রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:১৬ পি.এম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী পাঁচ বছরে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি উল্লেখ করেছেন, প্রশাসনে গতি আনা এবং সরকারি কর্মচারীর সংকট দূর করতে বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে, যদি প্রয়োজন হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, "মাদক, চাঁদাবাজি, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে।" এসব ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। প্রশাসন, পুলিশ এবং সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালন এবং কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
স্থানীয় রাজনীতিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, "মাদক গ্রহণকারী, কারবারি, সংরক্ষণকারী, চাঁদাবাজ, ধর্ষক ও নারী নির্যাতনকারীদের পক্ষে কেউ কোনো সুপারিশ করবেন না।" যদি কেউ সুপারিশ করে, তাহলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন তা না শোনে, সে বিষয়ে তিনি সতর্ক করেন। সমাজ ও দেশ রক্ষায় শক্তভাবে ব্যবস্থা নিতে হবে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সহায়ক ভূমিকা পালন করতে হবে।
মন্ত্রী পাহাড় কাটা, বনের গাছ কেটে লুট, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, "ফ্যাসিস্ট সরকারের সময় দলীয়করণের মাধ্যমে গত ১৭ বছরে পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে।" সেই সময় সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে নিজেদের ইচ্ছামতো কাজ করানো হয়েছে, যার কারণে দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশ পিছিয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
মন্ত্রী জানান, বর্তমান সরকার ভঙ্গুর প্রশাসন ও বিধ্বস্ত অর্থনীতি নিয়ে দায়িত্ব নিয়েছে। মানুষের কল্যাণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশ পুনর্গঠনের কাজ চলছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে সরকার।
শেরপুরের উন্নয়ন প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে শেরপুর সর্বকনিষ্ঠ জেলা। জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। গারো পাহাড়ে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনের পাশাপাশি জেলাকে পর্যটনসমৃদ্ধ করে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে ঝিনাইগাতীতে শিগগির একটি পর্যটন হোটেল নির্মাণের কথাও জানান তিনি।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় মাহমুদুল হক রুবেল এমপি, প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি, ডা. সানসিলা জেবরীন এমপি, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ, বিএনপি নেতা মো. হযরত আলী, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।
এর আগে মন্ত্রী শেরপুর সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির চেষ্টাকালে মিজানুর রহমান সোহেল (৪১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি সামুরাই, একটি চাপাতি ও তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার কাঁচপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় মোবাইল ডিউটিতে থাকা টহল পুলিশ সদস্যরা বিষয়টি লক্ষ্য করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫ থেকে ৬ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকে মিজানুর রহমান সোহেলকে আটক করে। তিনি কুমিল্লার চান্দিনা থানার জিরাবাইস এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সোহেল একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাঁর দলের অন্য সদস্যদের মধ্যে শ্রাবণ গাড়ির হেলপার রাকিব (৩৫), কাঁচপুর উত্তরপাড়া এলাকার মজিবরের ছেলে নাহিদ (৩৩), একই এলাকার বাসিন্দা আলামিন (২৫), ইউসুফ (৩০) এবং আরো ১ থেকে ২ জন অজ্ঞাতপরিচয় সদস্য রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন ২০তম এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে। জাপানের আইচি ও নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের মূল পর্বে অংশ নেওয়ার আগে নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে টাইগাররা এই ম্যাচগুলো খেলবে। রবিবার ১৩ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টাইগারের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে।
প্রথম দিন অনুশীলনে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাদের মধ্যে মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত উল্লেখযোগ্য।
তবে দক্ষিণ আফ্রিকা সফরে থাকার কারণে কিছু ক্রিকেটার অনুপস্থিত ছিলেন। তারা দেশে ফেরার পর অনুশীলনে যোগ দেবেন। এছাড়া, কয়েকজন ক্রিকেটার বর্তমানে ছুটিতে রয়েছেন। ছুটিতে থাকা শরীফুল ইসলাম ১৫ সেপ্টেম্বর অনুশীলনে ফিরবেন। অন্যদিকে, কাউন্টিতে খেলার কারণে হাসান মাহমুদ অনুশীলনে নেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তথ্য অনুযায়ী, প্রস্তুতি ম্যাচ দুটি আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলোতে বাংলাদেশ দল নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে অংশ নেবে, কোনো বিদেশি দলের বিপক্ষে নয়।
এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস।
র্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ দলকে গ্রুপ পর্বে খেলতে হচ্ছে না। তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। আগামী ২৯ সেপ্টেম্বর গ্রুপ ‘বি’ থেকে প্রথম রাউন্ড পার করে আসা একটি দলের (হংকং, মালয়েশিয়া বা ওমান) বিরুদ্ধে বাংলাদেশ তাদের এশিয়ান গেমসের অভিযান শুরু করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত গার্মেন্ট কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যার মামলার রায়ে আদালত সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। আদালত একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেরও নির্দেশ দিয়েছে। অর্থদণ্ড না দিলে তাদেরকে আরও ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
রায়ের সময় সাজাপ্রাপ্তদের মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। অপর পলাতক দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
সাজাপ্রাপ্তদের মধ্যে নাম উল্লেখযোগ্য হলো- বাবুল সাহা জীবন (৩৩), নাজমুল ইসলাম (২৮), সঞ্জয় দাস (৩০), মিলন (৩২), বশির (৩১), সমীর চন্দ্র মণ্ডল (৩০) এবং কাউছার (৩৪)। উল্লেখ্য, বাবুল সাহা জীবন (৩৩) ও কাউছার (৩৪) পলাতক রয়েছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, নিহত সাখাওয়াত হোসেন শুভ্র ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় অবস্থিত প্লাজি ফ্যাশন গার্মেন্টের কর্মকর্তা ছিলেন। ২০১৭ সালের ১৫ আগস্ট, বাবুল সাহা জীবন মোবাইল ফোনের মাধ্যমে শুভ্রকে ফতুল্লার মাসদাইর এলাকায় ‘মায়ের আঁচল’ নামে একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের ৭ম তলায় ডেকে নিয়ে যায়। এরপর সেখানে জীবন তার বন্ধু নাজমুল ইসলাম, সঞ্জয় দাস, মিলন, বশির, সমীর, কাওছার মিলে মাথায় আঘাত করে ও শ্বাসরোধ করে শুভ্রকে হত্যা করে, পরে শহরের খানপুর হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সড়ক পরিবহণ, সেতু বিভাগ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব মন্তব্য করেছেন, বর্তমানে সমাজে মাদক হচ্ছে সকল অপরাধের মূল ভিত্তি। এই মাদককে কেন্দ্র করে শতকরা ৯৫ ভাগ অপরাধ সংঘটিত হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটছে এই মাদককে কেন্দ্র করে। সবার আগে এই মাদককে নির্মূল করতে হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, আওয়ামী লীগের নামে যতই ঝটিকা মিছিল করা হোক, তার ফল ভালো হবে না। এদের চরম খেসার দিতে হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের ধরার জন্য কাজ করছে।
তিনি উল্লেখ করেন, গাজীপুরের সার্বিক উন্নয়নে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।
সভায় ফজলুল হক মিলন জানান, গাজীপুরের অনেক সমস্যা রয়েছে যা সমাধানে কাজ শুরু করেছি। তিনি বলেন, "কথা বেশি বলে লাভ কী হবে, আমাদের এখন কাজ করার সময়, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
এ সময় এসএম রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বলেন, "এখানে পুলিশের ভূমিকা আরও জোরদার করতে হবে।"
মজিবুর রহমান বলেন, "আগে বিরোধী দলে ছিলাম, এখন সরকারি দলের এমপি হয়েছি। আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। ২০ বছর পৌরসভার মেয়র ছিলাম, এমন বহু মিটিং এ বক্তৃতা করেছি, তেমন একটা কাজে আসেনি। আমাদের এখন কথা কম বলে কাজ বেশি করতে হবে।"
সালাহ উদ্দিন আউয়ুবী বলেন, "আমার নির্বাচনী এলাকা কাপাসিয়াতে বর্তমানে আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। প্রতি রাতে গরু চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি হচ্ছে। সম্প্রতি একটি জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে একজন খুন হয়েছে। কিন্তু ওই আসামি এখনো গ্রেফতার হয়নি।"
মাদকের প্রসঙ্গে তিনি বলেন, "এটা তো ভয়াবহ পরিস্থিতি, এ ব্যাপারে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই।"
গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার জানান, "জেলা ও মহানগরের সমন্বয়ে আমরা ঐক্যবদ্ধ। সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করব, আমার জায়গা থেকে আমি আমার দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আউয়ুবী, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, গাজীপুর জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন প্রমুখ।
এছাড়া, জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তারাবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রধান ও প্রতিনিধিগণসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ