০৫:১০ পি.এম
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. এস. এম শফিকুল আলম মনা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি দিয়েছেন, কেডিএ সে অভিযানের সহযাত্রী। কেডিএ’র আওতাধীন এলাকায় ১ লাখ ২০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হবে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় কেডিএ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি পরিকল্পিত নগরী বিদ্যমান শুধুমাত্র বহুতল ভবন আর কংক্রিটের জঙ্গল নয়, বরং সেখানে বুক ভরে শ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যার বিরূপ প্রভাব আমাদের এই অঞ্চলেও দৃশ্যমান। সুন্দরবনের কোলঘেঁষা আমাদের খুলনাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে এবং একটি বাসযোগ্য, সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে গাছ লাগানোর জন্য অন্য কোনো বিকল্প নেই।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
শফিকুল আলম আরও বলেন, কেডিএ শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নই করে না বরং পরিবেশবান্ধব টেকসই নগর পরিকল্পনায় বিশ্বাসী। এবারের কর্মসূচিতে আমরা কেবল গাছ লাগিয়েই ক্ষান্ত হবো না বরং প্রতিটি চারার সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ফলদ, বনজ এবং ওষুধিসহ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণের ওপর জোর দিচ্ছি। এই গাছের চারা রোপণ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক চাহিদাও পূরণ করবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেছেন, বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষা আর অপরাধ দমনেই কাজ করে না। সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু করে দেশ ও জনগণের কল্যাণে যেকোনো সংকটে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের এই যুগে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। খুলনা অঞ্চল ভৌগোলিকভাবেই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। কেএমপি’র পক্ষ থেকে এরইমধ্যে ১২ হাজার ৫শ’ বৃক্ষরোপণ করেছি; একই সাথে কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য মো. ইকবাল হোসেন, এম এম মাহমুদুর রহমান, রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. গোলাম মোর্শেদ, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এষ্টেট) জাকিয়া সুলতানা, অথরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ. দ.) মো. মজিবুর রহমানসহ কেডিএ’র উর্দ্ধতন কর্মকর্তাগণ।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন