দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা তাঁতীদল।
সোমবার পৌর শহরে আয়োজিত এ কর্মসূচিতে তাঁতীদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
মিছিলে হোসেনপুর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়সাল,যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনসহ তাঁতীদলের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশে-বিদেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের দোসররা গোপনে নাশকতা, গুজব ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন তাঁতীদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করবেন।
এ সময় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।