ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রক্তের ঋণ পরিশোধে ‘জুলাই সনদ’ ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিকল্প নেই


রক্তের ঋণ পরিশোধে ‘জুলাই সনদ’ ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিকল্প নেই

‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ সকল অপরাধীর বিচার এবং আহত ও শহীদ পরিবারগুলোর যথাযথ পুনর্বাসনের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী, সাংবাদিক ও আহত যোদ্ধারা।

শনিবার (১১ জুলাই) রাজধানীর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান। অনুষ্ঠানে জুলাই বিপ্লব বিষয়ক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজের উদ্বোধনের পাশাপাশি এর প্রথম গানটি প্রকাশ করা হয়। বাপ্পী খানের সুর ও কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী এস আই টুটুল।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম।

আরও পড়ুন: সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “শহীদদের রক্তের ঋণ পরিশোধের অন্যতম উপায় হলো জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা।”

আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, “অত্যন্ত পরিতাপের বিষয়, জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত পার্লামেন্টে কেউ কেউ এই মহান বিপ্লবের আলোচনাকে ‘অপ্রয়োজনীয়’ বলছেন। এই গাদ্দারি দেশের জনগণ মেনে নেবে না। অনতিবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, “আপনি ডিসেম্বরে আসবেন না জানুয়ারিতে, তা আপনার ব্যাপার; তবে আমরা আপনাকে কালকেই চাই। কোনো স্ট্যান্ডবাজি বা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করবেন না। বাংলার মানুষ আর কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দেবে না।”

তিনি আরও যোগ করেন, শেখ হাসিনা বা তার দলকে এ দেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না।

আরও পড়ুন: ‘যুবদলকে ঐক্যবদ্ধ রেখে দেশের কল্যাণে কাজ করতে হবে’- আনোয়ার

অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, জুলাই বিপ্লবে নারীদের অবদানের যথাযথ স্বীকৃতি না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “৯ হাজার ‘জুলাই কন্যা’ শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছেন, অনেকে চরম হতাশায় আত্মহত্যাও করেছেন। নারীদের সমমর্যাদা ও নেতৃত্বে স্থান না দিলে এই অভ্যুত্থান পূর্ণতা পাবে না।”

সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, খুনিদের ফুলের মালার বদলে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। তিনি জানান, ট্রাইব্যুনালে সাক্ষীরা প্রমাণ করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আহতদের চিকিৎসা না দিতে এবং আটকে রাখতে ‘নো রিলিজ নো ট্রিটমেন্ট’ নির্দেশনা দিয়েছিলেন।

জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে চলমান সংকটের কথা উল্লেখ করে তিনি অবিলম্বে জুলাই জাদুঘর উদ্বোধন এবং সুশীল সেজে জুলাইয়ের বিপক্ষে কথা বলা দুর্বৃত্তদের গণমাধ্যম ও টকশো থেকে সম্পূর্ণ বয়কটের আহ্বান জানান।

বিএফইউজে-এর সাবেক সভাপতি ও আমার দেশ-এর যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ, জুলাই ফাউন্ডেশনের আর্থিক সংকট ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন না হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের সুবাদে যারা আজ সংসদে ৩৫০ জন এমপি হয়ে সুযোগ-সুবিধা নিচ্ছেন এবং যেসব আমলা পদোন্নতি পেয়েছেন, তারা কি এক মাসের বেতন এই ফাউন্ডেশনে দিতে পারেন না? তা না হলে এই সুযোগ-সুবিধা হালাল হবে না।”

আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী

একই সাথে তিনি নিজের বেতনের এক মাসের সমপরিমাণ টাকা জুলাই ফাউন্ডেশনে অনুদান দেওয়ার ঘোষণা দেন। তিনি সংবাদমাধ্যমের আমূল সংস্কারেরও দাবি জানান।

জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ আক্ষেপ করে বলেন, পৃথিবীর অন্য দেশে যুদ্ধাহত বা শহীদদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দেওয়া হলেও বাংলাদেশে আহতদের নিজেদের হকের জন্য হাসপাতালের সামনে বা মন্ত্রণালয়ে ধর্না দিতে হচ্ছে।

অনুষ্ঠানে আহত যোদ্ধাদের পক্ষে রাইসুল রহমান রাতুল, পা হারানো রিফাত এবং দৃষ্টি হারানো সাব্বির ও দুর্জয় তাদের চরম অবহেলা ও মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন। তারা অভিযোগ করেন, সরকার কেবল আশ্বাসই দিচ্ছে, কিন্তু গুরুতর আহত ও দৃষ্টিহীন ৪৩ জন যোদ্ধার পুনর্বাসনে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। জুলাই আন্দোলনের মাঠের নেত্রী সিনথিয়া জাহিন আয়েশা, নীতি-নির্ধারণী পর্যায়ে নারীদের অবমূল্যায়নের অভিযোগ এনে দ্রুত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করেন।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের একজনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৩ এম


বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের একজনের মরদেহ উদ্ধার

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মধ্যে কালাম নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে কুয়াকাটা থেকে বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে ভাসমান অবস্থায় কালামের মরদেহ উদ্ধার করা হয়। এরপর সন্ধ্যায় তার মরদেহ নিজ বাড়ি বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ছোট আমখোলা গ্রামে নিয়ে যাওয়া হয়।

এ ট্রলারডুবির ঘটনায় শহিদ নামে এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) বৈরী আবহাওয়ার কবলে পড়ে কুয়াকাটা থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীরে ১৮ জেলেসহ ডুবে যায় ‘এফবি মহিমা’ নামে ওই মাছ ধরার ট্রলারটি। এরপর সমুদ্রে ভাসমান অবস্থায় ১৬ জেলেকে উদ্ধার করেন অন্য জেলারা। নিখোঁজ হন শহিদ ও কালাম নামে দুই জেলে।

এখনও নিখোঁজ জেলে শহিদের বাড়ি বরগুনার আমতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ছোট আমখোলা গ্রামে অবস্থিত। শহিদের সন্ধানে সমুদ্রে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও জেলেরা।

এ বিষয়ে তালতলী ফকিরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবর ফরাজি বলেন, ‘আমরা জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করেছিলাম। আমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাওয়ার কারণে এই ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়েছে। এখনও যে জেলে নিখোঁজ রয়েছেন, তাকে উদ্ধার করতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে জুয়েল হত্যাকারী হিসেবে ফেসবুকে প্রচারিত 'তালিকা' নিয়ে বিতর্ক, প্রকৃত অপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কুলিয়ারচর):

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ এম


কুলিয়ারচরে জুয়েল হত্যাকারী হিসেবে ফেসবুকে প্রচারিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রকাশ্য দিবালোকে নিরপরাধ তরুণ জুয়েল মিয়াকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে এলাকায়। হত্যাকাণ্ডের পর প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে যখন উত্তাল কুলিয়ারচর, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুয়েল হত্যাকারী উল্লেখ করে বেশ কয়েকজন যুবকের নাম ও ছবি ছড়িয়ে পড়া নিয়ে এলাকায় নতুন করে ধোঁয়াশা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবী, এই সুযোগে ব্যক্তিগত বা সামাজিক শত্রুতার জেরে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। অন্যদিকে, পুলিশ জানিয়েছে অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

হত্যাকাণ্ডের ১২ ঘণ্টা পার হতে না হতেই জুয়েল হত্যার সাথে জড়িত উল্লেখ করে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা গ্রামের সাকিব, শাউন, সোহান, রনি, আসিফ ও জিদনীসহ বেশ কয়েকজনের নাম ও ছবি ফেসবুকের বিভিন্ন আইডিতে ছড়িয়ে পড়ে। এতো দ্রুত কীভাবে সবার ছবি সংগ্রহ করা হলো এবং পোস্টকারীরা ঘটনার প্রত্যক্ষদর্শী বা রাজসাক্ষী কি না-তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে বড়চারা গ্রামের যুবক মো. নাঈম আনোয়ার তার ব্যবহৃত ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন: "আমাদের যুবসমাজের কাছে অন্তত এমন সহিংস আচরণ কখনো আশা করিনি। গুটি কয়েক ছেলের জন্য আজ সমস্ত এলাকাবাসী বর্বরতার তকমা মাথায় নিয়ে ঘুরছে। সেই সাথে নিরপরাধ কিছু ছেলেদের নামও শোনা যাচ্ছে। প্রকৃত দোষীরা শাস্তির আওতায় আসুক, সমাজে আবার শান্তি ফিরে আসুক এটাই প্রত্যাশা।"

এলাকাবাসীর দাবি, কোনো নিরপরাধ যুবক যেন অন্যের অপরাধের দায় নিয়ে হয়রানির শিকার না হয়, আবার কোনো প্রকৃত অপরাধী যেন রাজনৈতিক সেল্টারে কিংবা মোটা অংকের টাকার বিনিময়ে কোনোভাবে পার পেয়ে না যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই শুক্রবার বিকেলে জুয়েল মিয়া তার এক বন্ধুর ডিমের গাড়িতে চড়ে আগরপুর বাসস্ট্যান্ড থেকে লক্ষ্মীপুর বাজারের দিকে যাচ্ছিলেন। গাড়িটি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজারের ১০০ গজ পশ্চিমে পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত গাড়ির গতি রোধ করে। তারা জুয়েলকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তায় এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় জুয়েল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জুয়েল গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের অটোরিকশা চালক মো. কুদ্দুস মিয়ার ছেলে।

এলাকাবাসীর তথ্যমতে, লক্ষ্মীপুর ও বড়চারা এলাকার কয়েকজন যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তবে নিহত জুয়েল সম্পূর্ণ নিরপরাধ ছিলেন এবং ওই বিরোধের সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। কোনো অপরাধ বা কোন্দলে জড়িত না থেকেও কেবল পরিস্থিতির শিকার হয়ে অকালে প্রাণ হারাতে হলো এই সম্ভাবনাময় যুবককে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যার পর জুয়েল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ বিচার ফাঁসির দাবিতে নিহতের নামাজে জানাজা শেষে এক অভূতপূর্ব বিক্ষোভের সৃষ্টি হয়। লাশ দাফনের আগে ক্ষুব্ধ এলাকাবাসী খাটিয়া কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নিহতের নিজ বাড়ি লক্ষ্মীপুর বুধাইবাড়ি গিয়ে শেষ হয়। শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। পরে পারিবারিক কবরস্থানে অশ্রুসিক্ত নয়নে জুয়েলের মরদেহ সমাহিত করা হয়।

লাশ দাফনের পর ফেসবুকে ও প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয় রোববার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর বাজার ঈদগাহ সংলগ্ন রাস্তায় জুয়েল হত্যার বিচার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, "হত্যার কারণ উদঘাটন এবং দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।"

একটি নিরীহ যুবকের এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি এখন কুলিয়ারচরের সর্বস্তরের মানুষের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন বাদশা সালমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ এম


সৌদির মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন বাদশা সালমান

সৌদি আরবের মন্ত্রিসভা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছেন দেশটির বাদশা, সালমান বিন আবদুলআজিজ। শনিবার (১১ জুলাই) একগুচ্ছ রাজকীয় ফরমানে এই রদবদলের আদেশ জারি করেছেন দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান।

ঘোষিত আদেশ অনুযায়ী, বন্দর আল-খোরারফকে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন যুবরাজ আবদুলআজিজ বিন সালমান। তিনি নতুন এই দায়িত্বের পাশাপাশি নিজের বর্তমান জ্বালানি মন্ত্রীর পদটিও বহাল রাখবেন।

অন্যদিকে, সদ্য সাবেক শিল্পমন্ত্রী বন্দর আল-খোরারফকে নতুন করে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাকে মন্ত্রিপরিষদের সদস্য করা হয়েছে। একই সঙ্গে ইঞ্জিনিয়ার আহমদ আল-ওহালিকে সামরিক শিল্প বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের গভর্নরের পদ থেকে সরিয়ে সেখানে বন্দর আল-খোরারফকে ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসনিক এই বড় রদবদলে পরিবর্তন এসেছে দেশটির বিচার ও আইনি বিভাগেও। রাজকীয় আদেশে শালান আল-শালানকে ডেপুটি পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাজকীয় আদালতের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ড. মোহাম্মদ আল-মুতলাককে দেশটির বিচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে জেদ্দার নতুন মেয়র হিসেবে এহসান বাফাকিহকে নিয়োগ দিয়েছেন সৌদি বাদশা। পাশাপাশি দেশের ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে বড় পরিবর্তন এনে তালাল আল-হামুদকে সৌদি কেন্দ্রীয় ব্যাংকের প্রযুক্তি বিষয়ক ডেপুটি গভর্নর এবং আবদুল ইলাহ আল-দুহাইমকে নির্বাহী বিষয়ক ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সূত্র: সৌদি গ্যাজেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাটলার-ব্রুকের ঝড়ে ভারতকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩২ এম


বাটলার-ব্রুকের ঝড়ে ভারতকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

ক্যারিয়ার সায়াহ্ন পৌঁছানো জস বাটলার আচমকা হাজির হয়েছেন তাঁর পুরনো বিধ্বংসী রূপে। অত্যন্ত চিত্তাকর্ষক অধিনায়কত্ব করা হ্যারি ব্রুকও ঝড় তুলেছেন। বাটলার খেলেছেন ক্যারিয়ারসেরা একটি ইনিংস আর ব্রুক সেঞ্চুরির আগে থেমেছেন বল ফুরিয়ে যাওয়ার কারণে। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ড সফরকারী ভারতকে একটি পাহাড় সমান লক্ষ্য প্রদান করেছে, যা প্রাণপণে চেষ্টা করেও টপকাতে ব্যর্থ হয়েছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দল। ফলস্বরূপ, পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হলো টানা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলকে।

শনিবার (১১ জুলাই) সাউদাম্পটনের রস বোলে জস বাটলারের অসাধারণ সেঞ্চুরি ও অধিনায়ক ব্রুকের সেঞ্চুরির কারণে ইংল্যান্ড সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৫৬ রানে পরাজিত করেছে।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ভারত জয়হীনই রয়ে গেল। সিরিজটি ইংল্যান্ড ৪-০ ব্যবধানে জিতেছে এবং ভারতকে হোয়াইটওয়াশের লজ্জায় সম্মুখীন করেছে। চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল ছিল।

ম্যাচের টসে জয়ী হয়ে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ২৫৭ রানের বিশাল স্কোর গড়ে। অধিনায়ক ব্রুক ও বাটলারের দ্বিতীয় উইকেটের বিধ্বংসী জুটি ২৩৩ রানের ছিল, যা এই বিশাল সংগ্রহের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।

বিপরীতে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত ২০১ রানে থেমেছে।

যাহোক, ইংল্যান্ডের শুরুটা এদিন মোটেও ভালো হয়নি। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মাত্র ৮ রানের মাথায় ফিল সল্টকে বিদায় জানান প্রসিধ কৃষ্ণা। এ ছাড়া ক্রিজে আসেন অধিনায়ক ব্রুক। তিনি বাটলারের সঙ্গে মিলে অত্যন্ত আগ্রাসী ব্যাটিংতে ম্যাচের চিত্র পুরোপুরি পাল্টে দেন। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ২৩৩ রান যোগ করেন।

পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে যেকোনো উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের একটি জুটি। ইনিংসের ১৯তম ওভারের চতুর্থ বলে শিভাম দুবে অবশেষে বাটলারকে ফিরিয়ে দেন এবং এই জুটি ভাঙেন।

বাটলার ৬৪ বল খেলে ১৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। যেখানে ছিল ১২টি চার ও ৮টি ছক্কা।

এরপর দুবে ১৯তম ওভারে আবারও আঘাত হানেন এবং জ্যাকব বেথেলকে প্রথম বলেই আউট করেন। তবে ব্রুক শেষ পর্যন্ত ক্রীজে টিকে থাকেন। ইংল্যান্ড অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৫ বল খেলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ১২টি বাউন্ডারি, যার মধ্যে ৮টি ছিল ছক্কা।

ভারতের হয়ে দুবে ১ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। অন্যদিকে প্রসিধ কৃষ্ণা ৪ ওভারের বিনিময়ে ৩৮ রান দিয়ে ১ উইকেট পান।

২৫৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দেশ ভারত ক্রমবর্ধমান রানরেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি। ফলে তারা ইংল্যান্ডের কাছে টানা চতুর্থ হারের স্বাদ গ্রহণ করে।

ভারতের হয়ে সর্বাধিক স্কোর করেন ইশান কিশান, যিনি ৩৫ বল খেলে ৫৬ রান করেন। তিলক ভার্মা ২৫ বলে ৫৩ রানের লড়াকু ইনিংস খেলেন, যার মধ্যে ৪টি ছক্কা ও ৩টি চার ছিল। এছাড়া অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৮, ওপেনার সাঞ্জু স্যামসন ২৭ এবং দুবে ১৪ রান করেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেরা পারফর্মার ছিলেন স্যাম কুরান, যিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া আদিল রশিদ ২টি এবং লিয়াম ডসন, জশ টাং এবং জোফরা আর্চার একটি করে উইকেট নিয়ে থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%