০১:২৩ এম
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ১০ হাজার কোটি টাকার একটি আবর্তনযোগ্য (রিভলভিং) পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ থেকে এ সংক্রান্ত নীতিমালা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এটি পাঠানো হয়েছে।
নীতিমালায় উল্লেখ করা হয়েছে, কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টি করা, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। এ ছাড়া, দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে এই তহবিলের মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক
বাংলাদেশ ব্যাংক জানায়, পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার জন্য কৃষি খাতের গুরুত্ব বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি ও পল্লী অঞ্চলগুলোতে আয়বর্ধক কর্মকাণ্ডে অর্থায়ন করলে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে, এ বিষয়টিও এই তহবিল দ্বারা বাস্তবায়িত হবে।
নীতিমালার অধীনে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য এ স্কিম গঠন করা হয়েছে, যা ‘দেশের কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’ নামে পরিচিত।
এই স্কিমের আওতায় তহবিলের পরিমাণ ১০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা আবর্তনযোগ্য ভিত্তিতে পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা এই স্কিমের মেয়াদ পাঁচ বছর।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগ-২ এই স্কিমটি পরিচালনা করবে। অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ভিত্তিতে বরাদ্দ প্রদান করা হবে, এবং তারা সেই অর্থ গ্রাহক পর্যায়ে বিতরণ করবে।
আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু
বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, এই স্কিমের অধীনে বিতরণ করা কৃষি ও পল্লী ঋণ অথবা বিনিয়োগ ব্যাংকগুলো তাদের বার্ষিক কৃষিঋণ বিতরণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে গণ্য করতে পারবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন