মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:০৬ পি.এম
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ডিএমকের তিন নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দলের উপমহাসচিব এ রাজা, সাবেক মন্ত্রী পি কে সেকার বাবু এবং বিধায়ক বসন্তম কার্তিকেয়ান।
মঙ্গলবার, দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে এক কর্মকর্তা জানান, সম্প্রতি অনুষ্ঠিত দলীয় বিক্ষোভ কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে নিয়ে কথিত আপত্তিকর মন্তব্যের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা করা হয়েছে।
দলীয় বিক্ষোভের সময় মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চেন্নাইয়ের বি১ নর্থ বিচ থানায় সেকার বাবুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি ডিএমকের হারবার আসনের বিধায়ক এবং চেন্নাই ইস্ট জেলার দলীয় সম্পাদক।
এদিকে, টিভিতে নেতা কার্তিকের অভিযোগের ভিত্তিতে সাইদাপেট থানায় এ রাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বিধানসভা বক্তৃতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে এ রাজা জ্বালানি সম্পদ ও আইনমন্ত্রী আর এন নির্মল কুমারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
কল্লাকুরিচি পুলিশ ঋষিবন্ধিয়াম আসনের বিধায়ক বসন্তম কার্তিকেয়ানের বিরুদ্ধে মামলা করেছে। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে।
সম্প্রতি বিধানসভায় বিজয়ের বক্তব্যকে কেন্দ্র করে ডিএমকেতে উত্তেজনা সৃষ্টি হয়। ডিএমকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার সময় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের জরুরি অবস্থার সময় মিসা আইনে গ্রেপ্তার হওয়ার বিষয়টি উল্লেখ করেন এবং চোয়ালের অঙ্গভঙ্গি করেন। এর প্রতিবাদে ডিএমকের সদস্যরা তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেন।
এর পর, বিজয়ের বক্তব্যের পক্ষে অবস্থান নেন মন্ত্রী নির্মল কুমার। তিনি দাবি করেন, জরুরি অবস্থার সময় স্ট্যালিনকে মিসা আইনে আটক করা হয়েছিল—এমন দাবির পক্ষে কোনো সরকারি আদেশের কপি নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে টাকা না দেওয়ায় এক মাকে চিকিৎসাসেবা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগে ফেসবুকে প্রচারিত একটি পোস্টকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালের দিকে নিজের ফেসবুক আইডি ব্যবহার করার সময় একটি ফেসবুক আইডিতে ওই পোস্টটি দেখতে পান বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
আরএমও রাজীব আহমেদ চৌধুরী বলেন, ওই পোস্টে দুটি ছবি সংযুক্ত করে লেখা হয়, নোয়াখালী সরকারি হাসপাতালে থেকে একজন মা’কে টাকা না দেওয়ার কারণে চিকিৎসা সেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পোস্টটি নজরে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য ও বাস্তব পরিস্থিতির সঙ্গে বিষয়টি যাচাই করা হয়। এতে দেখা যায়, পোস্টে ব্যবহৃত ছবিটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল, নোয়াখালীর হাসপাতাল এলাকার ছবি নয়। প্রকৃত ঘটনা ও স্থান যাচাই না করে ভিন্ন স্থানের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
জিডিতে বলা হয়েছে, ভিন্ন স্থানের ছবি ব্যবহার করে এমন তথ্য প্রচারের ফলে হাসপাতালের সুনাম, ভাবমূর্তি ও জনআস্থা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ছাড়া সরকারি হাসপাতাল সম্পর্কে এ ধরনের তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে সরকারি চিকিৎসাসেবা সম্পর্কে ভুল ধারণা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়। জিডিতে ওই ফেসবুক আইডি পরিচালনাকারী ব্যক্তির পরিচয় এবং পোস্টটির প্রকৃত উৎস শনাক্ত করে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে চর ঈশ্বর ও চর কিং ইউনিয়ন এবং হাতিয়া পৌরসভার ৩০ জন দুর্যোগ স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাতিয়ার দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। ইভিসিআর প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণে দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কবার্তা, আগাম পদক্ষেপ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উদ্বোধনী দিনে হাতিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান দুর্যোগের আগাম সতর্কবার্তা, প্রযুক্তির ব্যবহার ও দুর্যোগ-পরবর্তী সরকারি সহায়তা নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় দিনে অনুসন্ধান ও উদ্ধার, আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা, নারীর ঝুঁকি এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা হবে।
স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলা ও ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সমাজসেবা শেরপুর উপপরিচালকের কার্যালয়ে জেলা সমাজসেবা অফিসের উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
শেরপুর উপপরিচালক কামরুজ্জামান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পরিচালক ওবায়দুল হক, শেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান এবং বিদায়ী নকলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান ও বিদায়ী ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী।
জেলা সমাজসেবা অফিসের হাসান শরাফত-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, শ্রীবরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজামান সুজন ও শহর সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান প্রধান প্রমুখ।
বিদায়ী দুই কর্মকর্তার সততা, আদর্শ, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা, কাজে একাগ্রতা ও নিয়মানুবর্তিতাসহ জনসেবায় সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ডসমূহ অনেকের কর্মময় জীবনে অনুকরণীয় হয়ে থাকবে বলে বক্তারা জানান। নতুন কর্মস্থল যেন সুন্দর, মসৃণ ও নিরাপদ হয় এরজন্য সবার কাছে দোয়া কামনা করেন বিদায়ী কর্মকর্তারা।
বিদায়ী দুই কর্মকর্তার চাকরি কালীন সময়ে স্মরণীয় কর্মকান্ডের উপর স্মৃতিচারণ মূলক আলোচনা সভার পরে তাঁদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রিটিশ সরকার ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবের অনুরোধের পর এ নিয়ে আলোচনা চলছে।
সৌদি আরব ইয়েমেনের লোহিত সাগর উপকূল ধরে দক্ষিণ দিকে বাব আল-মান্দেব প্রণালির দিকে হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে এবং তাদের হামলা প্রতিহত করার জন্য ব্রিটিশ সরকারের কাছে সামরিক সহায়তা চেয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সৌদি সামরিক বাহিনীকে সহায়তার জন্য ব্রিটিশ সামরিক উপদেষ্টাদের পাঠানোর বিষয়ে সম্মতিও দিয়েছেন।
সপ্তাহান্তে বাব আল-মান্দেবের কাছে ইয়েমেনের উপকূলের কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নেয় হুতিরা। এর পর সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা হয়। এই পাইপলাইনটি বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ পরিবহন করে। রয়টার্স জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।
মিডেল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বাব আল-মান্দেব প্রণালি নিয়ন্ত্রণে হুতিদের অগ্রগতির কারণে আন্তর্জাতিক নৌবাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বার্নহামকে জানানো হয়েছে যে, এতে ব্রিটেনে জ্বালানির দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে সৌদি আরবকে কী ধরনের সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে ব্রিটিশ সরকার এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের কাছেও সহায়তা চেয়েছেন বলে জানা গেছে।
এদিকে গত শনিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘যুক্তরাজ্য সৌদি আরব এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করে।’
অন্যদিকে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। হুতিদের ঘনিষ্ঠ আল-মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। হামলায় আরো দুজন আহত হয়েছেন।
এর জবাবে গতকাল সোমবার হুতিদের হামলায় সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে সৌদি জোটের দাবি।
সৌদির সঙ্গে সম্প্রতি যৌথ প্রতিরক্ষা চুক্তি করা পাকিস্তান ও তুরস্ক এখনো হুতিদের বিরুদ্ধে সৌদিকে সহায়তায় এগিয়ে আসেনি। তুরস্কের এক কর্মকর্তার মতে, চুক্তিটি এখনো কার্যকর না হওয়ায় এর আওতায় সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ