০৯:৪২ পি.এম
এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় একটি আইনগত পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী এবং আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা। ডিপফেক ভিডিও, বিকৃত ছবি এবং ভুয়া এআই চ্যাটবটের মাধ্যমে তাঁর পরিচয় ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে তিনি গুগল, মেটা-সহ একাধিক টেক জায়ান্টের বিরুদ্ধে মামলা করার জন্য অনুমতি লাভ করেছেন।
বোম্বে হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা প্রীতির করা বিশেষ আবেদন মঞ্জুর করে মামলাটি দায়েরের জন্য সবুজ সংকেত দেন। আদালতে তাঁর পক্ষের আইনজীবী রোহন কদম জানান, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রীতির পরিচয় নকল করার ঘটনা ঘটছে এবং ভুয়া চ্যাটবটের মাধ্যমে জনসাধারণের সঙ্গে যোগাযোগের ঘটনার উদাহরণও আসছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রীতির নাম, কণ্ঠস্বর এবং অবয়ব তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা ব্যক্তিগত অধিকার ও সুনামের ওপর আঘাত হানছে। সাথে সাথে এসব কর্মকাণ্ডকে ১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
আইনজীবীর বক্তব্য অনুযায়ী, গুগল, মেটা, এক্স, জিফি ও গোড্যাডি-সহ একাধিক প্ল্যাটফর্মে এই ধরনের কনটেন্ট ও চ্যাটবটের প্রবাহ ঘটছে, যা প্রীতির ব্যক্তিগত ও পেশাগত সুনামকে ক্ষতিগ্রস্ত করছে। যদিও এসব কোম্পানির অনেকটির সদর দপ্তর বিদেশে অবস্থিত, মামলায় বলা হয়েছে ক্ষতির প্রভাব মূলত ভারতে, বিশেষ করে মুম্বাইয়ে বেশি অনুভূত হচ্ছে।
এআই যুগে সেলিব্রিটিদের ব্যক্তিত্ব সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক কালে বোম্বে হাইকোর্ট থেকে ব্যক্তিত্ব সুরক্ষার স্বীকৃতি পেয়েছেন শিল্পা শেট্টি, অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং গায়ক অরিজিৎ সিং-এর মতো একাধিক তারকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন