০৭:৫৮ এম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম ঢাকা শহরের স্থবিরতার দুটি প্রধান কারণ চিহ্নিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, ই-রিকশা ও হকার সমস্যা এই স্থবিরতার জন্য দায়ী। প্রশাসক বলেন, এই সমস্যাগুলোর সমাধান না হলে নগরীকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা কঠিন হবে। গতকাল মঙ্গলবার নগর ভবনে অনুষ্ঠিত সভায় তিনি এই বিষয়গুলো তুলে ধরেন।
আবদুস সালাম বলেন, "ঢাকা শহর বর্তমানে যে অবস্থায় রয়েছে, তা কারও জন্যই সুখকর নয়। শহরটি এক ধরনের স্থবির অবস্থায় চলে গেছে। এর পেছনে দুটি বড় কারণ রয়েছে- ই-রিকশা ও হকার সমস্যা।" তিনি আরও বলেন, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এ দুটি সমস্যা সমাধান করা না গেলে নগরকে সুশৃঙ্খল ব্যবস্থায় ফিরিয়ে আনা কঠিন হবে।
প্রশাসক জানান, প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গি থেকে হকার ও ই-রিকশাচালকদের সমন্বয় করে একটি ব্যবস্থার মধ্যে আনার পক্ষে। সে লক্ষ্যেই সরকার ঘোষিত নীতিমালা পর্যালোচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, "হুট করে একদিনে সব ই-রিকশা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেই। বরং নিবন্ধন, কারিগরি মান যাচাই এবং নির্ধারিত মডেলে রূপান্তরের মাধ্যমে পুরো ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনা হবে।"
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
ই-রিকশার নিবন্ধন কার্যক্রম সম্পর্কে প্রশাসক জানান, মঙ্গলবার থেকে নিবন্ধনের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। তবে তিনি সতর্ক করেছেন যে, এই ফরম সংগ্রহ করলেই কোনো ই-রিকশা চলাচলের অনুমতি পাবে না। এটি কেবল নিবন্ধনের জন্য আবেদন করার ফরম। আবেদনকারীদের নীতিমালায় উল্লেখ করা শর্তগুলো পূরণ করে ফরম জমা দিতে হবে। এর আগে ই-রিকশার কারিগরি বিষয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাড়পত্র নিতে হবে। প্রয়োজনীয় শর্ত পূরণ ও ছাড়পত্র পাওয়ার পরই নিবন্ধন দেওয়া হবে।
তিনি আরও বলেন, নিবন্ধন কার্যক্রম একবারে শেষ হবে না। প্রথমে এক, দুই বা পাঁচ হাজার যতগুলো আবেদন প্রস্তুত হবে, সেগুলো পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে। পাশাপাশি বিদ্যমান ই-রিকশাগুলোকে নির্ধারিত মডেলে রূপান্তরের সুযোগ দেওয়া হবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু ওয়ার্কশপ চিহ্নিত করে দেওয়া হবে। চালক ও মালিকেরা সেসব ওয়ার্কশপের সঙ্গে যোগাযোগ করে নিজেদের ই-রিকশা নির্ধারিত মডেলে রূপান্তর করতে পারবেন। বুয়েটের কারিগরি মান পূরণ করে ছাড়পত্র পেলেই সেগুলো নিবন্ধনের সুযোগ পাবে। ই-রিকশার চার্জিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে সিটি করপোরেশনের উদ্যোগে নির্ধারিত চার্জিং পয়েন্ট স্থাপন করা হবে। সম্ভব হলে ওয়ার্ডভিত্তিক, তা না হলে থানাভিত্তিক চার্জিং স্টেশন করা হবে। যাতে ই-রিকশাগুলো নির্ধারিত স্টেশন ছাড়া অন্য কোথাও অবৈধভাবে চার্জ দিতে না পারে।
এদিকে, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে ৩০০টি ‘টেকসই ও দৃষ্টিনন্দন ওয়েস্ট বিন’ হস্তান্তর করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। মঙ্গলবার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এসময় ডিএসসিসির প্রশাসক বলেন, "একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়, এতে নগরবাসীরও সমান দায়িত্ব রয়েছে।" তিনি বলেন, সিটি কর্পোরেশন তার ভূমিকা পালন করবে, পাশাপাশি নাগরিকদেরও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়।
আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন