০৬:৪২ পি.এম
কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠার পর অভিযুক্ত চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া ফেসবুকে সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে একটি পোস্ট দিয়েছেন। তার এই পোস্টের ফলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ডা. কেয়া একটি স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘আপনারা একটা কাজ করবেন, এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন। অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে—এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিকদের কাছ থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে।’
নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ প্রকাশিত হওয়ার পর তার পক্ষ থেকে এই মন্তব্য করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
সম্প্রতি চৌদ্দগ্রামের খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারের সন্তান প্রসবের ঘটনায় ডা. কেয়ার বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছেন তার স্বজনরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় নরমাল ডেলিভারির চেষ্টা চললেও একপর্যায়ে নবজাতকের মৃত্যু ঘটে। পরে নবজাতকের মাথায় আঘাতের চিহ্নও দেখা যায়। এ অবস্থায় আশঙ্কাজনক প্রসূতি নাজমাকে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে ডা. কেয়া অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, তিনি নরমাল ডেলিভারির চেষ্টা করেছেন। রোগীর অবস্থা ভালো না থাকায় দ্রুত তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে। নবজাতকের মৃত্যু ও মাথায় আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি রোগীর পরিবারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল মন্তব্য করেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগের পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে দেওয়া ওই ফেসবুক পোস্ট নিয়েও স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন