মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১০:১৮ এম
নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার নিকটবর্তী ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ৭টা ২ মিনিটে এই ভূমিকম্পটি ঘটে। এর কম্পন অনুভূত হয়েছে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন স্থানে। ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায়ও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তাদের প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ হিসেবে উল্লেখ করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের সিকিমের মাঙ্গান থেকে ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে অবস্থিত।
ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের অবস্থান ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছে।
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। প্রতিবেশী ভুটানেও ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের সময় উঁচু ভবন, বাড়িঘর এবং বিদ্যুতের খুঁটি কেঁপে ওঠে। বিদ্যুতের তারগুলোও দুলতে থাকে। আতঙ্কিত বাসিন্দারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাস্তায় বেরিয়ে আসেন। সকালে হাঁটতে ও শরীরচর্চা করতে বের হওয়া মানুষও আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন।
দুয়ার্স অঞ্চলের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ছিল। ভূমিকম্পের কম্পনে সেখানকার কিছু প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের ঘুম ভেঙে যায়।
ভূমিকম্পে হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে গত সপ্তাহে ভারতের উত্তরাখন্ডের চামোলি জেলায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। বুধবার সকাল ১০টা ২১ মিনিটে ওই ভূমিকম্পটি ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চামোলি জেলার জ্যোতির্মঠের নিকটবর্তী। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। জেলার অধিকাংশ এলাকায় কম্পন অনুভূত হলেও তখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এখন পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি, মোট আটটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী মোট ৯টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনার কথা রয়েছে। এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
এদিকে, কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকাল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। ওই সময় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, "সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।" দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, "জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।" পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে। প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, সোমবার সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয়বারের মতো প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আগামী ১০ থেকে ২৪ ঘণ্টা এ পরীক্ষা চলবে। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রথম ইউনিটের দায়িত্ব প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে কার্যক্রম শুরু করবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টিতে এই বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকার আশুলিয়ায় ১৩ এর এক ধারায় ২০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মালিকপক্ষ এই কারখানাগুলো বন্ধের ঘোষণা দেয়। এরপর তারা কারখানার মূল ফটকের সামনে বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়। পাশাপাশি, আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে চারটি তৈরি পোশাক কারখানা।
শিল্প পুলিশ জানিয়েছে, সকালে চারটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে উৎপাদন বন্ধ করে দেয়। এর ফলস্বরূপ, মালিকপক্ষ সেই চারটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা যার যার মত বাড়ি ফিরে যায়। অন্যদিকে, শিল্পাঞ্চল আশুলিয়া ও সাভারের বেশিরভাগ কারখানায় সকাল থেকে শ্রমিকরা দলবদ্ধভাবে প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন। যেকোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বর্তমানে শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পোশাক কারখানাগুলোতে উৎপাদন পুরোদমে চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার বিরুদ্ধে ‘শত্রুতামূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ তুলে ইউরোপের দেশ এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিয়েছে মস্কো। সীমান্ত বন্ধের সিদ্ধান্ত, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে হামলায় নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া এবং এস্তোনিয়ায় বসবাসরত রুশ জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অভিযোগ তুলে এই হুঁশিয়ারি প্রদান করেছে রাশিয়া।
সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ তোলে। এর আগে, মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় রুশ কর্তৃপক্ষ।
বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এস্তোনিয়ার এই ধরনের উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড দেশটিকে রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে, এস্তোনিয়ার বিরুদ্ধে রুশবিদ্বেষী মনোভাব ছড়িয়ে দেওয়ার অভিযোগও আনে মস্কো।
রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের ড্রোন যেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালাতে পারে, সে জন্য এস্তোনিয়া নীরবে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে এ অভিযোগ দ্রুত নাকচ করে দিয়েছে তাল্লিন।
এ ছাড়া, বাল্টিক সাগরে রাশিয়ার পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়া, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহনে নিষেধাজ্ঞা, রুশ ভাষার ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে মস্কো।
বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, নিজেদের জাতীয় স্বার্থ এবং নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে রাশিয়া।
এস্তোনিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক জাতিগত রুশ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে বলে মস্কো প্রায়ই অভিযোগ করে আসছে। ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রেও রুশভাষীদের অধিকার দমনের অভিযোগকে যুক্তি হিসেবে তুলে ধরেছিল মস্কো।
রাশিয়া ও এস্তোনিয়ার মধ্যে সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত সীমান্ত বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে। চলতি মাসের শুরুতে এস্তোনিয়া ঘোষণা দেয়, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্তের কয়েকটি প্রবেশপথ অন্তত ছয় মাসের জন্য বন্ধ রাখা হবে। এর মধ্যে নারভা নদীর ওপর থাকা গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপারের পথও রয়েছে।
এস্তোনিয়ার অভিযোগ, দেশটির একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো। এ ঘটনার পর সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় তাল্লিন। তবে এ ঘটনায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সীমান্ত বন্ধের সিদ্ধান্তের পরিণতি শুধু এস্তোনিয়াকেই নয়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর মিত্র দেশগুলোকেও ভোগ করতে হতে পারে।
অন্যদিকে, ইউক্রেনের সামরিক অভিযানের জন্য এস্তোনিয়ার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার প্রচারণামূলক বক্তব্য নিয়ে তারা সাধারণত মন্তব্য করে না। তবে এ ক্ষেত্রে স্পষ্ট করে বলতে চায়, এস্তোনিয়া কখনোই অন্য কোনো দেশকে সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।
বাল্টিক অঞ্চলের অন্যান্য দেশও একই অবস্থান স্পষ্ট করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
রাশিয়া দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বাল্টিক অঞ্চলের এস্তোনিয়াসহ ন্যাটোর কয়েকটি দেশ ইউক্রেনীয় ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে ন্যাটোভুক্ত দেশগুলো এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রাশিয়ার ইলেকট্রনিক সংকেত বাধাগ্রস্ত করার কার্যক্রমের কারণে ইউক্রেনীয় ড্রোনগুলো ভুল করে ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করছে বলে দাবি করেছে কিয়েভ।
এদিকে, এস্তোনিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ন্যাটো। জার্মানির বার্লিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, এস্তোনিয়ার পাশাপাশি গত সপ্তাহে পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনাও নজরে রেখেছে জোটটি।
তিনি বলেন, সামরিক পরিস্থিতির প্রতিটি ঘটনায় ন্যাটো নিজেদের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা পর্যালোচনা করবে। প্রয়োজন অনুযায়ী সেগুলো হালনাগাদ করার ব্যবস্থাও নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি সোমবার (২৩ নভেম্বর) মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ধনুচিয়া গ্রামে আয়োজিত নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। বক্তব্যে তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি উল্লেখ করেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার—এমন সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টাই হোক আগামীর অঙ্গীকার।’
মিথুন রায় আরও বলেন, ‘বাংলাদেশে আরেকটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। নড়াইলে প্রচার হয়েছে, একটি গ্রামের অনেক হিন্দু পরিবারের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে যদি আপনাদের কোনো স্বজন থাকেন, খোঁজ নিয়ে দেখবেন, ওই গ্রামে কোনো হিন্দু পরিবারের বসবাস নেই।’
তিনি আরও বলেন, ‘বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে অনেকে নানা ধরনের সুযোগ নিতে পারে। এ জন্য আপনারা নিজেদের গ্রাম পাহারা দিয়ে রাখবেন, যাতে কেউ অগ্নিসন্ত্রাস করতে না পারে। বাংলাদেশের এই সংকট থাকবে না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ