ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম


আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্ট শেয়ার করছেন। তিনি তাঁর পোস্টে ভ্রাতৃঘাতী সংঘাত প্রান্তরে সর্বাধিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

শনিবার (২৭ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে তিনি নিজেকে ‘প্রথম বলির পাঁঠা হবেন’ বলে উল্লেখ করেন। এ সময় তিনি সতর্ক করে বলেন যে একে একে আরও অনেকে লক্ষ্যবস্তু হতে পারেন।

পোস্টের শুরুতে মাহফুজ আলম লেখেন, ‘আমি প্রথম বলির পাঁঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে আপনাদের সবাইকে টার্গেট করা হবে। এর পরিণতি আপনারা সামাল দিতে পারবেন না।’

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

এরপর তিনি আরও লিখেন, ‘শত্রুর সেবা করে কেউ বলির পাঁঠা হবেন না। বলির পাঁঠাদের শেষ পর্যন্ত উৎসর্গ করা হয়। সব ধরনের ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে চলুন। সর্বোচ্চ ঐক্যের লক্ষ্যে কাজ করুন।’

এই পোস্টে মাহফুজ আলম জার্মান-আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েলের একটি উদ্ধৃতি উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে, ‘সম্ভবত প্রতিটি আধুনিক রাজাই এমন এক বলির পাঁঠা, যে কেবল নিজের মৃত্যুদণ্ড কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পেরেছে।’ একই সঙ্গে তিনি ফরাসি দার্শনিক রেনে জিরারের বই পড়ার জন্য পরামর্শও দেন।

তবে এই পোস্টে মাহফুজ আলম কোনো ব্যক্তি, গোষ্ঠী বা নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি। তিনি ঠিক কোন প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন: ঘিওরের ধলেশ্বরী নদীতে দুই দিন নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেড় বছরে ৭৯ লাখ টাকা চিকিৎসা বিল নেন সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৪৫ এম


দেড় বছরে ৭৯ লাখ টাকা চিকিৎসা বিল নেন সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন

দেড় বছরে সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিদেশে চিকিৎসার জন্য ৭৯ লাখ ৩৮ হাজার ২২৯ টাকার বিল সরকারি কোষাগার থেকে নিয়েছেন। এ খরচ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিদেশে চিকিৎসা বাবদ ব্যয়ের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

একই সময়ে সরকারি কোষাগার থেকে বিদেশে চিকিৎসার খরচ নেওয়ার তালিকার শীর্ষে আ ফ ম খালিদ হোসেন রয়েছেন। তিনি একাই ৮১ লাখ ৯১ হাজার ৪৮৮ টাকা বিল নিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ের মাত্র ১৮ মাসে বিদেশে চিকিৎসা খরচের জন্য সরকারি কোষাগার থেকে বড় অঙ্কের অর্থ নিয়েছেন আরও কয়েকজন উপদেষ্টা।

তাদের মধ্যে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ৮ লাখ ৭০ হাজার ৭৪৪ টাকা; সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ৭ লাখ ১৫ হাজার ৬৪৯ টাকা; সাবেক বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান ৫ লাখ ৩৯ হাজার ৯৩৫ টাকা; সাবেক ভূমি উপদেষ্টা হাসান আরিফ ২ লাখ ৬৭ হাজার ২১৬ টাকা; সাবেক শিক্ষা উপদেষ্টা ড. এম আমিনুল ইসলাম ২ লাখ ৩৫ হাজার ৭২৯ টাকা এবং সাবেক খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ১ লাখ ৭০ হাজার ১৩৪ টাকা নিয়েছেন।

জানা গেছে, ড. সালেহউদ্দিন আহমেদ ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। বিদেশে চিকিৎসা সম্পর্কে তিনি গণমাধ্যমকে জানান, ‘আমি খুব সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। একপর্যায়ে শারীরিক জটিলতা দেখা দেয়। দেশে চিহ্নিতই করা যাচ্ছিল না। পরে বাধ্য হয়ে যথাযথ প্রক্রিয়ায় সরকারের অনুমোদন নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছি। সেখানে আমি তিনবার চিকিৎসা নিয়েছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির রায় আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৪৬ এম


রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির রায় আজ

রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি চালানোর এবং আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ রবিবার ঘোষণা করা হবে।

গত ১৫ জুন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায়ের দিন ধার্য করেছিলেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, বিচারপতি শফিউল আলম এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

গতকাল শনিবার, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানিয়েছেন, এই মামলার রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

এই মামলায় মোট পাঁচজন আসামি রয়েছে, যাদের মধ্যে চারজন পলাতক অবস্থানে রয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

এছাড়া, গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে। গত ১৫ জুন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই দিন মামলায় দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছিল প্রসিকিউশন ও আসামিপক্ষের তরফ থেকে।

এরপর, ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। তিনি এ ঘটনার জন্য চঞ্চল সরকারের সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে, মামলার অভিযোগ থেকে তাঁর অব্যাহতি চান। তবে, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এর আগে, ১০ জুন পুনরায় সাফাই সাক্ষ্য দেন চঞ্চল চন্দ্র সরকার। পুনর্সাক্ষ্যে তিনি এক প্রসিকিউটরের বিরুদ্ধে ভয়ভীতি দেখানো ও চাপ প্রয়োগের অভিযোগ আনেন। এই আসামি চলতি বছর ১৩ জানুয়ারি প্রথম সাক্ষ্য দিয়েছিলেন।

আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি, শিশু বাসিত খান মুসার (৭) মাথা ভেদ করে ও তাঁর দাদি মায়া ইসলামের মৃত্যু এবং মো. নাদিম নামের অন্য এক ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে। এই মামলার রায় ঘোষণার দিন ৪ মার্চ ধার্য করা হয়েছিল, তবে প্রসিকিউশনের আবেদনের কারণে সেদিন রায় ঘোষণা করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক এমপি ও আ. লীগ নেতা নূর মোহাম্মদ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৪৬ এম


সাবেক এমপি ও আ. লীগ নেতা নূর মোহাম্মদ গ্রেপ্তার

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদকে রাজধানী গুলশান এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এই বিষয়টি সম্পর্কে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার বলা হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং তিনি গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আসামি।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে, এ কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপন নথি অপব্যবহারের দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৪৭ এম


গোপন নথি অপব্যবহারের দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা

গোপনীয় ও স্পর্শকাতর সরকারি তথ্য অপব্যবহারের অভিযোগ স্বীকার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। আদালতের কাছে তিনি অবৈধভাবে রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রাখার দায় মেনে নিয়েছেন। এই অপরাধের কারণে তার সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ ছাড়া জরিমানা হিসেবে তিনি ২২.৫ লক্ষ মার্কিন ডলার দিতে রাজি হয়েছেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত জন বোল্টন গোপন তথ্য ফাঁসের ১৮টি অভিযোগে অভিযুক্ত ছিলেন। শুরুতে নিজেকে নির্দোষ দাবি করলেও শুক্রবার (২৬ জুন) আদালতে তিনি একটি অভিযোগের সত্যতা স্বীকার করেন।

তার ডায়েরিতে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু সর্বোচ্চ গোপনীয় স্তরের নথি পাওয়া যায়। এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন সময়ের কিছু সংবেদনশীল তথ্য তিনি নিজের পরিবারের সদস্যদের কাছে পাঠিয়েছিলেন বলেও আদালতে প্রমাণিত হয়েছে। আদালতে বিচারকের সামনে বোল্টন বলেন, ‘আমি ভুল করেছি, মাননীয়। আমি এর জন্য দুঃখিত।’

শুনানি শেষে মার্কিন অ্যাটর্নি কেলি হেইস সাংবাদিকদের বলেন, ‘বোল্টন জানতেন কিভাবে গোপনীয় তথ্য সামলাতে হয় এবং এর অপব্যবহার প্রজাতির জাতীয় নিরাপত্তার জন্য কী ধরনের ক্ষতি সৃষ্টি করতে পারে। আইন লঙ্ঘন করে তিনি দেশের নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছিলেন।’ অন্যদিকে, বোল্টনের আইনজীবী অ্যাবে লোয়েল এক বিবৃতিতে বলেন, তার মক্কেল নিজের ভুলের দায়িত্ব নিয়ে প্রকৃত নেতার মতো কাজ করেছেন। এর ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় সরকারের অনেক সম্পদ বেঁচে গেছে। তবে এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্প নিজেও ফ্লোরিডার ম্যানশনে গোপন নথি নিয়ে আইন লঙ্ঘন করেছিলেন, কিন্তু নিজের আচরণের জন্য কখনো জবাবদিহি করেননি।

সাবেক উপদেষ্টার এই দোষ স্বীকারের পর প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে লিখেছেন, ‘আশা করি, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

২০১৯ সালে ট্রাম্পের প্রথম প্রশাসন থেকে বরখাস্ত হন জন বোল্টন। ২০২০ সালে তার প্রকাশিত স্মৃতিকথা ‘দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড’-এ তিনি ট্রাম্পের ভূ-রাজনীতি সংক্রান্ত অজ্ঞতার তীব্র সমালোচনা করেন। তৎকালীন হোয়াইট হাউস বইটির প্রকাশনা বন্ধ করতে মামলা করলেও আদালত তা খারিজ করে দেয়। এর পরপরই মার্কিন বিচার বিভাগ বোল্টনের বিরুদ্ধে গোপন তথ্য অপব্যবহারের তদন্ত শুরু করে।

আইনি চুক্তি অনুযায়ী, কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি বোল্টনকে ১০০ ঘণ্টা সমাজসেবামূলক কাজ করতে হবে এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের কাছে জবাবদিহি করতে হবে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, আগামী ২৮ অক্টোবর আদালত এই মামলায় বোল্টনের চূড়ান্ত সাজা ঘোষণা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%