ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার


বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, টেকসই, বৈষম্যহীন ও মানবসম্পদকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জনসংখ্যাগত রূপান্তর, জনমিতিক লভ্যাংশ এবং টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়গুলোকে সংসদের আলোচনায় নিয়ে এসে কার্যকর আইন ও নীতি প্রণয়নের মাধ্যমে দেশের উন্নয়নকে আরো গতিশীল করা সম্ভব।

আজ রোববার জাতীয় সংসদের শপথ কক্ষে স্ট্রেনদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় আয়োজিত ‘জনমিতিক লভ্যাংশ অর্জন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং আইসিপিডি অঙ্গীকার বাস্তবায়নে সংসদের ভূমিকা’ শীর্ষক এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ বর্তমানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে রয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্যÑ ‘তরুণদের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ বাস্তবায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে জনমিতিক লভ্যাংশকে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশের কৌশলগত সহায়তায় জাতীয় সংসদ সদস্যদের ফোরাম (বিএপিপিডি) গঠনের মাধ্যমে জনসংখ্যা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রণয়ন ও নীতিনির্ধারণে সংসদ সদস্যদের ভূমিকা আরো শক্তিশালী হবে। বাল্যবিয়ে প্রতিরোধ, এ সংক্রান্ত আইন আরো কার্যকর করা, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা এবং জনমিতিক লভ্যাংশ অর্জনের মতো বিষয়গুলো সংসদীয় কমিটির কার্যক্রমে অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট লক্ষ্য অর্জন সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

স্পিকার আশা প্রকাশ করে বলেন, স্বাস্থ্য, জেন্ডার সমতা, যুব উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এসপিসিপিডি প্রকল্প কার্যকর অবদান রাখবে।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ বর্তমানে এমন একটি জনতাত্ত্বিক পর্যায়ে রয়েছে, যেখানে জনসংখ্যার বড় অংশই তরুণ। এ জনমিতিক লভ্যাংশকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে হলে সংসদ সদস্যদের জাতীয় ও স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, জনমিতিক লভ্যাংশ কোনো স্বয়ংক্রিয় অর্জন নয়; এটি পরিকল্পিত বিনিয়োগের ফল। তরুণদের মানসম্মত শিক্ষা, কারিগরি দক্ষতা এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে এটি দেশের অর্থনীতির জন্য বড় সুযোগ সৃষ্টি করবে। অন্যথা, এ সম্ভাবনা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জে পরিণত হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

কর্মশালায় স্পিকারসহ অন্যান্য বক্তারা জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

অনুষ্ঠানে সংসদ সদস্য, ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, প্রকল্প পরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে গভীর সমবেদনা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে গভীর সমবেদনা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা এবং ভূমিধসের ঘটনায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সমবেদনাও জানিয়েছেন।

রবিবার (১২ জুলাই) তিনি এক্স-পোস্টে মন্তব্য করেছেন যে, বাংলাদেশের ভয়াবহ বন্যা ও ভূমিধসে তিনি গভীরভাবে মর্মাহত।

যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের পরিবারগুলোর প্রতি তার আন্তরিক সমবেদনা রয়েছে। এই দুর্যোগে বাস্তুচ্যুত এবং ক্ষতিগ্রস্ত সকলের জন্য তার প্রার্থনা ও সহানুভূতি রইলো।

তিনি আরো বলেন, তিনি উদ্ধারকর্মী, সশস্ত্র বাহিনী, চিকিৎসা দল এবং ত্রাণকর্মীদের সাহস ও নিষ্ঠাকে শ্রদ্ধা জানাচ্ছেন, যারা দুঃস্থদের সহায়তা করার জন্য অক্লান্তভাবে কাজ করে চলেছেন।

ইসহাক দার আরও উল্লেখ করেন যে, পাকিস্তান বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

তিনি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সাফল্য এবং ক্ষতিগ্রস্ত সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম (Zoom) প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্রের অবস্থা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে তথ্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুতভাবে ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসাসেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বিশেষভাবে তিনি নারী, শিশু, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, স্থানীয় প্রশাসনের কার্যক্রম, উদ্ধার কার্যক্রমে বিভিন্ন সংস্থার সমন্বয়, নদ-নদীর পানির স্তর এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত পর্যবেক্ষণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

এসময় চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব তথ্য জানার পর প্রধানমন্ত্রী সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ, প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা এবং জনগণের পাশে থেকে সমন্বিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থ পাচার মামলায় ১১ কাস্টমস কর্মকর্তাকে কারাগারে পাঠাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


অর্থ পাচার মামলায় ১১ কাস্টমস কর্মকর্তাকে কারাগারে পাঠাল আদালত

মিথ্যা রপ্তানি দেখিয়ে সাড়ে ১৮ কোটি টাকা মানিলন্ডারিং (অর্থ পাচার) এবং প্রণোদনার ৩ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ১১ কাস্টমস কর্মকর্তা জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১২ জুলাই) আসামিরা স্থায়ী জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিস্তারিত জানান, আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গত ১৬ এপ্রিল বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আদালত তখন তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। আজ আসামিপক্ষ স্থায়ী জামিনের আবেদন করলে দুদক এর তীব্র বিরোধিতা করে।

শুনানি শেষে আদালত জামিন বাতিল করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া কর্মকর্তাগণ হলেন— জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির ও মবিন উল ইসলাম, সাবেক সহকারী কমিশনার মো. জয়নাল আবেদীন, রাজস্ব কর্মকর্তা জমির হোসেন, এ এইচ এম নজরুল ইসলাম, আমির হোসেন সরকার, গৌরাঙ্গ চন্দ্র চৌধুরী, ফরিদ উদ্দিন সরকার ও মো. মঞ্জুরুল হক এবং সাবেক রাজস্ব কর্মকর্তা মো. আব্দুস সাত্তার ও বাসুদেব পালক।

মামলার বিবরণে বলা হয়েছে, কোনো পণ্য রপ্তানি না করেই ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে কাগজ-কলমে জালিয়াতি করে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ও সিঙ্গাপুরে পণ্য পাঠানো দেখায় ‘দো এম্পেক্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান। এই ভুয়া রপ্তানি দেখানোর প্রক্রিয়ায় আসামিরা পরস্পর যোগসাজশ করেন।

প্রতিষ্ঠানটি মোট ৪১টি বিল অব এক্সপোর্ট দাখিল করে সরকারের প্রণোদনা গ্রহণ করে। পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায়, এর মধ্যে মাত্র ৭টি চালানের বিপরীতে কৃষি জাতীয় পণ্য রপ্তানির সত্যতা রয়েছে। বাকি ৩৪টি চালানের বিপরীতে বাস্তবে কোনো পণ্যই বিদেশে রপ্তানি করা হয়নি।

অথচ ভুয়া রপ্তানি দেখিয়ে অগ্রিম হিসেবে পুরো অর্থ ২২ লাখ ১৮ হাজার ১৭ দশমিক ৪৪ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ কোটি ৬০ লাখ ৯১ হাজার ৪০৪ টাকা) অগ্রণী ব্যাংকের মাধ্যমে দেশে আনা হয়। একই সঙ্গে রপ্তানি দেখিয়ে প্রতিষ্ঠানটি সরকারের ৩ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকা নগদ প্রণোদনা উত্তোলন করে আত্মসাৎ করে।

এই জালিয়াতি ও অর্থ পাচারের ঘটনায় ২০২৫ সালের ২৩ নভেম্বর ১১ কাস্টমস কর্মকর্তাসহ মোট ২৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো. আহসান উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় রেললাইনে প্রাণ গেল বৃদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


চুয়াডাঙ্গায় রেললাইনে প্রাণ গেল বৃদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী আয়েশা বেগমের মৃত্যু ঘটেছে। রবিবার, ১২ জুলাই, দুপুর ১টার সময় এই দুর্ঘটনাটি ঘটে মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে।

নিহত আয়েশা বেগম গড়গড়ি গ্রামের মৃত আজগার আলীর স্ত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১২টার দিকে আয়েশা বেগম মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় উপস্থিত হন এবং ট্রেন আসার সময় সম্পর্কে জানতে চান। এর পরে, দুপুর পৌনে ১টার দিকে যখন খুলনাগামী ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেন এলে তিনি চলন্ত ট্রেনের সামনে গিয়ে রেললাইনে মাথা দিয়ে দেন।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, আয়েশা বেগম শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ জোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। সংসারেও অভাব ছিল, এ কারণে আয়েশা বেগম আত্মহত্যা করে থাকতে পারেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ বলেন, ‘চলন্ত ট্রেনে মাথা দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে।

পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%