ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-ফেসবুকে প্রতারণার বিষয়ে নির্বাচন কমিশনের সতর্কতা


এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-ফেসবুকে প্রতারণার বিষয়ে নির্বাচন কমিশনের সতর্কতা

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারকচক্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করার নামে কাজ করছে। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন জনসাধারণকে সতর্ক করেছে।

প্রতারকচক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। কিছু ক্ষেত্রে তারা কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, তদন্ত শুরু

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি প্রতারকচক্র জাতীয় পরিচয়পত্র সংশোধন করার কথা বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে। তারা নিজেদের কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধন কিংবা এ-সংক্রান্ত অন্য যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।

অতএব, এসব মাধ্যমে কেউ জাতীয় পরিচয়পত্র সংশোধন বা অন্য কোনো সেবা দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত যেকোনো সেবা পেতে সাধারণ মানুষকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল, আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

এছাড়া জাতীয় পরিচয়পত্র বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে নির্বাচন কমিশনের ১০৫ নম্বর হটলাইনে কল করারও পরামর্শ দেওয়া হয়েছে।

এ ধরনের অনলাইন প্রতারণা থেকে নিজে সতর্ক থাকার পাশাপাশি বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকদের হাতে 'বর্ষবার্তা'

আন্তর্জাতিক ডেস্ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকদের হাতে

ঢাকার সিনিয়র সাংবাদিকদের হাতে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন 'বর্ষবার্তা' তুলে দিয়েছেন পত্রিকাটির সম্পাদক আশরাফ ইকবাল। শনিবার (১৫ নভেম্বর) রাতে জাতীয় প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎকালে তিনি ম্যাগাজিনের কপি হস্তান্তর করেন।

ম্যাগাজিনটি নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে আলোচনা হয়। আলোচনা শেষে সবাই ম্যাগাজিন হাতে ছবি তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন নিউ নেশনের সাবেক সম্পাদক ও গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল, এশিয়া পোস্টের সাংবাদিক আবিদ আজম এবং আইএফসির আতাউর রহমান।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক আশরাফ ইকবাল, বার্তা সম্পাদক আবু নাসের খান লিমন, সহকারী সম্পাদক রমজান মাহমুদ, মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ ও সিরাজদিখান প্রতিনিধি সিজান খান। এ ছাড়া অন্যান্য সাংবাদিকও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে চিত্রা নদীতে ভেকুর থাবা, রাতের আঁধারে চলছে মাটি কাটার মহোৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


ঝিনাইদহে চিত্রা নদীতে ভেকুর থাবা, রাতের আঁধারে চলছে মাটি কাটার মহোৎসব

ঝিনাইদহের কালীগঞ্জে রাতের অন্ধকারে চিত্রা নদী থেকে ভেকু মেশিনের মাধ্যমে মাটি কাটার অভিযোগ উঠেছে। সন্ধ্যা নামার পর নদীর বিভিন্ন স্থানে শুরু হয় মাটি কাটার কার্যক্রম। গভীর রাত পর্যন্ত এই কাজ চলতে থাকে। পরবর্তীতে ট্রাক্টরের মাধ্যমে এসব মাটি স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক পরিবেশ ও প্রবাহ হুমকির মুখে পড়ছে এবং ট্রাক্টরের বিকট শব্দে আশপাশের গ্রামের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে একাধিকবার জানানো হলেও কোনো প্রতিকার মিলছে না। এ অবস্থায় মাটি কাটার সঙ্গে জড়িত প্রভাবশালী চক্রের ভূমিকা এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।

সরেজমিনে দেখা যায়, কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্বিপুর, মাগুরা, পাঁচকাহুনিয়া সহ কয়েকটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর বিভিন্ন স্থান থেকে রাতের অন্ধকারে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে আসছে।

মালিয়াট ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এ মাটি ব্যবসার সঙ্গে জড়িত। তাদের দাবি, স্থানীয় মর্ডান নইটভাটার জন্য প্রায় ২০০ ট্রাক্টর মাটি কেনা হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য এক প্রার্থীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এ ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, রাতের অন্ধকারে নদী থেকে মাটি কাটার বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন। জনবল সংকটের কারণে রাতে অভিযান পরিচালনা ও মাটি কাটা প্রতিরোধে কিছুটা সমস্যা হচ্ছে। বিষয়টি ঝিনাইদহ জেলা পর্যায়ের সভায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। দিনের বেলায় মাটি কাটার ঘটনা ঘটলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোয়া চেয়ে ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অব্যাহতির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


দোয়া চেয়ে ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অব্যাহতির ঘোষণা

গাজীপুর মহানগরীর পূবাইলে সকলের কাছে দোয়া চেয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান।

তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন রোববার (১৫ নভেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আনিসুজ্জামান উল্লেখ করেন, "শারীরিক ও পারিবারিক বিভিন্ন কারণে আমি আমার পদ থেকে অব্যাহতি গ্রহণ করলাম। এ জন্য সবার কাছে দোয়া চাই। ভবিষ্যতে কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকব না। একজন সাধারণ মানুষ হিসেবে সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই।"

পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মন্তব্য করেন, "এটা সাময়িকভাবে নিজেকে বাঁচানোর জন্য করেছেন। আবার পরিস্থিতি স্বাভাবিক হলে আগের জায়গায় ফিরে যাবেন। তার বিষয়ে কী হবে, না হবে, তা প্রশাসন বুঝবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে নানা কৌশল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে নানা কৌশল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশ্বজুড়ে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় চীনের বিরুদ্ধে নজিরবিহীন গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। পশ্চিমা কর্মকর্তাদের দাবি, চীনের গোয়েন্দারা ব্যবসায়িক সম্পর্ক, প্রেমের ফাঁদ, সাইবার হামলা এবং গবেষণায় অর্থায়নের মতো বিভিন্ন কৌশলে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে কেন্দ্র করে গুপ্তচরবৃত্তির অভিযোগ এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আশঙ্কা, চীনের গোয়েন্দারা হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেশটির অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তার কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছে। এই ঘটনা এমন একটি সময়ে ঘটেছে, যখন বেইজিং এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত চিপ তৈরিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।

গুপ্তচরবৃত্তির বিস্তৃত জগৎ

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত শিল্পের বিকাশে গোপন অভিযান পরিচালনার অভিযোগ চীনের বিরুদ্ধে দীর্ঘদিনের। পশ্চিমা কর্মকর্তাদের মতে, দেশটির সরকার বিভিন্ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের কাজে লাগিয়ে ব্যাপক পরিসরে তথ্য সংগ্রহের অভিযান চালাচ্ছে। এর উদ্দেশ্য হলো চীনের অর্থনীতিকে শক্তিশালী করা, সামরিক সক্ষমতা বৃদ্ধি, দেশের অভ্যন্তরে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ জোরদার করা এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করা।

এই গোয়েন্দা তৎপরতা ব্যাপক পরিধির। এর মধ্যে প্রেমের ফাঁদে ফেলা, বড় পরিসরে হ্যাকিং, কৌশলগত ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ এবং স্পর্শকাতর একাডেমিক গবেষণায় অর্থায়ন অন্তর্ভুক্ত। ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার হিসাব অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা ও নিরাপত্তা কার্যক্রমে প্রায় ছয় লাখ মানুষ যুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতার তুলনায় এই সংখ্যা অনেক বেশি।

প্রতিবেদনটি আরও জানাচ্ছে, চীনের এই তৎপরতা যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বিশ্বজুড়ে বিস্তৃত একটি তথ্য সংগ্রহের নেটওয়ার্কের মাধ্যমে দেশটি প্রযুক্তিগত জ্ঞান ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করছে। বিশেষ করে এআই, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য কৌশলগত প্রযুক্তি খাতে পশ্চিমা দেশগুলোর অগ্রগতি সম্পর্কে তথ্য পাওয়াই বেইজিংয়ের অন্যতম লক্ষ্য।

শেয়ারবাজারে ধস

এদিকে, হুয়াংকে ঘিরে বিতর্কের প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও পড়েছে। সপ্তাহ শেষে এনভিডিয়ার শেয়ারের দাম ১৩ শতাংশ কমেছে।

শুক্রবার অন্যান্য চিপ নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারেও দরপতন দেখা যায়। তবে এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী এএমডি ও ব্রডকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার অন্তর্ভুক্ত থাকা পিএইচএলএক্স সেমিকন্ডাক্টর সূচক সপ্তাহজুড়ে ৮ শতাংশ বেড়েছে।

তীব্র রাজনৈতিক উত্তেজনা

অন্যদিকে, ওয়াশিংটনে এ ঘটনায় রাজনৈতিক বিতর্কও তীব্র হচ্ছে। চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রিতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি তুলেছেন আইনপ্রণেতারা। তাঁদের আশঙ্কা, এসব প্রযুক্তি চীনের সামরিক শক্তি ও নজরদারি সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের নতুন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্টিফেন মিলার প্রশাসনের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় পরিবর্তন আনতে ব্যস্ত সময় পার করছেন। মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পাশাপাশি কংগ্রেসের ডেমোক্র্যাটদের সম্ভাব্য তদন্ত মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির এই কেলেঙ্কারি প্রশাসনের দুই মন্ত্রীর মধ্যেও বিরোধ তৈরি করেছে।

সব মিলিয়ে, হুয়াংকে ঘিরে ঘটনা চীনের গোয়েন্দা তৎপরতা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগকে নতুন মাত্রা দিয়েছে। প্রযুক্তিগত অগ্রগতি ও সামরিক সক্ষমতা বাড়াতে বেইজিংয়ের বৈশ্বিক তথ্য সংগ্রহের প্রচেষ্টা এখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতার অন্যতম বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%