০২:০৮ পি.এম
ইতালির বিখ্যাত মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্চেসি আন্তিনোরির গুদাম থেকে মুখোশধারী দুর্বৃত্তরা প্রায় ৩০ হাজার বোতল মদ চুরি করেছে। এই চুরি হওয়া মদের বাজারমূল্য ৫০ লাখ ডলারের বেশি। প্রতিষ্ঠানটির ধারণা, এটি বিশ্বের অন্যতম বড় মদ চুরির ঘটনা হতে পারে।
শুক্রবার (৯ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইতালির ফ্লোরেন্সের কাছে করতোনা শহরে অবস্থিত প্রতিষ্ঠানটির একটি গুদামে সপ্তাহান্তে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা গুদামের অ্যালার্ম ব্যবস্থা অকার্যকর করে সেখানে প্রবেশ করে। তবে সোমবার কর্মীরা রপ্তানির জন্য মদ প্রস্তুত করতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন।
আরও পড়ুন: ট্রাম্পের মাথাব্যথার কারণ মুসলিম প্রার্থী ড. আব্দুল এল সাইদ
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রেনজো কোটারেলা সিএনএনকে জানান, চুরি হওয়া সব মদই ২০২৩ সালের উৎপাদিত। এর মধ্যে প্রতিষ্ঠানটির সবচেয়ে জনপ্রিয় ও দামি কয়েকটি ব্র্যান্ডের মদ রয়েছে। আন্তর্জাতিক বাজারে এসব মদের প্রতিটি বোতলের দাম ১৫০ থেকে ৫০০ ইউরো, যা প্রায় ১৬৮ থেকে ৫৬১ ডলারের সমান।
চুরি হওয়া মদের মধ্যে রয়েছে সোলাইয়া, গুয়াদো আল তাসো ও তিগনানেলোর মতো বিখ্যাত ব্র্যান্ড। এগুলো ‘সুপার টাস্কান’ ঘরানার লাল মদের জন্য পরিচিত। প্রতি বছর সোলাইয়ার প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার বোতল উৎপাদিত হয়। এর মধ্যে প্রায় ১০ হাজার বোতল চুরি হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। করতোনা পুলিশ ব্যাপক তল্লাশি চালাচ্ছে। চুরির কাজে ব্যবহৃত দুটি ট্রাক এখনো ইতালিতে রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
মার্চেসি আন্তিনোরি এক বিবৃতিতে জানিয়েছে, চুরি হওয়া বোতলের সংখ্যা ও আনুমানিক বাজারমূল্য বিবেচনায় ঘটনাটি বিশ্বের অন্যতম বড় মদ চুরির ঘটনা হতে পারে। কর্তৃপক্ষের তদন্ত চলছে। একই সঙ্গে চুরির প্রকৃত পরিমাণ নির্ধারণের কাজও চলছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন বদলে দেবে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক?
কোটারেলা বলেন, অজ্ঞাত বিক্রেতাদের কাছ থেকে এসব মদ না কিনতে ভোক্তাদের সতর্ক করা হচ্ছে। বাজারে চুরি হওয়া মদ পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধও করেছে প্রতিষ্ঠানটি।
তিনি জানান, রপ্তানির জন্য গুদামে রাখা মদগুলো আগে থেকেই বাক্সবন্দি ও প্যাকেটজাত করা ছিল। ফলে চোরদের পক্ষে সেগুলো দ্রুত সরিয়ে নেওয়া সহজ হয়েছে।
ইতালিতে দামি মদ চুরির ঘটনা এটিই প্রথম নয়। গত মাসে দেশটির পিয়েমন্তে অঞ্চলের কন্তেরনো ফান্তিনো আঙুরবাগান থেকে প্রায় ৩ হাজার বোতল বারোলো মদ চুরি হয়। এসব মদের মূল্য ছিল প্রায় ৪ লাখ ইউরো। তবে আগের ঘটনার সঙ্গে সাম্প্রতিক চুরির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
১৩৮৫ সালে প্রতিষ্ঠিত মার্চেসি আন্তিনোরি বর্তমানে পরিবারের ২৬তম প্রজন্ম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি বিশ্বের ১৭০টি দেশে মদ রপ্তানি করে। বছরে এর আয় প্রায় ২৬৫ মিলিয়ন ইউরো।
আরও পড়ুন: নির্বাচনি প্রচারে ট্রাম্পের বিতর্কিত কৌশল ও ভোটারদের জন্য সুবিধার প্রস্তাব
চুরি হওয়া মদ উদ্ধার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোটারেলা। তিনি বলেন, দুটি ট্রাক তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তিনি এখনো আশাবাদী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন