ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আগামী বছর বাড়তে পারে এইডসের সংখ্যা: জাতিসংঘের সতর্কবার্তা


আগামী বছর বাড়তে পারে এইডসের সংখ্যা: জাতিসংঘের সতর্কবার্তা

জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, আগামী বছর থেকে নতুন করে এইচআইভি ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। সংস্থাটি বিভিন্ন দেশে মানবাধিকার এবং যৌনস্বাস্থ্যবিষয়ক সেবার ওপর বিধিনিষেধের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা বলেছেন, বিশ্ব এইডস মহামারি নিয়ন্ত্রণে আনার পথে ছিল। কিন্তু আন্তর্জাতিক সহায়তা হ্রাস এবং মানবাধিকার সংকুচিত হওয়ার ফলে গত কয়েক দশকের অর্জন এখন হুমকির মুখে রয়েছে।

আরও পড়ুন: মজুরি নির্ধারণে তিন দফা আলোচনায় ব্যবধান কমেছে

তিনি উল্লেখ করেন, যদিও এখনও সংক্রমণের চূড়ান্ত পরিসংখ্যান পাওয়া যায়নি, তবে বিভিন্ন দেশের পরিস্থিতিতে এর লক্ষণ স্পষ্ট হচ্ছে। ২০২৭ সালে প্রকাশিত তথ্যের মধ্যে নতুন সংক্রমণের বৃদ্ধির প্রভাব দেখা দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

ইউএনএইডসের সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৫ সালে বিশ্বে নতুন করে ১২ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। ১৯৯৪ সালে এই সংখ্যা ছিল ৩৫ লাখ। এই হিসাবে গত তিন দশকে নতুন সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

তবে এই অগ্রগতি ধরে রাখা এখন কঠিন হয়ে পড়ছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এইচআইভি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন আগের বছরের তুলনায় প্রায় এক বিলিয়ন ডলারের বেশি কমেছে। এর ফলে প্রয়োজনীয় অর্থের তুলনায় বছরে ৪৩০ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে।

অর্থায়ন হ্রাস পাওয়ার কারণে বিভিন্ন দেশে এইচআইভি প্রতিরোধকেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে, স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমছে এবং আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে পরীক্ষা, প্রতিরোধমূলক ওষুধ এবং সচেতনতামূলক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন: ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

ইউএনএইডসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এইচআইভি প্রতিরোধে ব্যবহৃত ওষুধ প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস বা প্রিইপি গ্রহণকারীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। একই সময়ে বিশ্বে কনডম বিতরণের পরিমাণও ৩০০ কোটি থেকে কমে ২৭০ কোটিতে নেমে এসেছে।

এছাড়া, নারী ও মেয়েদের যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার এবং সমকামী ও অন্যান্য যৌন সংখ্যালঘু জনগণের অধিকার নিয়ে বিভিন্ন দেশে রাজনৈতিক বিরোধিতা বাড়ছে। এর ফলে ঝুঁকিতে থাকা জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সংকুচিত হতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।

ইউএনএইডসের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে প্রায় ৪ কোটি মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছেন। তাদের মধ্যে ৩ কোটি ২১ লাখ মানুষ নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। আধুনিক চিকিৎসার কারণে এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারছেন। তবে চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবা ব্যাহত হলে নতুন সংক্রমণ এবং এইডসজনিত মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।

জাতিসংঘের লক্ষ্য হলো, ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের জন্য একটি হুমকি হিসেবে নির্মূল করা। তবে অর্থায়ন ও স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সেই লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়তে পারে।

আরও পড়ুন: সাদুল্লাপুরে ট্রাফিক পুলিশের অভিযানে ৬ মোটরসাইকেল আটক

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনেগাল থেকে ইউরোপগামী নৌকা নিখোঁজ, ১৭৫ অভিবাসীর সন্ধান মেলেনি দুই সপ্তাহে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ এম


সেনেগাল থেকে ইউরোপগামী নৌকা নিখোঁজ, ১৭৫ অভিবাসীর সন্ধান মেলেনি দুই সপ্তাহে

উন্নত জীবনের সন্ধানে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করার পথে সাগরে প্রায় ১৭৫ অভিবাসী নিখোঁজ হয়ে গেছেন। সেনেগালের রাজধানী ডাকার থেকে ইউরোপের দিকে যাত্রা করা একটি কাঠের নৌকার সঙ্গে যোগাযোগ প্রায় দুই সপ্তাহ আগে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে নৌকাটির যাত্রীদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। মানবাধিকার সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৯ বা ১০ নভেম্বর সেনেগালের রাজধানী ডাকারের ইয়ফ এলাকা থেকে নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। স্থানীয়ভাবে এই ধরনের কাঠের নৌকাকে ‘পিরোগ’ বলা হয়। ইয়ফ এলাকার মেয়র সেদিনা ইসা লায়ে জানিয়েছেন, নৌকাটিতে প্রায় ১৭৫ জন যাত্রী ছিলেন।

তবে অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপ নামের একটি বেসরকারি সংস্থা দাবি করেছে, নৌকাটির ১৭২ জন যাত্রী নিখোঁজ রয়েছে। সংস্থাটি তাঁদের সন্ধানে দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করার দাবি করেছে।

এদিকে, সেনেগালের নৌবাহিনী জানিয়েছে, গত সোমবার পাঁচটি নৌকায় থাকা ৯৭৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার, আটক অথবা সমুদ্রযাত্রার আগেই থামানো হয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি মাসে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। নভেম্বরের প্রথম ১২ দিনে ৮ হাজারের বেশি মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।

তবে ইউরোপে পৌঁছানোর এই সমুদ্রপথ অত্যন্ত বিপজ্জনক। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে এই পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে। শুধু চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ৬৩৫ জন প্রাণ হারিয়েছেন। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাগলনাইয়ায় ৮ কোটি টাকায় ৫ কিমি সড়ক উন্নয়ন কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৭ এম


ছাগলনাইয়ায় ৮ কোটি টাকায় ৫ কিমি সড়ক উন্নয়ন কাজ শুরু

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার থেকে দাইয়াবিবি বাজার পর্যন্ত (ভায়া মহামায়া ঘাট) পাঁচ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এ তথ্য জানা গেছে। সড়কটির বর্তমান ১০ ফুট প্রস্থ বাড়িয়ে সাড়ে ১৬ ফুট করা হবে। উন্নয়নকাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

সড়কটির উন্নত হলে ছাগলনাইয়া, ফুলগাজী ও ফেনী সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তির শিকার হওয়া স্থানীয় বাসিন্দাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে কাজ করবে।

সড়কটি পূর্ব সোনাপুর, পূর্ব পাঠানগড়, উত্তর হরিপুর, দক্ষিণ হরিপুর ও বাথানিয়া গ্রামের মধ্য দিয়ে বিস্তৃত। এসব এলাকার মানুষের উপজেলা সদর, স্থানীয় বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের অন্যতম মাধ্যম এই সড়ক।

স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির উন্নয়নকাজ শেষ হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অনেকটা সমাধান হবে। বর্ষা মৌসুমে কাদা-পানি, জলাবদ্ধতা ও ভাঙাচোরা রাস্তার কারণে যে দুর্ভোগ পোহাতে হয়, তা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। শিক্ষার্থীদের বিদ্যালয়-কলেজে যাতায়াত, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া এবং কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করাও সহজ হবে।

এ ছাড়া উন্নত যোগাযোগব্যবস্থার ফলে স্থানীয় কৃষি ও ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন চলাচলের সুযোগ আরও সহজ হবে।

সড়কটির প্রস্থ ১০ ফুট থেকে বাড়িয়ে সাড়ে ১৬ ফুট করার ফলে যানবাহন চলাচলে বাড়তি সুবিধা তৈরি হবে। স্থানীয় পর্যায়ে যোগাযোগের সক্ষমতা বাড়ার পাশাপাশি তিন উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে।

ছাগলনাইয়া উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে এবং আগামী তিন মাসের মধ্যে তা শেষ করার পরিকল্পনা রয়েছে। এলজিইডির তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির পক্ষে ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম ও শাফায়েত।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ হলে সড়কটি তিন উপজেলার গ্রামীণ জনপদের যোগাযোগ, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরাগে নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে যুবলীগের উপজেলা সভাপতি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ এম


তুরাগে নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে যুবলীগের উপজেলা সভাপতি গ্রেফতার

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানের মাধ্যমে তুরাগ থানার যুবলীগের জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সভাপতি মো. ফরিদুল ইসলাম (৪৭) গ্রেফতার হয়েছেন।

ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, মঙ্গলবার রাতের আনুমানিক ৮টা ১০ মিনিটে তুরাগ থানার শুক্রভাঙ্গা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ব্যক্তি রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্লোগান ও ঝটিকা মিছিলসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন গাদি আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ এম


ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন গাদি আইজেনকোট

অক্টোবর মাসের নির্বাচনের পর ইসরাইলের সরকার গঠনের উদ্দেশ্যে একটি ডানপন্থি বিরোধী দলের সঙ্গে জোট গঠনের কথা ঘোষণা করেছেন গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি। মঙ্গলবার ‘ইয়াশার’ পার্টি জানায়, তারা ইসরাইলের ‘আওয়ার হোম’ পার্টির নেতা আভিগদোর লিবারম্যানের সঙ্গে আলোচনা শেষে জোট চুক্তিতে সম্মত হয়েছে।

নির্বাচনে কোনো দল এককভাবে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, ফলে গত ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ গ্রহণ করেছে ইসরাইলের পার্লামেন্ট। ২৭ অক্টোবরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিনের সময় দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠন করতে হবে। প্রয়োজন হলে আরো ১৪ দিনের সময় চাওয়ার সুযোগ রয়েছে। যদি তিনি ব্যর্থ হন, তাহলে নেতানিয়াহুকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হতে পারে। যদি কেউ সরকার গঠনে ব্যর্থ হন, তাহলে আগামী বছর নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরব দল নিয়ে জটিলতা

আইজেনকোটের ইয়াশার পার্টি নির্বাচনে ২১টি আসন এবং লিবারম্যানের আওয়ার হোম পার্টি সাতটি আসন পেয়েছে। আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের বিরোধী লিবারম্যানের সঙ্গে আইজেনকোটের এই জোট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট করেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি। বর্তমানে তাদের আসনসংখ্যা ৫৩।

আইজেনকোটের সম্ভাব্য জোটের আসনসংখ্যা ৪৮। তবে ইসরাইলের আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর ১৯টি আসনের সমর্থন পেলে সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে।

ঐক্য সরকার নিয়েও আলোচনা

এদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আইজেনকোটের আলোচনা চলছে। তবে এ উদ্যোগে অসন্তোষ প্রকাশ করেছে বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি। দলটি আইজেনকোটের সঙ্গে আলোচনা স্থগিত করেছে।

ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান জানিয়েছেন, নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের পক্ষেই তারা।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%