ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজে টোল আদায় হলে তা অন্য জলপথেও ছড়িয়ে পড়বে: রুবিও


হরমুজে টোল আদায় হলে তা অন্য জলপথেও ছড়িয়ে পড়বে: রুবিও

হরমুজ প্রণালীতে টোল আদায় হলে তা ক্রমেই অন্যান্য জলপথেও ‘সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়বে’ বলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) গালফ কো-অপারেশন কাউন্সিলের বৈঠকে যোগ দিতে বাহরাইনে অবস্থানের সময় তিনি এই বক্তব্য তুলে ধরেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইরানের আরোপিত মাশুল বা ফি আদায়ের বিষয়টি অন্যান্য জলপথেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যা ‘পূর্ণাঙ্গ বিশৃঙ্খলা’র ঝুঁকি সৃষ্টি করবে। তিনি এ সময় বলেন, যুক্তরাষ্ট্র এমন এক ‘বাস্তব ও দীর্ঘস্থায়ী’ শান্তির দিকে আগ্রহী, যা দেশ ও তার মিত্রদের নিরাপত্তা এবং সমৃদ্ধিকে ক্ষুণ্ণ করবে না।

মার্কো রুবিও আরো বলেন, আন্তর্জাতিক জলপথ কোনো নির্দিষ্ট রাষ্ট্রের মালিকানাধীন নয়। এটি বর্তমান বিশ্বের একটি মৌলিক নীতি এবং এই নীতি না থাকলে বিশ্বজুড়ে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে। যদি আমরা সত্যিই মেনে নিই যে, কোনো আন্তর্জাতিক জলপথ নিজের ভূখণ্ডের কাছাকাছি হওয়ার কারণে তা ব্যবহারের জন্য অর্থ দাবি করা যায়, তবে এই প্রবণতা সারাবিশ্বে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়বে।

আরও পড়ুন: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীকে কোনো একটি নির্দিষ্ট দেশের মালিকানাধীন বলে স্বীকৃতি দেয় না। তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আগ্রহী, তবে তিনি এ প্রসঙ্গে জোর দিয়ে বলেন, যেকোনো মূল্যে তারা এমন কোনো চুক্তি চায় না।

এর আগে গতকাল ইরানের রেভোলিউশনারি গার্ডস সতর্ক করে জানিয়েছে, অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা নির্দিষ্ট কিছু কর্তৃপক্ষের ঘোষিত ওই জলপথের একটি নতুন রুট বা পথের বিষয়টিও প্রত্যাখ্যান করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু তারা জানাননি।

সূত্র: আলজাজিরা, গাল্ফ নিউজ, ডন।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারকে প্রস্তাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরপর তিন দেশে ভূমিকম্প, বিশ্বের নানা প্রান্তে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


পরপর তিন দেশে ভূমিকম্প, বিশ্বের নানা প্রান্তে আতঙ্ক

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে তিনটি ভিন্ন অঞ্চলে। 

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পের ফলে বহু প্রাণহানি ঘটেছে। এরপর জাপানের উত্তর-পূর্বাঞ্চল এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্প প্রবণ বিভিন্ন অঞ্চলে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে। 

বুধবার (২৪ জুন) সকালে দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী কারাকাসের পশ্চিমে ক্যারিবীয় উপকূলীয় অঞ্চল। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, এটি দেশের গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। 

সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, অন্তত ৩২ জন নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছেন। বহু ভবন ধসে পড়েছে, সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে বাইরে অবস্থান করছেন। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার কাজে ব্যস্ত রয়েছেন। 

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের পর কয়েক দফা আফটারশকও অনুভূত হয়েছে। 

ভেনেজুয়েলার বিপর্যয়ের কয়েক ঘণ্টার মধ্যেই, এশিয়ার দেশ জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো জানায়, কম্পনের মাত্রা ছিল প্রায় ৭.২। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 

প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও, কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় সেখানে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিও যথেষ্ট শক্তিশালী। 

এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মেনডোসিনো কাউন্টির রেডউড ভ্যালি এলাকার কাছে। 

স্থানীয় সংবাদমাধ্যম ও ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, এটি প্রায় ৯০ বছরের মধ্যে অঞ্চলটিতে অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, কম্পনে কিছু মানুষ আহত হয়েছেন এবং কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্নতার মুখে পড়েছেন। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে সীমিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের প্রাণহানি ঘটেনি। ভূমিকম্পের পর একাধিক আফটারশকও রেকর্ড করা হয়েছে। 

ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন টেকটোনিক প্লেটের সক্রিয় অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প নতুন কোনো ঘটনা নয়। ভেনেজুয়েলা, জাপান ও ক্যালিফোর্নিয়ার ভূমিকম্পগুলোর মধ্যে সরাসরি বৈজ্ঞানিক সম্পর্কের প্রমাণ নেই। যাহোক, স্বল্প সময়ের ব্যবধানে একাধিক দেশে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। 

বিশ্বের বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আফটারশকের ঝুঁকি রয়েই যাচ্ছে। এজন্য সংশ্লিষ্ট দেশগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমাজকল্যাণমন্ত্রীকে নানা বাড়ির দিকে নজর দিতে বললেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


সমাজকল্যাণমন্ত্রীকে নানা বাড়ির দিকে নজর দিতে বললেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে তার নানাবাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দিকে বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের উপর ময়মনসিংহ ১০ (গফরগাঁও-) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার এই কথা বলেন।

সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান সংসদে বলেন, ‘আমার এলাকাটা অত্যন্ত অবহেলিত। এই এলাকাটিতে বিশেষায়িত বিশেষ নজর দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী এখানে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সমাজকল্যাণ মন্ত্রীর জন্মও কিন্তু আমার গফরগাঁওয়ে। উনার নানার বাড়ি আমার গফরগাঁওয়ে। যদি মন্ত্রী মহোদয়রা একটু দৃষ্টি দেন এই অবহেলিত জনপদের প্রতি, তাহলে এই গফরগাঁওয়ের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

পিছিয়ে পড়া জনপদকে এই জনপদটি এগিয়ে যাবে। আমি আশা করবো প্রধানমন্ত্রী যেভাবে গফরগাঁওকে গুরুত্ব দিয়েছেন, মন্ত্রী মহোদয়রাও সেভাবে গুরুত্ব দেবেন।’

স্পিকার এ সময় সমাজকল্যাণমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রী, নানাবাড়ির দিকে খেয়াল রাখবেন।’ গফরগাঁওকে অবহেলিত শুনে স্পিকার তখন প্রশ্ন করেন ‘গফরগাঁওয়ের বেগুন তো আছে?’।

মোহাম্মদ আক্তারুজ্জামান তার জবাবে বলেন, ‘লাফা বেগুন সেটিও বিলুপ্ত হয়ে গেছে।’ আক্তারুজ্জামান তখন আরো বলেন, ‘আমার এলাকার কিছু সমস্যার কথা আমাকে বলতেই হবে এখানে। আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি ৪৭ বছর পর ওই এলাকার মানুষ সংসদে আসার সৌভাগ্য লাভ করেছে। আমি গোলন্দাজের জুলুমের রাজ্যে ছিলাম, যেখানে জিয়া হত্যার সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত গিয়াস এই মহান সংসদে এসে কলঙ্কিত করেছিলেন। তারা জুলুমের রাজ্য কায়েম করেছিলেন, আমি ইনসাফের রাজ্য কায়েম করতে চাই।

সেই ইনসাফের রাজ্য কায়েম করতে আমি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো, যেহেতু বিভিন্ন বিভাগের অবকাঠামো উন্নয়নে বিভাগ ভিত্তিক বরাদ্দ রয়েছে, কিন্তু ময়মনসিংহ বিভাগ সেখানে অন্তর্ভুক্ত নেই। স্থানীয় সরকার মন্ত্রী এখানে রয়েছেন, উনি অত্যন্ত আন্তরিক। আমি উনার প্রতি অনুরোধ জানাচ্ছি, উনি সারা বাংলাদেশের মতোই ময়মনসিংহ বিভাগকে, ময়মনসিংহ জেলাকে ও আমার পিছিয়ে পড়া গফরগাঁও-পাগলার প্রতি বিশেষ দৃষ্টি দেবেন।’

তিনি বলেন, ‘আমরা জুলাইয়ে যুদ্ধ করেছি। এখানে উপস্থিত অনেকেই জুলাইয়ে যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরাও করেছেন। কিন্তু অনেকেই জুলাইয়ের চেতনা বিক্রি করেন। আমরা জুলাইয়ের চেতনা বিক্রি করি না, আমরা জুলাইকে ধারণ করি। জুলাই তো বিক্রি করার বিষয় নয়।’ যত্নে তিনি বলেন, যারা জুলাইয়ের চেতনা বিক্রি করেন তাদের জীবনযাত্রার পরিবর্তন জনগণের সামনে তুলে ধরা উচিত। অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন তারা প্রাডো গাড়িতে চড়েন, এবং জুলাইয়ের চেতনা বিক্রি করেন। আমি এখনও যে গাড়িতে আগে চড়তাম, সেই গাড়িতেই চলাফেরা করি। নির্বাচনের সময় গাড়িটির অবস্থা আরও খারাপ হয়ে গেছে, কিন্তু এরপরেও সেটিই ব্যবহার করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় গ্রাহকের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা কৃষি ব্যাংকের গার্ড, ওজোপাডিকোর ৪ সদস্য তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তরিকুল ইসলাম, ভাণ্ডারিয়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


ভাণ্ডারিয়ায় গ্রাহকের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা কৃষি ব্যাংকের গার্ড, ওজোপাডিকোর ৪ সদস্য তদন্ত কমিটি গঠন
 

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বিদ্যুৎ বিল আদায়ের প্রায় ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের নিরাপত্তাকর্মী (গার্ড) উজ্জ্বল মিস্ত্রী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় গ্রাহক ও সংশ্লিষ্ট মহলে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। প্রাথমিক ভাবে প্রায় ৪ হাজার ৪০০ গ্রাহকের জমা দেওয়া অর্থের হিসাব গরমিল পাওয়া গেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জে এস এস সিকিউরিটি কোম্পানির মাধ্যমে ভাণ্ডারিয়া কৃষি ব্যাংকে নিয়োজিত নিরাপত্তাকর্মী উজ্জ্বল মিস্ত্রী দীর্ঘদিন ধরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর বিদ্যুৎ বিল সংগ্রহের কাজে যুক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেও তাকে নিয়মিত ভাবে ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসিয়ে গ্রাহকদের বিদ্যুৎ বিলের টাকা গ্রহণ করানো হতো। আর্থিক লেনদেনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন নিরাপত্তাকর্মীকে নিয়োজিত করায় ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগ অনুযায়ী, উজ্জ্বল মিস্ত্রী ও ওজোপাডিকোর ভাণ্ডারিয়া বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের আউটসোর্সিং কম্পিউটার অপারেটর সুশান্ত এবং নেয়ামত উল্লাহ রেজভীর যোগসাজশে গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে যথাযথ ভাবে জমা দেওয়া হয়নি। ফলে বিপুল অঙ্কের অর্থের হিসাব গরমিলের ঘটনা সামনে আসে।

সূত্র জানায়, কম্পিউটার অপারেটর সুশান্ত ও নেয়ামত উল্লাহ রেজভীর দায়িত্ব ছিল নিয়মিত ভাবে বিদ্যুৎ বিল আদায়ের হিসাব যাচাই-বাছাই (অডিট) করে আবাসিক প্রকৌশলী মো. ফিরোজ হোসেন সন্যমতের কাছে প্রতিবেদন উপস্থাপন করা। তবে দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ অর্থের গরমিল থাকলেও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে তাদের দায়িত্ব পালন নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, উজ্জ্বল মিস্ত্রী গত ১৮ জুন সর্বশেষ কর্মস্থলে উপস্থিত ছিলেন। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি সামনে আসার পর প্রাথমিক অনুসন্ধানে প্রায় ৪ হাজার ৪শ গ্রাহকের প্রায় ৭০ লাখ টাকার হিসাব গরমিল শনাক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযোগ রয়েছে, সাপ্তাহিক ছুটির দিনেও গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিল গ্রহণ করা হয়েছে। গত ৫ জুন শুক্রবার ৬২২ জন গ্রাহকের কাছ থেকে ৫ লাখ ৬৬ হাজার ৭৫১ টাকা এবং ৬ জুন শনিবার ৫২৮ জন গ্রাহকের কাছ থেকে ৬ লাখ ৫৪ হাজার ৭১৬ টাকা আদায় করা হয়। এসব অর্থের এন্ট্রি দেওয়া হলেও সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনা প্রকাশের পর ক্ষুব্ধ গ্রাহকরা তাদের জমা দেওয়া অর্থের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত অর্থ উদ্ধার, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আবাসিক প্রকৌশলী মো. ফিরোজ হোসেন সন্যমত জানান, ঘটনাটি তদন্তে ব্যাংক ও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়েছে। তদন্তে কোনো সংঘবদ্ধ জালিয়াতি চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তাও খতিয়ে দেখার জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর, পরিচালণ ও সংরক্ষণ সার্কেল, ওজোপাডিকো, বরিশাল এর প্রকৌঃ পরিতোষ চন্দ্র সরকার, গত ১৭ জুন ওজোপাডিকো বরিশাল আঞ্চলিক হিসাব শাখার ব্যাবস্থাপক মোঃ রেজাউল করিমকে আহবায়ক করে ৪ সদস্য একটি তদন্ত কমিটি করেন। অন্য সদস্যরা হলেন নিবাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগের মোঃ মতিউর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী দিপক মিস্ত্রী, সহকারী প্রকৌশলী ইমানুর রহমানকে চারদিনের মধ্যে রিপোর্ট প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক ভান্ডারিয়া শাখার শাখা ব্যবস্থাপক মিঠুন সাহ কে ব্যাংকে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। তাকে অফিসের মোবাইলে ফোন করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে একটি সুত্র জানায় তিনি ব্যাংকের কাজে বাগেরহাটে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে থানায় ঢুকে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলা, ইউনিফর্মের শার্ট ছিঁড়ে হত্যাচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


ভারতে থানায় ঢুকে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলা, ইউনিফর্মের শার্ট ছিঁড়ে হত্যাচেষ্টা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় থানায় হামলা ও পুলিশ সদস্যদের ওপর ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার মধ্যে এক কর্নেল ও এক মেজরও আছেন। খবরটি এসেছে এনডিটিভির মাধ্যমে।

দায়েরকৃত প্রতিবেদনে পুলিশ ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের অধীনস্থ কমান্ডিং অফিসার কর্নেল এন অরুণ গান্ধী, মেজর বিকাশ শর্মা, নায়েব সুবেদার শঙ্কর গুরখে এবং আরও ৩০-৪০ জন অজ্ঞাতনামা সেনা সদস্যকে আসামি হিসেবে চিহ্নিত করেছে। অভিযোগে বলা হয়েছে, তারা কিশতওয়ারের আথোলি থানায় জোরপূর্বক প্রবেশ করেছে এবং সরকারের কর্মকর্তা ও থানার মধ্যে অবস্থানরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছে।

সেনাবাহিনীর প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ভারতীয় সেনাবাহিনী আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করবে। যৌথ তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি একটি চলমান তদন্ত, তাই এ পর্যায়ে মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযোগের মধ্যে আথোলির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) বিজয় কুমার ভগত এবং আথোলি থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) অমৃত কাটোচও হামলার শিকার হয়েছেন।

এসএইচও’র দায়ের করা এফআইআরে বলা হয়েছে, যখন তিনি পাড্ডারের ব্লক ডেভেলপমেন্ট অফিসে অনুষ্ঠিত একটি সরকারি অনুষ্ঠানে ছিলেন, তখন সেনাসদস্যরা থানায় হামলা চালায়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করছিলেন কিশতওয়ারের জেলা কমিশনার। তথ্যে উল্লেখ থাকে যে, থানার ভেতরে ঘটনার খবর পাওয়ার পর তিনি দ্রুত থানায় ফিরে যান।

এফআইআরে আরও বলা হয়েছে, অভিযোগকারী কর্মকর্তা যখন থানার প্রাঙ্গণে প্রবেশ করেন, তখন মেজর বিকাশ শর্মার নেতৃত্বাধীন সেনাসদস্যরা তার ওপর শারীরিক হামলা চালায়। ধস্তাধস্তির সময় সেনাসদস্যরা তার ইউনিফর্মের শার্ট ছিঁড়ে ফেলে এবং এসডিপিও আথোলির ওপরও হামলা করে।

পুলিশের অভিযোগ, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এফআইআরে উল্লেখ করা হয়েছে যে, হামলাকারীরা লাঠি, লোহার রড ও সরকারি অস্ত্রে সজ্জিত হয়ে থানার প্রধান ফটক ও সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, কিশতওয়ারের সহকারী আঞ্চলিক পরিবহন কর্মকর্তা (এআরটিও) সেনাবাহিনীর একটি যানবাহন জব্দ করার পর সেনাসদস্যরা থানায় হামলা চালায়।

এফআইআর অনুযায়ী, হামলাকারীরা সরকারি ও জনসম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি করে। তারা এআরটিওর সরকারি গাড়ি, আথোলি থানার এসএইচওর গাড়ি এবং এসডিপিও আথোলির গাড়ি ভাঙচুর করে। এছাড়া থানার প্রধান ফটকও ভেঙে ফেলে।

পুলিশের দাবি অনুযায়ী, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং অভিযুক্ত সেনাসদস্যদের লক্ষ্য ছিল দায়িত্বরত পুলিশ সদস্যদের ‘হত্যা করা’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%