বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং
০২:৩২ পি.এম
রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এ তথ্য ইসি সচিব সূত্রে জানানো হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (৬ আগস্ট) তফসিল ঘোষণা করেছে।
ইসি সূত্রে জানা যায়, ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীরা ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এছাড়া, প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধে হাইপারসনিক অস্ত্রের ক্ষমতা প্রদর্শনের পরে এবার চীন নিজেদের সবচেয়ে শক্তিশালী ডিএফ-১৭ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে মোতায়েন করেছে। সম্প্রতি, চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি'তে প্রচারিত ডকু-সিরিজ ‘ঝিশেং’-এর একটি ফুটেজে দেখা গেছে, চায়নিজ পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের অন্তত ছয়টি ডিএফ-১৭ ট্রান্সপোর্টার-ইরেক্টর-লঞ্চার যান একসঙ্গে মহড়া দিচ্ছে।
চীনের গ্লোবাল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সামরিক বিষয়ক বিশেষজ্ঞ ঝাং জুনশে বলেছেন, এই প্রদর্শনী নির্দেশ করে যে সিস্টেমটি ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে এবং এটি নির্ভরযোগ্যভাবে যুদ্ধকালীন দায়িত্বে নিয়োজিত রয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, ডিএফ-১৭ আধুনিক বিমান প্রতিরক্ষা যুদ্ধের নিয়ম বদলে দিতে পারে, কারণ এটি হাইপারসনিক ভেদন ক্ষমতার সুবিধা ব্যবহার করে শত্রুর অগ্রবর্তী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশলগত কমান্ড লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
সাধারণত ৫ ম্যাকের চেয়ে বেশি গতিসম্পন্ন হওয়া এবং মাঝআকাশে ক্রমাগত গতিপথ পরিবর্তন করার ক্ষমতার কারণে প্রচলিত কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই এই ধরনের ক্ষেপণাস্ত্র রোখা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের থাড বা প্যাট্রিয়টের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে চীন তাদের এই প্রযুক্তি বহুগুণ শক্তিশালী করেছে। ১৮০০ থেকে ২৫০০ কিলোমিটার দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো চীনের অ্যান্টি-এক্সেস/এরিয়া ডিনায়াল নেটওয়ার্কের মূল অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক অঞ্চলের ঘাঁটি ও রণতরীর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ক্ষেপণাস্ত্রটির কাঠামোগত পরিবর্তনের বিষয়ে সিসিটিভি-কে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে ডিএফ-১৭ সাধারণ ক্ষেপণাস্ত্র ফর্মেশনের প্রশিক্ষণ স্টাফ অফিসার গং চুনইউ বলেছেন, লঞ্চার যানের দীর্ঘতর বডি এবং অতিরিক্ত চাকার পাশাপাশি ডিএফ-১৭-এর সবচেয়ে বড় পরিবর্তন হলো ক্ষেপণাস্ত্রটির নিজস্ব আকৃতি। অতীতের পরিচিত কোণাকৃতির ওয়ারহেডের তুলনায় ডিএফ-১৭-এর ওয়ারহেডে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যেখানে এখন চারটি ডানা এবং একটি লেজের পাখনা রয়েছে। এই নকশা একটি অধিক বৈজ্ঞানিক ও উন্নত ধারণার প্রতিফলন।
আমেরিকান মিলিটারি পাওয়ার রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে প্রথম উন্মোচনের পর থেকে চীন এই হাইপারসonic গ্লাইড যানটিতে পরমাণু অস্ত্র বহনের প্রযুক্তি সংযুক্ত করার পাশাপাশি এটিকে উন্মুক্ত মাঠে যেকোনো স্থান থেকে উৎক্ষেপণযোগ্য করে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, একাধিক লঞ্চার যান একসঙ্গে প্রদর্শন করে বেইজিং মূলত আমেরিকা ও তাদের এশীয় মিত্রদের প্রতি একটি সরাসরি কৌশলগত প্রতিরোধের বার্তা নিশ্চিত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের সালথায় মো. মাহাবুবুর রহমান পাঞ্জু (৪৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার (৫ আগস্ট) রাত ৩টায় উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. মাহাবুবুর রহমান পাঞ্জু বল্লভদী ইউনিয়নের মধ্য ফুলবাড়িয়া গ্রামের মো. মজিবুর রহমান মোল্যার ছেলে। তিনি বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান জানান, এলাকায় নাশকতার পরিকল্পনা করার অভিযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা পাঞ্জুকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিনে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় দিল্লির ইন্ধন কাজ করেছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।
রিজভী আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে (শেখ হাসিনা) রাজনীতি করার সুযোগ করে দেওয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর একটি গুরুতর আঘাত। আইন থাকা সত্ত্বেও পলাতক আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনীতির সুযোগ করে দেওয়া আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটি অপমানের শামিল।
এ সময় সাম্প্রতিক গ্যাস সংকট, হামলা, ডেঙ্গুসহ বিভিন্ন সংকটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, সংকট মোকাবিলায় সরকার দিন-রাত কাজ করে যাচ্ছে।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে রুহুল কবির রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের ৩৫ নং কেশরতা সুজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিভাবক। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, প্রধান শিক্ষক তার স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার এবং অভিভাবকদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করে চলেছেন। পাশাপাশি অভিযোগ উঠেছে, সরকারি বিধিমালা মেনে বিদ্যালয়ের পরিচালনা কমিটি (এসএমসি) গঠন না করে এবং নিজস্ব লোকজনের মধ্যে এসএমসি সদস্যপদের ফরম বিতরণ করা হয়েছে। অভিযোগকারী অভিভাবকেরা দাবি করেছেন, অধিকাংশ অভিভাবককে না জানিয়ে গোপনে এসএমসি গঠন করা হয়েছে। অভিযোগে আরও দাবি করা হয়েছে, দীর্ঘকাল একই বিদ্যালয়ে কর্মরত থেকে তিনি যথেষ্ট প্রভাব বিস্তার করছেন। যখন কোনো বিষয়ে জানতে চাওয়া হয়, তিনি কর্কশ ভাষায় ভাষা ব্যবহার করেন ও অভিভাবকদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেন। বিদ্যালয়ের অভিভাবক খোকন হোসেন, মিন্টু তালুকদার ও এমদাদুল হক খানসহ একাধিক ব্যক্তি বলেছেন, বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ও এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রধান শিক্ষককে অবিলম্বে অন্যত্র বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন। অন্যদিকে, প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন অভিযোগ অস্বীকার করে বলছেন, "আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।" অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সজল কান্তি সিকদার বিদ্যালয়ে তদন্ত করতে যান। এ সময় প্রধান শিক্ষকের সমর্থক অভিভাবক ও অভিযোগকারী অভিভাবকদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তদন্ত কর্মকর্তা নিরাপত্তার স্বার্থে তদন্ত কার্যক্রম সম্পন্ন না করেই ঘটনাস্থল ত্যাগ করেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সজল কান্তি সিকদার জানিয়েছেন, “পরিস্থিতি অনুকূলে না থাকায় তদন্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে উপযুক্ত পরিবেশে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।" উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহেদুল রহমান বলেছেন, “অভিভাবকদের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তদন্ত চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে তা সম্পন্ন করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ