মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,
০৩:২৬ পি.এম
খাগড়াছড়ির দীঘিনালায় হাচিনসন পুর আল হেরা ইসলামিক একাডেমির ২৬ শিক্ষার্থী পবিত্র কোরআনের সবক গ্রহণ করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে গজল, হাদিস ও কেরাত পরিবেশনের পাশাপাশি জানাজার নামাজের ওপর সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় কবাখালী ইউনিয়নের হাচিনসন পুর এলাকায় একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান করেন বেলছড়ি মাদ্রাসার পরিচালক মাওলানা মো. ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইদ্রিস।
এ সময় উপস্থিত ছিলেন হাচিনসন পুর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরুল আবছার মুনাফ, দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা, দীঘিনালা উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. জামালুল হাসান জামাল, সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন এবং দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা গজল, হাদিস ও কেরাত পরিবেশন করলে উপস্থিত অতিথি ও অভিভাবকেরা তাদের প্রশংসা করেন। পাশাপাশি জনসচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্যোগে জানাজার নামাজের বিভিন্ন ধাপ ও নিয়ম নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিশুদের অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনী উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকেরা জানান, ২০২২ সালে প্রতিষ্ঠিত আল হেরা ইসলামিক একাডেমিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থী রয়েছে প্রায় ১৩০ জন।
অনুষ্ঠানে মাদ্রাসার উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতের সমস্যার বিষয়টিও উঠে আসে। স্থানীয়দের অভিযোগ, একাডেমিতে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বৃষ্টি হলে কাঁচা রাস্তায় পানি জমে কাদায় পরিণত হওয়ায় শিশুদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।
দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা বলেন, মাদ্রাসা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা যাতায়াতের সমস্যার কথা জানিয়েছেন। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পার হয়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আছেন আমাদের নেতা ওয়াদুদ ভূঁইয়া। তিনি দীঘিনালার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আশা করি, খুব শিগগিরই এই এলাকার যাতায়াত সমস্যার সমাধান হবে।
হাচিনসন পুর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরুল আবছার মুনাফ বলেন, সামান্য বৃষ্টি হলেই শিশুরা মাদ্রাসায় আসতে গিয়ে ভিজে যায়। রাস্তার পাশে থাকা পুকুরগুলো থেকে পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। যুবসমাজকে সঙ্গে নিয়ে দ্রুত এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
দীঘিনালা উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. জামালুল হাসান জামাল বলেন, আজ ২৬ জন শিক্ষার্থী পবিত্র কোরআনের সবক গ্রহণ করছে। আল্লাহ যেন তাদের কবুল করেন। বাড়ির পাশে এমন একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থাকা এলাকার মানুষের জন্য গর্বের বিষয়। সবার সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি ধর্মীয় শিক্ষার প্রসারে আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবকেরা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিশুদের এমন সৃজনশীল ও সচেতনতামূলক কার্যক্রম তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে সদরে অবস্থিত কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান। বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি এ পরিদর্শনে যান।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার।
পরিদর্শনকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের পাঠদানে অংশ নেন। তিনি সহজ উপায়ে সঠিক বাংলা উচ্চারণ, জটিল বাংলা ও ইংরেজি শব্দ সহজে উচ্চারণের কৌশল এবং সহজ নিয়মে অংক সমাধান ও নামতা মনে রাখার নিয়ম হাতে-কলমে শিখিয়ে দেন।
পাঠদান শেষে বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে ওয়াহিদুর রহমান বলেন, আপনারা প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান মনে করবেন। কোনো ভয়ভীতি না দেখিয়ে ওদের যেন সহজভাবে ও আনন্দমুখর পরিবেশে হাতে-কলমে শেখানো যায়, সে চেষ্টা অব্যাহত রাখবেন।
পরিদর্শন শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান বলেন,
"শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শুধু ক্লাসরুমের পাঠদানই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সহজ ও আনন্দদায়ক করে তুলতে হবে। আমাদের মূল লক্ষ্য শিশুরা যেন ভয় না পেয়ে ভালোবাসার সাথে পড়ালেখা শেখে। শিক্ষকরা তাদের সন্তানের মতো করে যত্ন নিলে কোমলমতি এই শিক্ষার্থীরা খুব দ্রুত যেকোনো বিষয় আয়ত্ত করতে পারবে।
এছাড়া, কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন ও বাথরুমের সমস্যার বিষয়টি আমার নজরে এসেছে। ১৭৩ জন শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে এসব অবকাঠামোগত সমস্যা সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের অবগত করা হবে।
উল্লেখ্য, কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১৭৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। জরাজীর্ণ ভবন ও বাথরুমের পর্যাপ্ত সুবিধা না থাকায় শিক্ষকরা এবং কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি ও নানা ভোগান্তির মধ্য দিয়ে পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনী আদালতে ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীনীর কা/রা/দ/ণ্ড
ফেনী আদালতে দায়ের করা একটি ধ/র্ষ/ণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী নারীকে কা/রা/দ/ণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি মিথ্যা মামলা দায়েরের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে এই সা/জা দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। বিচার প্রক্রিয়ায় প্রমাণিত হয় যে, আসামিকে হয়রানি করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই মিথ্যা ধ/র্ষ/ণ মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত আইন অনুযায়ী বাদীনীকে এই কারাদণ্ড প্রদান করেন।
আইনজীবীরা বলছেন, এ ধরনের রায় ভুয়া বা মিথ্যা মামলা দায়েরের প্রবণতা রোধে একটি দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বর মাসের জন্য নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে তিনি উল্লেখ করেন যে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাশকতার সুনির্দিষ্ট শঙ্কা নেই, তবে আইনবিরোধী কোনো কার্যকলাপ ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ওষুধ তৈরির যন্ত্রও জব্দ করা হয়।
মহানগর গোয়েন্দা প্রধান জানান, আটককৃত এসব ওষুধের মধ্যে শিশুদের জন্য নির্ধারিত ওষুধও রয়েছে। কিছু চিকিৎসক এসব ওষুধ জেনেবুঝেই প্রেসক্রাইব করছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। এ সময় উদ্ধার করা হয়েছে ১৩৭ কেজি গাঁজা। বুধবার (৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৪, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. শাহিন আলম (২৩) ও মো. বাবুল (৩২)।
এসআরবি-৪ জানায়, কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হকের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার ফয়েজ সারজিল এবং স্কোয়াড কমান্ডার হালিউজ্জামানসহ সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল বগাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিন আলম ও বাবুলকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি-৪ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আশুলিয়ায় এনে মজুদ করতেন। এরপর তারা আশুলিয়া, সাভার, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে এসব গাঁজা সরবরাহ করতেন।
এসআরবি-৪, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার শাহিন আলম ও বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ