পড়ুন: মেঘনা নদীতে নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব

ট্রাম্পের সরাসরি প্রভাবের মধ্যে কার্যত দেশ পরিচালনাকারী রড্রিগেজও বলেছেন, ‘ভেনেজুয়েলা প্রস্তুত হলে’ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাইট স্পষ্ট করে বলেন, নির্বাচন একটি ‘প্রক্রিয়া’। তিনি বলেন, এর আগে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সংস্কারসহ বিভিন্ন সংস্কার করা প্রয়োজন।

তিনি বলেন, ‘নির্বাচনের পরিকল্পনায় কোনো পরিবর্তন হয়নি। অবকাঠামো প্রস্তুত করার কাজ অব্যাহত রাখা হবে এবং উপযুক্ত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

রাইট বলেন, জনগণের ভোটের আগে দেশ ও অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। তিনি বলেন, ‘নির্বাচন সম্পন্ন হতে যত সময়ই লাগুক, আপনি বসে থেকে অপেক্ষা করতে চাইবেন না।’

আরও পড়ুন: মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ: আইএমএফের প্রতিবেদন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সঙ্গে চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সঙ্গে চুক্তি

সংসদ ভবন, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : সৌদি আরবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত দু’টি ‘সেফ হোম’ এর মাধ্যমে নারী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে, জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, সরকারের পক্ষ থেকে ১৩টি দেশের ২২টি ল’ ফার্মের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে আরও দেশে এ ধরনের আইনি সহায়তার ব্যবস্থা গড়ে তোলা হবে।

আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-৩১-এর সদস্য মোছা. সানজিদা ইয়াসমিনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি নারী কর্মীরা প্রধানত সৌদি আরব, ওমান, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত আছেন। এছাড়া হংকংসহ আরও কয়েকটি দেশে হাউসকিপিং ও কেয়ারগিভিং খাতে বাংলাদেশি নারীরা কাজ করছেন।

তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের কিছু দেশে অতীতে বাংলাদেশি নারী কর্মীদের নিগৃহীত হওয়ার ঘটনা ঘটলেও বর্তমানে এ ধরনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে নিয়োগকর্তার দ্বারা নিগ্রহের শিকার হলে বাংলাদেশি নারী বা পুরুষ কর্মীরা এসব ল ফার্মের মাধ্যমে আইনগত প্রতিকার গ্রহণের সুযোগ পাবেন। ওমানেও একটি সেফ হোম রয়েছে। কর্মীরা অভিযোগ জানাতে মন্ত্রণালয়ের দু’টি কল সেন্টারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কর্মীদের, বিশেষ করে নারী কর্মীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, বললেন প্রতিমন্ত্রী।

সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নিপুন রায় চৌধুরীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ওমানের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য খসড়া পাঠানো হয়েছে। এমওইউটি স্বাক্ষরিত হলে বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১ কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন দেশের দূতাবাসের মাধ্যমে কর্মীর চাহিদাপত্র সংগ্রহ করা হচ্ছে। কোন দেশে কোন ধরনের দক্ষ কর্মীর প্রয়োজন, সেই চাহিদার ভিত্তিতে দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে প্রস্তুত করা হচ্ছে।

নুরুল হক জানান, গত ১৭ থেকে ১৮ মে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশ সফর করেন। এ সময় কাতারের চাহিদা অনুযায়ী পাঁচটি ট্রেডে পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে বিশেষভাবে প্রস্তুত করে সেখান থেকে কর্মী নেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জর্ডানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে গত ছয় মাসে ৭ হাজার ৬৮৩ জন গার্মেন্টস কর্মী পাঠানো হয়েছে। জর্ডানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে এসব কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার কিছুটা সংকুচিত হলেও সেখানকার দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ৬০০ জন চালক নিয়েছে, উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে আরো বিভিন্ন কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করছে। এসব কোম্পানির চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত কর্মী তৈরি করা হচ্ছে।

নীলফামারী-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য ওবায়দুল্লাহ সালাফির সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের প্রতারণা বা জিম্মি করার সঙ্গে জড়িত অসাধু চক্রের বিরুদ্ধে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন। এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশের কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে দেশে ফেরার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-২৫-এর সদস্য মোছা. সুরাইয়া জেরিনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বিদেশে কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় কমানোকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ২০১৩ সালে এ বিষয়ে একটি খসড়া ব্যয় নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার, বিশেষ করে ডলারের মূল্যের পরিবর্তন এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সেই ব্যয় কাঠামো হালনাগাদ করা হচ্ছে। এটি হালনাগাদের পর বাস্তবায়নে জোর দেওয়া হবে।

বিদেশে কর্মীদের কাজ নিশ্চিত করার প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য চাহিদাপত্র দিলে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং তা যাচাই করে। কর্মীদের কী কাজে নিয়োগ দেওয়া হবে, তাদের বেতন, থাকার পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা কী হবে— এসব বিষয় যাচাইয়ের পর বিএমইটি ক্লিয়ারেন্স দেওয়া হয়।

তিনি বলেন, বিএমইটির ক্লিয়ারেন্স নিয়ে বিদেশে যাওয়া কর্মীদের ক্ষেত্রে কাজ সংক্রান্ত সমস্যা তুলনামূলকভাবে কম হয়। তবে, বিশেষ বিবেচনায় এক থেকে পাঁচজন পর্যন্ত কর্মীর ভিসা বা ডিমান্ড লেটার দূতাবাসের মাধ্যমে অ্যাটেস্টেশন ছাড়াই অনুমোদনের যে সুযোগ রয়েছে, সেটির কিছু অপব্যবহার হচ্ছে। এ ধরনের অপব্যবহার বন্ধে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : বৃহস্পতিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, জুলাই মাসে সেউতায় অভিবাসীদের ঢল নামানোর পেছনে মরক্কোর পরিকল্পনা থাকার কোনো ‘জোরালো প্রমাণ’ নেই।

এর আগে পুলিশের একটি প্রতিবেদনে মরক্কোর নিরাপত্তা বাহিনীর একাধিক ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।

সানচেজ পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘কোনো বিচারিক বা পুলিশি প্রতিষ্ঠান, কূটনৈতিক পরিষেবা, ইউরোপীয় কমিশন কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থা স্পেন সরকারকে মরক্কো এই ঘটনার পরিকল্পনা করার বা তা বাস্তবায়ন করার এমন কোনো জোরালো প্রমাণ দেয়নি।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনো ‘অত্যন্ত শক্তিশালী’ হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


এল নিনো ‘অত্যন্ত শক্তিশালী’ হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে : জাতিসংঘ

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : এল নিনো আবহাওয়া পরিস্থিতি আগামী কিছু মাসের মধ্যে ‘অত্যন্ত শক্তিশালী’ রূপ ধারণ করার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের জলবায়ুবিষয়ক সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, ফেব্রুয়ারি পর্যন্ত এটি স্থায়ী হওয়ার আশঙ্কা প্রায় নিশ্চিত।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি সম্পর্কে তথ্য প্রদান করেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানায়, ‘এল নিনো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি আগামী মাসগুলোতে অত্যন্ত শক্তিশালী অবস্থায় পরিণত হবে। এর ফলে বৃষ্টিপাত ও তাপমাত্রার ধরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেবে। পাশাপাশি বন্যা, খরা এবং অতিরিক্ত তাপপ্রবাহের ঝুঁকিও বৃদ্ধি পাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির গ্যোথে ইনস্টিটিউটের শাখা বন্ধ করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


জার্মানির গ্যোথে ইনস্টিটিউটের শাখা বন্ধ করবে রাশিয়া

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : রাশিয়ার পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের নির্দেশ আসার পর, রাশিয়ায় জার্মানির অলাভজনক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গ্যোথে ইনস্টিটিউটের একাধিক শাখা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তথ্য প্রদান করেছেন।

বার্তা সংস্থা তাসের মাধ্যমে লাভরভ উল্লেখ করেন, ‘জার্মানদের এখানে গ্যোটে ইনস্টিটিউটের কয়েকটি শাখা রয়েছে, সেগুলো অবশ্যই বন্ধ করে দেওয়া হবে। কারণ ওখানে আমাদের সাংস্কৃতিক কেন্দ্রটি জোর করে সরিয়ে দেওয়া হয়েছে।’ মস্কো থেকে এএফপি সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%