০২:৩৮ এম
দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলোর গাড়ির ওপর ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে শেষ মুহূর্তে গাড়ি থেকে নেমে যান জেনারেল রাফি। হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দখলদার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, মেজর মিলো দক্ষিণ লেবাননের একটি গ্রামে পরিদর্শনে গিয়েছিলেন। তিনি ওই সময় কয়েকজন সামরিক কর্মকর্তার সঙ্গে মাঠপর্যায়ের সফরে ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মিলো ও তার এক সহকারী গাড়ি থেকে নামার কিছুক্ষণ পর একটি বিস্ফোরকবাহী ফার্স্ট-পারসন-ভিউ ড্রোন তাদের গাড়িতে আঘাত হানে। যদিও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা অক্ষত থেকে যান।
আরও পড়ুন: মালয়েশিয়া ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো
এছাড়া, ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ সংবাদটি প্রকাশের অনুমতি দেওয়ার পর ঘটনাটি সামনে আসে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে আইডিএফের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানাতে চাচ্ছে।
গত সপ্তাহে কান জানিয়েছিল, হিজবুল্লাহ জ্যেষ্ঠ ইসরাইলি সামরিক কর্মকর্তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের লক্ষ্য ছিল ড্রোন, অন্যান্য মানববিহীন আকাশযান (ইউএভি) এবং সমন্বিত হামলার মাধ্যমে ইসরাইলের কমান্ড, নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা। জেনারেল রাফির ওপর হামলা সেখানকার কৌশলের অংশ হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন