ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপে ফ্রিতে কনডম বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা


বিশ্বকাপে ফ্রিতে কনডম বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

দীর্ঘ অপেক্ষা শেষে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠছে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপের। এর আসরকে সামনে রেখে যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধে বড় ধরনের স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে মেক্সিকো ও কানাডা।

বিশ্বকাপ চলাকালে দর্শনার্থীদের মধ্যে ৬০ থেকে ৭০ লাখ কনডম বিতরণের প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো। একই সময়ে কানাডাও বিশ্বকাপ-থিমভিত্তিক বিশেষ কনডম বিনামূল্যে বিতরণ করছে।

৪৮ দলের এই বিশ্বকাপ উপলক্ষে লাখো বিদেশি দর্শনার্থীর আগমন প্রত্যাশা করছে মেক্সিকো। সেই প্রেক্ষাপটে সিফিলিস, গনোরিয়া ও এইচআইভি-সহ বিভিন্ন যৌনবাহিত সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক প্রতিরোধমূলক কর্মসূচি চালু করা হচ্ছে। 

আরও পড়ুন: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড দুঃখজনক, পর্যালোচনা চলবে : আইনমন্ত্রী

এর অংশ হিসেবে বিমানবন্দর, স্টেডিয়াম, বার, রেস্তোরাঁ এবং বিনোদনকেন্দ্রে কনডম ও স্বাস্থ্যবিষয়ক তথ্যপত্র বিতরণ করা হবে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপ উপলক্ষে আগত সমর্থকদের মধ্যে ৬০ থেকে ৭০ লাখ কনডম বিতরণ করা হবে।

এর আগে কাতার বিশ্বকাপে বিবাহবহির্ভূত সম্পর্ক আইনত নিষিদ্ধ হওয়ায় আয়োজকেরা যৌনস্বাস্থ্যবিষয়ক প্রচারণা প্রকাশ্যে পরিচালনা করেননি। তবে মেক্সিকোতে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। 

২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর তিনটি ভেন্যুতে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশটির রাজধানী মেক্সিকো সিটি, জালিস্কো এবং মনতেরেতে ৩৯ দিনব্যাপী টুর্নামেন্ট চলাকালে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোর মাধ্যমে ৪০ থেকে ৫০ লাখ কনডম বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি ফেডারেল স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও প্রায় ২০ লাখ কনডম বিতরণ করবে।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন বিশ্বকাপ স্বাস্থ্য পরিচালনা কমান্ডের সদস্য রোকসানা ত্রেহো বলেন, এই উদ্যোগ শুধু কনডম বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল লক্ষ্য হলো নিরাপদ যৌন আচরণ, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়া।

আরও পড়ুন: চট্টগ্রামে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে উপচেপড়া ভিড়

তিনি মেক্সিকান সংবাদপত্র এল সল দে মেক্সিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা বিমানবন্দর এবং দর্শনার্থীদের প্রবেশস্থলগুলোতে বিশেষ বুথ স্থাপন করছি, যেখানে মানুষ কনডমের পাশাপাশি প্রতিরোধমূলক তথ্যসম্বলিত লিফলেটও পাবে। কারণ তথ্য ছাড়া কনডম দেওয়া মানে পকেটে শুধু একটি মিষ্টি তুলে দেওয়ার মতো।

রোকসানা ত্রেহো, যিনি ‘হাসপাতালস উইদাউট ইনফেকশনস’ উদ্যোগের মুখপাত্রও, জানান যে শুধু বিমানবন্দর নয়, সমর্থকেরা সাধারণত যেখানে উদ্‌যাপন করতে যান- সেসব নাইটক্লাব, বার ও রেস্তোরাঁতেও কনডম ও তথ্যপত্র বিতরণ করা হবে।

এছাড়া ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মেক্সিকো সিটির জোকালো চত্বরে অনুষ্ঠিতব্য ফিফা ফ্যান ফেস্টিভ্যাল ২০২৬-এও বিনামূল্যে কনডম বিতরণ করা হবে।

তিনি বলেন, যৌনমিলনের সময় কনডম ছিঁড়ে গেলে মানুষ এসব কেন্দ্রে গিয়ে পোস্ট-এক্সপোজার প্রোফাইল্যাক্সিস (পিইপি) চিকিৎসা নিতে পারবে। সময়মতো এই চিকিৎসা নিলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব।

আরও পড়ুন: বায়োমেট্রিক তথ্য না দিলে বাতিল হবে ভোটার নিবন্ধনের আবেদন

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও মেক্সিকো সরকার এখনো আনুষ্ঠানিকভাবে মোট কত কনডম বিতরণ করবে তা ঘোষণা করেনি। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত বিতরণকেন্দ্রের পাশাপাশি দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রেও কনডম বিনামূল্যে পাওয়া যাবে। এসব কেন্দ্র থেকে বছরে ১ থেকে ১ কোটি ১০ লাখ কনডম বিতরণ করা হয়।

এদিকে কানাডাও নিরাপদ যৌন আচরণে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে। টরন্টো পাবলিক হেলথ তাদের ‘কনডমটু’ কর্মসূচির আওতায় বিশ্বকাপ-থিমের বিশেষ কনডম এবং অন্যান্য নিরাপদ যৌনস্বাস্থ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করছে।

এসব সামগ্রী টিপিএইচ পরিচালিত চারটি যৌনস্বাস্থ্য ক্লিনিকে পাওয়া যাচ্ছে। কর্মসূচির উদ্দেশ্য হলো নিরাপদ যৌন আচরণে উৎসাহ দেওয়া, সামাজিক সংকোচ কমানো ও মানুষকে যৌনস্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করা।

টরন্টো পাবলিক হেলথ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রতিবার যৌনমিলনের সময় কনডম ব্যবহার করলে যৌনবাহিত ও রক্তবাহিত সংক্রমণ, এইচআইভি ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি কমে।

আরও পড়ুন: স্কুলশিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি, তদন্ত চলছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনের দস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


সুন্দরবনের দস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কালিঞ্চি স্লুইচগেইটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন: আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬)। তারা সবাই সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা।

বুধবার (১০ জুন) বিকেলে, কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে 'অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন' এবং 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড' নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিকতায় অভিযানের মাধ্যমে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

পরে আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে রাত ১১টায় শ্যামনগর থানাধীন হরিণটানা খালসংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হালাল সনদ অর্জনে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থাকবে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


হালাল সনদ অর্জনে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থাকবে ইন্দোনেশিয়া

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে হালাল সনদ অর্জনের দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করতে ইন্দোনেশিয়া আগ্রহ প্রকাশ করেছে। এ উদ্দেশ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও দেশটি জানিয়েছে।

বুধবার (১০ জুন) ঢাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত একটি দ্বিপক্ষীয় বৈঠকে, ঢাকা নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্তিওওয়াতি এই আগ্রহের কথাটি জানান। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ও শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে, ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা সংবাদ দেন যে, আগামী মাসে দেশটিতে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক হালাল পণ্য মেলার আয়োজন করা হবে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে ওই মেলাটিতে বাংলাদেশের উদ্যোক্তারা তাদের উৎপাদিত হালাল পণ্য ও সেবা নিয়ে অংশগ্রহণ করবেন।

তারা উল্লেখ করেন, বিশ্বের অন্যতম বৃহৎ হালাল বাজার হিসেবে ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। এই প্রেক্ষাপটে, হালাল শিল্পের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের মধ্যে সহযোগিতার ভিত্তি আরও সুদৃঢ় হবে।

এ সময়, বাংলাদেশের এসএমই ফাউন্ডেশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা প্রতিষ্ঠান (বিএসটিআই)-এর সঙ্গে দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান এবং মো. ফিরোজ উদ্দিন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার এবং ফারজানা খান, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং মো. আব্দুস সালাম সরদার।

এছাড়া, বৈঠকে অংশ নেন ইন্দোনেশিয়ার ইসলামী অর্থনীতি ও অর্থায়নের শরিয়াহ ব্যবসা ও উদ্যোগবিষয়ক জাতীয় কমিটির মহাপরিচালক পুতু রাহউইদিয়াসা এবং ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি মোহাম্মদ রিয়াদ আলী।

২০০৬ সালে প্রতিষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী বর্তমানে প্রায় ২১ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৮ লাখ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৯৯ শতাংশই কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের আওতাভুক্ত।

শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ এই খাতে সৃষ্টি হয়েছে এবং এতে ৩ কোটির বেশি মানুষ কর্মরত রয়েছে।

হালাল পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে ইন্দোনেশিয়ার সঙ্গে এ ধরনের সহযোগিতা বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার

বাংলাদেশের অর্থনীতি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলারের একটি মাইলফলক অতিক্রম করেছে। সম্প্রতি প্রকাশিত আলোকপাত অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৫০১ বিলিয়ন ডলার হিসেবে ধরা হয়েছে, যা দেশীয় মুদ্রায় ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকার সমতুল্য।

আগের অর্থবছর, অর্থাৎ ২০২৪-২৫ সালে জিডিপির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা, যা ৪৫৬ বিলিয়ন ডলারের সমান। ফলে, এক অর্থবছরের ব্যবধানে জিডিপির আকার বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার। এই হিসাব অনুযায়ী, অর্থনীতির প্রবৃদ্ধি ইতিবাচকভাবে ঘটেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বুধবার (১০ জুন) প্রকাশিত একটি সাময়িক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

বিবিএস এর তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪৯ শতাংশের কিছুটা বেশি। তবে বিনিয়োগ ও সঞ্চয়ে কিছু নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

কৃষি খাতে ইতিবাচক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি ২ দশমিক ৭৮ শতাংশ। যা আগের বছরের ২ দশমিক ৪২ শতাংশের তুলনায় দশমিক ৩৬ শতাংশ বেশি।

তবে শিল্প খাতে প্রবৃদ্ধির গতি কিছু বেড়ে গেছে। সাময়িক হিসাব অনুযায়ী, শিল্প খাতের প্রবৃদ্ধি ২ দশমিক ৮৬ শতাংশ, যা আগের অর্থবছর ছিল ৩ দশমিক ৭১ শতাংশ। এই তুলনায় চলতি অর্থবছরে দশমিক ৮৫ শতাংশ কমেছে।

সেবা খাতে প্রবৃদ্ধি কিছুটা বৃদ্ধি পেয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে সেবা খাতে প্রবৃদ্ধি ৪ দশমিক ৫৯ শতাংশ দাঁড়িয়েছে, যা গত বছরের ৪ দশমিক ৩৫ শতাংশ থেকে দশমিক ২৪ শতাংশ বেশি।

অন্যদিকে, জিডিপির সাথে বিনিয়োগের অনুপাত কমে ২৭ দশমিক ৯৩ শতাংশে নেমে এসেছে। আগের বছর এটি ছিল ২৮ দশমিক ৫৪ শতাংশ। এর পাশাপাশি, দেশীয় সঞ্চয় কমে ২১ দশমিক ৩৮ শতাংশ এবং জাতীয় সঞ্চয় ২৬ দশমিক ৯৩ শতাংশে নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা, দুই আসামির রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা, দুই আসামির রিমান্ড

রাজধানীর মৌচাক এলাকার একটি হত্যাকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ও মহানগর দক্ষিণের সদস্য বিল্লাল হোসেন তালুকদার (৫৭) ছুরিকাঘাতে প্রাণ হারান। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার রিয়াজুল হাসানের পাঁচ দিনের এবং আল আমিন মাহিন নামে আরেক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১০ জুন) তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আসামিদের রিমান্ডের আদেশ প্রদান করেন।

এই দিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন আসামিদের জন্য সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। অপর দিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

পরে আদালত রিয়াজুলের জন্য পাঁচ দিনের এবং আল আমিনের জন্য চার দিনের রিমানন্ডের আদেশ প্রদান করেন। এই তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

এর আগে, সোমবার (৮ জুন) রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ভাগ্নেকে মারধরের ঘটনায় সালিশ বৈঠকে এসে বিল্লাল নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত হন।

নিহত বিল্লালের ভাগ্নে মো. মোবারক হোসেন আকাশ জানান, সোমবার সন্ধ্যা সময় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন যুবক তাকে প্রথমে মারধর করে। পরে তিনি ঘটনাটি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে জানান। এরপর বিল্লাল সেখানে আসেন। রাত ৮টার দিকে ওই মারামারির ঘটনায় বসা সালিশ বৈঠকে বিল্লালের সঙ্গে যুবদলের রমনা থানার বর্তমান আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও সেক্রেটারি লুৎফরের বাকবিতণ্ডা হয়। এর পর বাবুর নেতৃত্বে তার অনুসারী মিরাজ বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। ছুরির আঘাতে বিল্লাল সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ৯টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল হোসেন মালিবাগ বাগানবাড়ি এলাকার বাসিন্দা এবং পেশার ক্ষেত্রে বালু ও সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে এবং রমনা থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%