০৯:১৪ পি.এম
ডাকাতি করা ১৫০ ভরি স্বর্ণের ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে ভাড়াটে খুনি দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে মাগুরা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে। জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাগুরা পুলিশ লাইনস দরবার হলে সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন।
পুলিশ সুপার জানান, ৬ অক্টোবর মাগুরার রামনগর এলাকায় ঢাকা থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মুজিবর রহমানের কাছে থাকা ১৫০ ভরি স্বর্ণ লুট করে। ডাকাতিতে অংশ নেয় ১৫ জনের একটি দল, যার মধ্যে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ এবং পৌর যুবদলের যুগ্ম সম্পাদক সাকের অন্তর্ভুক্ত ছিল।
তিনি আরও জানান, লুট করা স্বর্ণের ভাগাভাগি নিয়ে মারুফের সঙ্গে সাকেরের বিরোধ সৃষ্টি হয়। এর ফলস্বরূপ ২৭ অক্টোবর ভোরে ভাড়াটে খুনি দিয়ে সাকেরকে গুলি করে হত্যা করা হয়।
আরও পড়ুন: মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল উত্তোলনের অভিযোগ, গুদাম কর্মকর্তা প্রত্যাহার
এই ঘটনার পর ২৮ অক্টোবর মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের সময়, স্বর্ণ ডাকাতি ও সাকের হত্যা মামলায় মোট ১১ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ৬২ ভরি স্বর্ণ। এর মধ্যে স্বর্ণ ডাকাতি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেন, শহরের আতর আলী সড়কের ব্যবসায়ী মিল্টন মোল্ল্যা, তার স্ত্রী মারুফা আক্তার, শহরের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়ার বাসিন্দা ফরিদ মন্ডল, তৌকির আহমেদ এবং জুয়েল হোসন। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০ ভরি ওজনের একটি সোনার বার, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার।
অন্যদিকে, সাকের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে স্বেচ্ছাসেবক দলের ওই দুই নেতাসহ মাগুরার পারন্দুয়ালী ব্যাপারীপাড়ার বাসিন্দা বসির আলী, মাগুরা শহরের তাঁতিপাড়ার বাসিন্দা রনি শিকদার, সদর উপজেলার বুজরুকশ্রীকুন্ডি গ্রামের শামীমা তাবাসসুম লুবনা এবং ঝিনাইদহ জেলার গীতাঞ্জলি সড়কের ব্যবসায়ী অনিমেষ মজুমদারকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫২ ভরি ওজনের ৫টি স্বর্ণের বার, খালি কার্তুজ ও বুলেট।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন আরও জানান, খুনের বিষয়টি নিয়ে আরও নিবিড় তদন্ত চলছে। বিশেষ করে সাকের হত্যার কিলিং মিশনে অংশগ্রহণকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন