বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:২৭ পি.এম
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সহায়তা করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদন করেছেন মার্কিন করদাতা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীদের একটি দল।
এই আবেদনটি বুধবার নেদারল্যান্ডসের হেগে আইসিসির সদর দপ্তরে জমা দেওয়া হয়। এই আবেদনটি ‘ট্যাক্সপেয়ার অ্যালায়েন্স অ্যাগেইনস্ট জেনোসাইড’ (টিএএজি) নামের একটি সংগঠনের উদ্যোগে করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনের সঙ্গে গাজায় কাজ করা চিকিৎসকদের শপথপূর্বক দেওয়া সাক্ষ্য, প্রত্যক্ষদর্শীদের বিবরণ, তথ্য ফাঁসকারীদের বক্তব্য, ভিডিও প্রমাণ এবং ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক, আর্থিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহায়তার বিস্তারিত নথিপত্র জমা দেওয়া হয়েছে।
আবেদনকারীদের মধ্যে রয়েছেন গাজায় দুই দফায় চিকিৎসাসেবা দেওয়া ট্রমা সার্জন ফিরোজ সিধওয়া এবং বিলুপ্ত হয়ে যাওয়া গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সাবেক ঠিকাদার ডেভিড ম্যাকইনটোশ।
টিএএজি বলেছে, প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ ও যাচাই করতে তাদের প্রায় এক বছর সময় লেগেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরাইলের পক্ষে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথিত গণহত্যা চালানো সম্ভব হতো না।
সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা শেথ ডনেলি সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধানের ১৫ অনুচ্ছেদের আওতায় এ আবেদন জমা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এতে ট্রাম্প ও রুবিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য প্রয়োজনীয় আইনি মানদণ্ড পূরণ করে—এমন বিস্তৃত তথ্যপ্রমাণ তুলে ধরা হয়েছে।
ডনেলি আইসিসির কৌঁসুলির দপ্তরকে দ্রুত এসব তথ্যপ্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আদালতের মাধ্যমে দেশটির কর্মকর্তাদের গণহত্যায় অংশগ্রহণ বন্ধের চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে।
এদিকে গত তিন বছরে গাজায় ইসরাইলি হামলায় ৭৪ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। বিমান হামলা ও স্নাইপারের গুলিতে প্রাণহানির ঘটনাও অব্যাহত রয়েছে। চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটের এক গবেষণায় বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে থাকা লাশ উদ্ধার করা হলে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে আরো বেশি হতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি, ১২ নভেম্বর, ২০২৬ : রাজাপুরে সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি এবং প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে, উপজেলার আউখিড়া এলাকার সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমের আওতায় ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি ও জনসচেতনতামূলক বিষয় তুলে ধরেন।
তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের জন্য গাড়ির ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
এছাড়া, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনে আসক্তি কমানো, ইভটিজিং প্রতিরোধ এবং ডেঙ্গু থেকে সুরক্ষার করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।
এসব বিষয়ে নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি সকলকে আহ্বান জানান।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওমর ফারুক সুমন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নেয়ামত উল্লাহ এবং সেতু রানী ববিসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মন্তব্য করেছেন যে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর সহ্য করা হবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শাপলা চত্বর মামলার চার্জ গঠনের শুনানি শেষে সংবাদমাধ্যমের সামনে এসে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসান জেল থেকে আসতে অস্বীকৃতি জানান এবং জেল কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন। তার কারণে আজ শুনানি শুরু হতে দেরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জিয়াউল আহসান কৌশল অবলম্বন করে সব আসামির সঙ্গে একত্রে আসবে বলে দাবি করেন এবং আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটান।
এ প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউল আহসানকে অন্যান্য আসামিদের সঙ্গে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আদালত যেভাবে নির্দেশ দেবে, তাকে সেভাবেই আসতে হবে। জেল কর্তৃপক্ষ তার নিয়ে যাওয়ার এবং আসার বিষয়টি বাস্তবায়ন করবে।
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলার বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, আজ আসামিদের বিরুদ্ধে দুটি চার্জ আনা হয়েছে, যা জেনোসাইড হিসেবে প্রস্তাব করা হয়েছে। এই মামলা পরবর্তীতে ডে টু ডে কার্যদিবসে চলমান থাকবে।
তিনি আরও জানান, জেলা ভিত্তিক আওয়ামী ফ্যাসিস্টদের গুম, অপহরণ, ক্রসফায়ার, জুলাই আন্দোলনসহ সব মানবতাবিরোধী অপরাধের গণশুনানির আয়োজন করা হবে।
প্রয়োজনে অন স্পট গ্রেফতারও করা হবে এবং পরে তাদের ট্রাইব্যুনালে বিচার করা হবে। এই বিষয়ে সরকারের কাছে লজিস্টিক সাপোর্ট চাওয়ার কথাও জানান চিফ প্রসিকিউটর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদি সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে। এই সাক্ষাৎটি বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া, মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিংয়ের উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।
আইজিপি এ সময় আন্তদেশীয় অপরাধ দমন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি মাসের ১১ দিনে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ১ হাজার ১৫৯ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশে চলতি বছরের ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং এবং ছিনতাই বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে এই অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেক থানার এলাকা, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেই সব স্থানে অভিযান পরিচালিত হয়েছে। এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ