০৫:৪৪ পি.এম
ভারতের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার ইসরায়েলগামী একটি উড়োজাহাজের যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করেছেন, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে। তার সাহস, কর্তব্যবোধ ও উপস্থিত বুদ্ধির জন্য বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে তারা পাইলটের প্রশংসা করার পাশাপাশি তার দ্রুত সুস্থতাও কামনা করেছেন।
শাহরুখ খান ক্যাপ্টেন স্মিতকে উদ্দেশ্য করে লেখেন, “যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। প্রতিকূলতার মুখোমুখি হয়ে নিজের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা সহজ নয়। কিন্তু যাত্রীদের রক্ষা করতে আপনি সেটিই করেছেন। একজন ক্যাপ্টেনের দায়িত্ব কী, তা আপনার সাহস ও কর্তব্যবোধে ফুটে উঠেছে। দ্রুত সুস্থতা কামনা করছি। আপনাকে নিয়ে পুরো দেশ গর্বিত।”
সালমান খানও স্মিতের প্রশংসা করে পোস্ট দেন। তিনি লেখেন, “কামাল করে দিয়েছেন পাইলটজি। আমরা সবাই আপনাকে স্যালুট করি। আপনার সঙ্গে উড়তে পারলে আনন্দিত হব। ভালো করেছেন ভাই।”
আরও পড়ুন: প্রকাশ রাজের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা, সরকারকে প্রশ্ন
ঘটনাটি ঘটে বুধবার, যখন দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে ১৭৪ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২৭ জন শিশু। অভিযোগ রয়েছে, উড্ডয়নের পর পাইলট স্মিত মাচ্ছারকে তার সহকারী পাইলট ছুরিকাঘাত করেন এবং একপর্যায়ে উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করা হয়।
এই সময় উড়োজাহাজটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় ১৭ হাজার ফুটেরও বেশি নিচে নেমে যায়। পরে সৌদি আরবের তাবুক শহরের প্রিন্স সুলতান বিন আবদেল আজিজ বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করানো হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, স্মিত উড়োজাহাজের গ্যালিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মুখে অক্সিজেন মাস্ক ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।
শুক্রবার আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্মিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলেন। প্রায় ১০ মিনিটের ওই কথোপকথনে তিনি ঘটনার বিস্তারিত জানান।
আরও পড়ুন: তিশার বিস্ফোরক দাবি, সাবিলার কারণে ভেঙেছে প্রেম-বিয়ে
স্মিত জানান, তিনি ১৭ বছর ধরে পাইলট হিসেবে কাজ করছেন এবং এর মধ্যে ১১ বছর ধরে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। দুর্ঘটনার আশঙ্কায় উড়োজাহাজটি নিচের দিকে নেমে যাচ্ছে বুঝতে পেরেছিলেন তিনি। স্মিত বলেন, “আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। নিজেকে বললাম, দরজাটা তো ঠিক সামনেই। শুধু খুলে ফেলতে হবে। শেষ পর্যন্ত দরজাটি খুলতে পেরেছিলাম, এরপর মানুষজন ভেতরে ঢুকে পড়ে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্মিতের সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, তার পদক্ষেপ মানুষের জীবন রক্ষা করেছে এবং ভারতীয় পাইলটদের সুনাম অক্ষুণ্ন রেখেছে।
গুজরাটের বাসিন্দা স্মিত মোদিকে জানান, সংকটের মুহূর্তে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন, বিশেষ করে হিন্দু দেবতা হনুমানের উদ্দেশে প্রার্থনা করার কথাও জানান।
শাহরুখ ও সালমান ছাড়াও রণবীর সিং, ভিকি কৌশল, সানি দেওল ও তামান্না ভাটিয়াসহ আরও কয়েকজন বলিউড তারকা স্মিত মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
আরও পড়ুন: নারীদের প্রতি অশালীনতা ও হেনস্থার বিরুদ্ধে ‘নো মোর সাইলেন্স’ প্রতিবাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন