ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই, গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু


ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই, গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আটজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এই রোগের কারণে চলতি বছরে মোট ৪৯৯ জনের প্রাণহানি ঘটেছে।

গত এক দিনে নতুন করে ১ হাজার ৯৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

আরও পড়ুন: কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ৮৭৩ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করে আসছে।

২০২৩ সালে এ রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

গত বছর ডেঙ্গুতে ৪ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

আরও পড়ুন: এসপি জাহাঙ্গীরের স্ত্রী: আমার স্বামী নির্দোষ, মোবাইল হ্যাক হয়েছিল

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং পরানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং পরানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

গতকাল এনজিওগ্রামের পর স্বাস্থ্যমন্ত্রীর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আজ তার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডায়ালেশন পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রী আগামী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে সন্ত্রাসবিরোধী মামলায় তিন আ. লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


রংপুরে সন্ত্রাসবিরোধী মামলায় তিন আ. লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় পুলিশ তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গত তিন দিনে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নেতাদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক তারিকুজ্জামান, যিনি তমজিদ নামেও পরিচিত (৪২), মর্ণেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন আলী, যিনি মাগুড় নামে পরিচিত (৫৫), এবং গজঘন্টা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরশিদার রহমান (৪২)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (১৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর বাজার এলাকা থেকে তারিকুজ্জামানকে আটক করা হয়। এর আগে, শনিবার (১৪ নভেম্বর) রাতে গজঘন্টা বাজার এলাকা থেকে মুরশিদার রহমানকে এবং ১২ নভেম্বর রাত ৯টার দিকে মর্ণেয়া ইউনিয়নের মৌভাষা তালেবটারী এলাকায় তার নিজ বাড়ির কাছে মহসীন আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরো জানায়, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর আওতায় গঙ্গাচড়া মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মহসীন আলীকে গ্রেপ্তারের পর ১৩ নভেম্বর সকালে আদালতে সোপর্দ করা হয়। পরে গ্রেপ্তার হওয়া অন্য দুজনকেও আদালতে সোপর্দ করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎ত্রিশালের কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবায় হাসি ফুটেছে প্রান্তিক খামারিদের মুখে

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


‎ত্রিশালের কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবায় হাসি ফুটেছে প্রান্তিক খামারিদের মুখে

‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের আলহরি ও জয়দায় কৃত্রিম প্রজনন (এআই) ও প্রাণিসেবা পেয়ে উপকৃত হচ্ছেন প্রান্তিক গরুর খামারিরা। বাড়ির কাছেই স্বল্প খরচে উন্নত জাতের গবাদিপশুর প্রজনন পাওয়ায় খুশি স্থানীয় ক্ষুদ্র খামারিরা।
‎
‎ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অধীনে সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত এআই কর্মী কামাল হোসেন উপসহকারীদের
‎মাধ্যমে এসব সেবা দিয়ে থাকেন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা এ কার্যক্রমের সুফল পাচ্ছেন।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঠবাড়ি ইউনিয়নের আলহরি ও জয়দা এলাকায় নিয়মিত কৃত্রিম প্রজননসেবা দেওয়া হচ্ছে। এআই কার্যক্রমে উন্নতমানের সিমেন (বীজ) ব্যবহার করায় খামারিরা উন্নত জাতের বাছুর পাওয়ার সুযোগ পাচ্ছেন। এতে গবাদিপশুর জাত উন্নয়নের পাশাপাশি খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হচ্ছে।
‎
‎সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত এআই কর্মী কামাল হোসেন বলেন, কৃত্রিম প্রজননে সর্বোচ্চ উন্নতমানের সিমেন ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে খামারিরা উন্নত জাতের বাছুর পাচ্ছেন। ফলে স্থানীয়ভাবে গবাদিপশুর জাত উন্নয়নের পাশাপাশি খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।
‎
‎স্থানীয় খামারিরা জানান, আগে প্রজনন ও চিকিৎসাসেবা নিতে দূরে যেতে হতো। এতে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হতো। এখন বাড়ির কাছেই স্বল্প খরচে এসব সেবা পাওয়ায় তাদের ভোগান্তি অনেক কমেছে। উন্নত জাতের বাছুর পাওয়ার ফলে ভবিষ্যতে ডেইরি খামারের পরিসর আরও বাড়ানোর স্বপ্ন দেখছেন তারা।
‎
‎ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা বলেন, “প্রান্তিক খামারিদের উন্নত জাতের গবাদিপশু পালনে উৎসাহিত করা এবং তাদের আয় বাড়ানোর লক্ষ্যেই এ সেবা চালু রাখা হয়েছে। খামারিরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সেবা পান, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
‎
‎তিনি আরও বলেন, শুধু কৃত্রিম প্রজনন নয়, গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনার বিষয়েও খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
‎
‎স্থানীয়দের মতে, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের সরকারি প্রাণিসেবা আরও সম্প্রসারণ করা গেলে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খামারিদের কর্মসংস্থান ও আয় বাড়বে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র শর্ত মানলে চুক্তির দরজা খুলবে ইরান: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


যুক্তরাষ্ট্র শর্ত মানলে চুক্তির দরজা খুলবে ইরান: গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, “যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের, তা নিয়ে আমরা পরোয়া করি না। তারা যদি আমাদের সাতটি যৌক্তিক শর্ত মেনে নেয়, তবে চুক্তির দরজা খোলা থাকবে।” রবিবার ইরান পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে গালিবাফ মন্তব্য করেন, “যুক্তরাষ্ট্র যদি আরেকটি ভুল করে, তবে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীই যুদ্ধক্ষেত্রের ভূগোল নির্ধারণ করবে।” ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর এ তথ্য জানিয়েছে।

গালিবাফ, যিনি ইরানের শীর্ষ আলোচক, উল্লেখ করেছেন যে, তেহরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অবস্থায় থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে হামলার মাধ্যমে যুদ্ধ বাড়ানোর হুমকি দিচ্ছেন এবং শত্রুতা কমিয়ে আনার কথা বলছেন—এই দুইয়ের মধ্যে দোদুল্যমান রয়েছেন, ঠিক তখনই গালিবাফ এ মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রকে নতুন করে হামলার বিরুদ্ধেও সতর্ক করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা নিহত হন। এর প্রতিক্রিয়ায় তেহরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যার ফলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে।

১৭ জুন ট্রাম্প এবং তার ইরানি সমকক্ষ মাসুদ পেজেশকিয়ান যুদ্ধের অবসান ঘটাতে ১৪ দফার একটি চুক্তিতে স্বাক্ষর করেন। ওই চুক্তিতে লেবাননসহ সব জায়গায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার কথা বলা হয়েছিল এবং উভয় দেশ ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার করেছিল। তবে ৮ জুলাই ট্রাম্প ঘোষণা করেন যে চুক্তিটি শেষ হয়ে গেছে। এর এক সপ্তাহ পর ওয়াশিংটনের বিরুদ্ধে সব প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ এনে তেহরানও ওই সমঝোতা স্মারক স্থগিত করে।

বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স শনিবার জানিয়েছে, ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের বলেছেন যে তেহরান বা ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র নতুন কোনো উসকানির মুখে না পড়লে তিনি ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে পারেন। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরেকজনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত দুই সপ্তাহে ফোনালাপে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ানের মতামত চেয়েছেন। তারা দুজনই ইরানে পুনরায় হামলা না চালানোর জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন।

আলোচনা সম্পর্কে অবগত আরও দুজন ব্যক্তির মতে, ট্রাম্প ৩১ অক্টোবর বিন সালমানকে বলেছিলেন যে তিনি মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর হামলা চালানোর পরিকল্পনা করছেন। তবে যুবরাজ তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে যুক্তি দেন যে তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো কাজ করছে। তবে মার্কিন পরিকল্পনা সম্পর্কে অবগত আরও তিনজন ব্যক্তি জানিয়েছেন, প্রয়োজন হলে মার্কিন সামরিক বাহিনীও যুদ্ধের তীব্রতা বাড়াতে প্রস্তুত রয়েছে।

ওই ব্যক্তিরা জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা দুটি বিমানবাহী রণতরির একটিকে প্রতিস্থাপন করতে আগামী দিনগুলোতে তৃতীয় আরেকটি বিমানবাহী রণতরি ওই অঞ্চলে যাচ্ছে। তবে প্রয়োজন হলে তিনটি রণতরীই সেখানে অবস্থান করতে পারে।

সৌদি ও তুর্কি নেতাদের সাথে ট্রাম্পের ফোনালাপ সম্পর্কে অবগত একজন ব্যক্তি বলেছেন, ট্রাম্প ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার পথও বেছে নিতে পারেন। তবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ওই স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং সেখানে আরও হামলা সফল হবে কি না তা স্পষ্ট নয়।

মধ্যপ্রাচ্যের যেসব মিত্র দেশ ট্রাম্পকে পুরোদস্তুর যুদ্ধে ফিরে না যাওয়ার অনুরোধ করেছে, তাদের প্রতিও তিনি সহানুভূতি দেখিয়েছেন। বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, “আমি এটি তাৎক্ষণিকভাবে শেষ করে দিতে পারতাম। কিন্তু আমি যেসব দেশকে রক্ষা করতে চাইছি তাদের অনুরোধে আমরা বিষয়টি একটু দীর্ঘ পথে এবং কিছুটা ভদ্রভাবে সমাধান করছি।” সূত্র : এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%