বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০৪:০৫ পি.এম
মাদক ও জুয়ার মামলায় গ্রেফতার আসামিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা করেছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লালমনিরহাট আদালত চত্বরে আইনজীবী সমিতির কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কেএম হুমায়ুন রেজা স্বপন বলেন, "সীমান্তবর্তী জেলা হিসেবে লালমনিরহাটে মাদকের আগ্রাসনে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে।" তিনি জানান, সমাজ বিনির্মাণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলন ঘোষণা করেছেন। এই আন্দোলনের আওতায় ইতিমধ্যে মন্ত্রী নিজে এবং তার কমিটির সদস্যরা বেশ কিছু মাদকসেবীকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।
এ বিষয়ে সভাপতি আরও বলেন, "জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের ঐকমত্যের ভিত্তিতে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেফতার কৃতদের পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা প্রদান করা হবে না।" তিনি সতর্ক করে বলেন, "যদি কেউ এই ঘোষণা অমান্য করেন, তাহলে সমিতির নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাকেও মাদকসেবী হিসেবে গণ্য করা হবে।"
এক প্রশ্নের জবাবে সমিতির সভাপতি বলেন, "এ সমিতির সব সদস্যই এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তারা এই সিদ্ধান্ত মান্য করবেন।" ফলে, তিনি উল্লেখ করেন, এক মাসের জন্য মাদক ও জুয়া আইনে গ্রেফতার কৃতরা আইনজীবীদের মাধ্যমে কোনো ধরনের আইনি সহায়তা পাবেন না। তবে, যদি সমিতি চায়, তাহলে এই সময়সীমা বাড়ানো হতে পারে।
অন্য এক প্রশ্নের জবাবে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক বলেন, "আইনজীবীরা যদি সহায়তা না করেন, তাহলে আসামিদের জামিনে কিছুটা ভাটা পড়বে এবং তারা যদি হাজতবাস করেন, তবে অপরাধবোধ থেকে মাদককে ‘না’ বলবেন।" তিনি আরও জানান, "মূলত সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে আইনজীবী হিসেবে দায়বদ্ধতার কারণে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।" গ্রেফতার কৃত আসামিরা চাইলে আইনজীবী ছাড়া নিজেরা আইনি লড়াই করতে পারবেন এবং এই ক্ষেত্রে আইনজীবী সমিতি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির নেতাকর্মীসহ বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তিন ব্যক্তি এবং তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক-২০২৫ প্রদাণ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এই পদক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
পরিবেশ পদক-২০২৫ প্রাপ্ত ব্যক্তিরা হলেন—পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মো. মনির হোসেন এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রো-ভাইস চ্যান্সেলর এবং অধ্যাপক প্রফেসর ড. আব্দুস সালাম পদক অর্জন করেছেন।
এছাড়া, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটও পরিবেশ পদক পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে, অদ্য বৃহস্পতিবার দুপুর ১২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই আদালতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করার জন্য নগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকায় অবস্থিত কেক ব্রাইট প্রতিষ্ঠানটিকে ৮,০০০/- (আট হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় রেবা বেগম (৩০) নামের এক নারীকে গলায় ও পেটে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। এই গুরুতর অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে।
গত ৮ জুলাই ২০২৬, বুধবার রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় বদলগাছী থানাধীন কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। জানা যায়, আহত রেবা বেগম নওগাঁর ধামইরহাট উপজেলার ইশেবপুর ইউনিয়নের ঘোরকিন গ্রামের মৃত তারা উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্র অনুযায়ী, পারআধাইপুর গ্রামের বুড়াকালী মণ্ডপের উত্তর পাশে, আদিবাসী উজ্জ্বলের বাড়ির নিকটে ওই নারীকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা পড়ে থাকতে দেখেন। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গলায় এবং পেটে চাকু মেরে পালিয়ে যায়। এ সময় ভিকটিমের চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে অবহিত করেন।
সংবাদ পাওয়া মাত্রই বদলগাছী থানার ওসির নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ রক্তাক্ত অবস্থায় রেবা বেগমকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন।
স্থানীয় নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, এই নৃশংস হামলার সাথে ‘ভেকু চালক’ সৌখিন জড়িত থাকতে পারে। অভিযুক্ত সৌখিন বেশ কিছুদিন ধরে ওই বুড়া কালী মন্দিরের পাশের একটি পুকুর খননের কাজ (ভেকু দিয়ে মাটি কাটা) করে আসছিল। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় কিছুটা চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বদলগাছী থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে জোরালো পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সংসদে তুলে ধরলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা সরকারের কার্যকর উদ্যোগের অংশ।
মন্ত্রী জানান, ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ, আটা ও চালসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানি সহজীকরণ করা হচ্ছে। এ ছাড়া, প্রয়োজনীয় ক্ষেত্রে শুল্ক ও করহার যৌক্তিকীকরণ এবং বিকল্প উৎস থেকে আমদানির সুযোগ খুঁজে বের করার কাজও করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২২তম দিনে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলনের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জাতীয় সংসদে বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য সরকার প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, আমদানি, মজুদ, সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ, আটা, চালসহ গুরুত্বপূর্ণ পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য জায়গাটা ভালোভাবে দেখভাল করার জন্য আমদানি সহজীকরণ এবং শুল্ক ও কর হার যৌক্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজারে কৃত্রিম সংকট, মজুদদারি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং অসাধু ব্যবসায়িক কার্যক্রম প্রতিরোধের জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের জনগণের জন্য টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমও অব্যাহত রয়েছে।
বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখতে এবং সরবরাহ শৃঙ্খল কার্যকর রাখতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিত কার্যক্রম চলমান রয়েছে। পণ্যের বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেন সাধারণ ভোক্তাদের ওপর মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব কমে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ