বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৩৭ পি.এম
ধুলো, ধোঁয়া এবং ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
এ পরিস্থিতিতে, বায়ুমান স্কোর ২১৪ নিয়ে পাকিস্তানের লাহোর তালিকার শীর্ষে অবস্থান করছে। বাতাসের এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। অপরদিকে, ৪৪ স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকার ৬২ নম্বরে রয়েছে। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ২১৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর, যার স্কোর ১৭৬। তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৭৫। ভারতের কলকাতা ১৬৮ স্কোর নিয়ে তালিকার ৪ নম্বরে এবং পঞ্চম স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ১৬০।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর এবং বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকায় অফিস খোলার জন্য ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মেটা আগ্রহ প্রকাশ করেছে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন।
শামা ওবায়েদ বলেন, ‘আজকে আমাদের মেটার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এটি মিটিং হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সেখানে থাকার কথা ছিল। সময়ের কারণে থাকতে পারেননি।’
তিনি আরও জানান, মেটার সঙ্গে ঢাকায় অফিস খোলার ব্যাপারে আলোচনা হয়েছে। তারা এই উদ্যোগে খুবই আগ্রহী। ঢাকায় তাদের ফোকাল পয়েন্ট স্থাপন করবে, কারণ বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ভারতের চেয়ে বেশি। আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও আলোচনা হয়েছে। মেটা আমাদের ই-কমার্স এবং অনলাইন ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে বিশ্বনেতারা যখন বৈশ্বিক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করতে ব্যস্ত, তখন সিরিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল-শারার মনোযোগ ছিল ভিন্ন দিকে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের গুরুত্বপূর্ণ ভাষণের সময় আল-শারাকে নিজের ফোনে ইনস্টাগ্রামের রিল স্ক্রল করতে দেখা গেছে।
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে প্রকাশিত ফুটেজে দেখা যায়, যখন এরদোয়ান মঞ্চে বক্তব্য রাখছিলেন, তখন সিরিয়ার প্রতিনিধি আসনে বসে আহমেদ আল-শারা নিশ্চিন্তে স্মার্টফোনে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন এবং রিল দেখছেন। ২০২৫ সালের জানুয়ারিতে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদে তার দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ, যা ২০২৫ সালে জাতিসংঘে প্রথমবার ভাষণ দেওয়ার পর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ থেকে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের বার্ষিক সাধারণ বিতর্কের উচ্চ পর্যায়ের অধিবেশন শুরু হয়।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বার্ষিক প্রতিবেদন পেশ করার মাধ্যমে সেশনের মূল কার্যক্রম শুরু হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের প্রায় ১৩০ জন রাষ্ট্র ও সরকার প্রধান এই বার্ষিক অধিবেশনে সমবেত হয়েছেন। তুর্কি প্রেসিডেন্টের ভাষণের সময় সিরীয় প্রেসিডেন্টের ফোন স্ক্রল করার এই দৃশ্যটি এমন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে অবস্থান করছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। এই সফরের অংশ হিসেবে তিনি নিউইয়র্কের কুইন্সের ফার রকওয়ের একটি ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েশিভা দারখেই তোরাহ পরিদর্শন করেন।
এই সময়, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘ওহেভ ইসরায়েল’ বা ‘ইসরায়েলের প্রেমিক’ পুরস্কার প্রদান করা হয়।
ইসরায়েল এবং ইহুদি সম্প্রদায়ের প্রতি সমর্থনের জন্য পরিচিত প্রেসিডেন্ট মিলে সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন বলেও ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি স্প্যানিশ ভাষায় বক্তব্য রাখেন। পরে, প্রতিষ্ঠানটি থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে নাচতে দেখা যায় তাকে।
মিলের অফিস থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে তার শিক্ষার্থীদের সঙ্গে নাচের দৃশ্য দেখা যায়।
সূত্র : টাইমস অব ইসরায়েল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন দানের টাকা গণনা করা হবে। প্রাপ্ত টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজের জন্য ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখা হবে, এবং বাকি ৬৫ শতাংশ টাকা মাজারের দৈনন্দিন ব্যয় ও কর্মচারীদের বেতন প্রদান করা হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিলেট সার্কিট হাউসে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী।
সভা শেষে এই কমিটির সদস্য সচিব ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান। এর ফলে শাহজালাল মাজারের ব্যবস্থাপনা নিয়ে প্রায় দুই মাসের সিদ্ধান্তহীনতার অবসান ঘটেছে।
জেলা প্রশাসক বলেন, ‘এখন থেকে শাহজালাল মাজারের দানের টাকা প্রতিদিন গণনা করা হবে। দানের টাকা থেকে ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখা হবে। এই অ্যাকাউন্ট সিলেটের জেলা প্রশাসক ও মাজারের মতোয়াল্লির যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। বাকী ৬৫ শতাংশ টাকা মাজারের দৈনন্দিন ব্যয় ও কর্মচারীদের বেতন নির্বাহ করা হবে।’
জেলা প্রশাসক আরো বলেন, ‘টাকা গণনা ও স্বচ্ছতা নিশ্চিতে মাজার কমিটির পক্ষে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। তিনি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন বা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হবেন। এছাড়া একজন হিসাব রক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে।’
মাজার পরিচালনায় একটি কমিটি গঠন করা হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘কমিটির সদস্য হবেন সাতজন। এর আহ্বায়ক হবেন জেলা প্রশাসক। কমিটিতে সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট মহানগর পুলিশ, সিলেট জেলা পরিষদের একজন করে প্রতিনিধি ও পুলিশ সুপার থাকবেন। আর মাজারের মতোয়াল্লি এই কমিটিতে সদস্যসচিব হিসেবে থাকবেন। নিয়োগকৃত ম্যানেজার এই কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন। এই কমিটি মাজারের নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।’
হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা নিয়ে বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উদ্যোগের পর ব্যাপক আলোচনা সৃষ্টি হলে গত ২৩ জুন মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনায় স্বচ্ছতা আনতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যে কমিটি ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক ও সমন্বিত কাঠামোর সুপারিশ দেবে বলে জানানো হয়েছিল। তবে প্রায় আড়াই মাস পর এই কমিটি সিদ্ধান্তে পৌঁছেছে।
এতদিন কোনো নীতিমালা না থাকার কারণে বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলমের উদ্যোগের পর থেকে মাজারের টাকা প্রকাশ্যে গণনা করা হচ্ছে এবং গণনার পর টাকা জেলা প্রশাসনের খোলা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হচ্ছে। এতে মাজার পরিচালনায় অচলাবস্থা দেখা দিয়েছে বলে জানিয়েছেন হজরত শাহজালাল (রহ.) মাজারের খাদেমরা।
প্রসঙ্গত, হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে গত ১৮ জুন বিকেলে মাজারে থাকা আগের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দান করা নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী রাখার ঐতিহাসিক তিনটি দানের ডেগও সিলগালা করা হয়। দানবাক্স ও ডেগ সিলগালার পর জেলা প্রশাসক সারওয়ার আলমের এ উদ্যোগের পক্ষে-বিপক্ষে সিলেটজুড়ে আলোচনা শুরু হয়। একপক্ষের দাবি, মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে জেলা প্রশাসক কার্যকর উদ্যোগ নিয়েছেন। অন্যপক্ষের অভিযোগ, মাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠার নামে তার সাম্প্রতিক পদক্ষেপগুলো ছিল একতরফা ও জোরপূর্বক, যা মাজারকেন্দ্রিক প্রচলিত ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।
এ আলোচনা-সমালোচনার মধ্যেই ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব পদে সংযুক্ত করা হয়। এর পরদিন তার উপস্থিতিতে দানবাক্স সিলগালার চারদিন পর জনসমক্ষে বাক্সের তালা খুলে টাকা গণনা করা হয়।
গত ২২ জুন প্রথম দফায় দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার চেক যুক্ত হলে মোট অর্থ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এর ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খুলে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণ-রূপাও পাওয়া যায়। সর্বশেষ ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও মানতের ডেগ খুলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এ সময় দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি সোনা-রূপার অলঙ্কারও পাওয়া যায়। সবশেষ ১৯ সেপ্টেম্বর পাওয়া যায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এদিনও দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি সোনা-রূপার অলঙ্কারও পাওয়া যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ