ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

আকীদার প্রশ্নে নিজের সন্তান হলেও কোনো আপস ও ছাড় নয়: ছারছীনার পীর ছাহেব


আকীদার প্রশ্নে নিজের সন্তান হলেও কোনো আপস ও ছাড় নয়: ছারছীনার পীর ছাহেব

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মেষতলী বাজারস্থ পাশকাটি দ্বীনিয়া মাদরাসা ময়দানে শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুময়া আয়োজিত হয় বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল। এই মাহফিলটি মরহুম পীর ছাহেব, বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহসূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর স্মরণে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।

তিনি বক্তব্যে উল্লেখ করেছেন যে, ঈমান ও আকীদার প্রশ্নে আপসের কোনো সুযোগ নেই। নিজের সন্তান হলেও আকীদার বিশুদ্ধতার প্রশ্নে ছাড় দেওয়া যাবে না। ব্যক্তিগত সম্পর্ক, আত্মীয়তা কিংবা আবেগ কখনোই দ্বীনের মৌলিক আদর্শের ঊর্ধ্বে হতে পারে না।

পীর ছাহেব কেবলা আরও বলেন, একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ তার ঈমান। ঈমানের বিশুদ্ধতার জন্য সঠিক আকীদা অপরিহার্য। সুতরাং, আকীদার বিষয়ে সর্বদা সচেতন ও সতর্ক থাকতে হবে। সন্তান, আত্মীয় কিংবা ঘনিষ্ঠ কেউ ভুল পথে পরিচালিত হলে তাকে অন্ধভাবে সমর্থন না করে ভালোবাসা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। দ্বীনের মৌলিক বিষয়ে আপসকামিতা কোনোভাবেই কাম্য নয়।

আরও পড়ুন: জান্নাতে নবীজির সান্নিধ্য পেতে আমল সম্পর্কে জানালেন হজরত রাবিআহ (রা.)

মাহফিলে উপস্থিত সকলের উদ্দেশ্যে পীর ছাহেব বলেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ পরিবার, সন্তান-সন্ততি ও অধীনস্থদের দ্বীনি পরিবেশে গড়ে তোলার চেষ্টা করুন। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী শিখছে এবং কোন আদর্শ অনুসরণ করছে, সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সন্তানদের শুধু পার্থিব শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না; তাদের অন্তরে আল্লাহভীতি, রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা এবং বিশুদ্ধ আকীদা প্রতিষ্ঠা করতে হবে। তাই সন্তানদের ছোটবেলা থেকেই ইসলামের মৌলিক শিক্ষা ও বিশুদ্ধ আকিদার সঙ্গে পরিচিত করাতে হবে। সন্তানদের জন্য সম্পদ-সম্পত্তি রেখে যাওয়ার চেয়ে তাদের ঈমানদার ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা অধিক গুরুত্বপূর্ণ। অন্যের ভুল সংশোধনের ক্ষেত্রে হিকমত, উত্তম আচরণ ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। কাউকে হেয় করা কিংবা অহংকার প্রদর্শন নয়; বরং কুরআন-সুন্নাহর আলোকে মানুষকে সঠিক পথে আহ্বান করাই একজন মুমিনের দায়িত্ব।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, ছারছীনা দারুসসুন্নাত আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মো. বোরহান উদ্দীন ছালেহী, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহফিলে দেশ-বিদেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত, মুরিদান ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন। পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।

আরও পড়ুন: সিজদায় বান্দা রবের সবচেয়ে নিকটবর্তী থাকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর অভ্যন্তরীণ ফ্লাইট শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর অভ্যন্তরীণ ফ্লাইট শুরু

যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি সৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আবারও আকাশসীমা খুলে দিয়েছে। এর ফলে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে বিমান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে এভিয়েশন কর্তৃপক্ষ।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, টেলিযোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণ চিহ্নিত করার পর স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে (শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিট) আকাশসীমা পুনরায় খুলে দেয়া হয়েছে। তবে ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হবে।

বাতিল বা আটকে পড়া ফ্লাইটগুলোর বিষয়ে তিনি মন্তব্য করেন, ‘আজ রাতেই যত বেশি সম্ভব ফ্লাইট চলাচল শুরু করার চেষ্টা করব।’ শন ডাফি আরও জানান, পাইলট ও ফ্লাইট অ্যাটেনডেন্টদের উপস্থিতির ওপর নির্ভর করবে কোন ফ্লাইটগুলো ছেড়ে যেতে পারবে।

তিনি সতর্ক করে বলেন, এই বিপর্যয় কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। তবে শনিবার উল্লেখযোগ্যসংখ্যক ফ্লাইট আবারও চলাচল শুরু করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এর আগে, বিমান চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারগুলোর যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫৪ মিনিটে যুক্তরাষ্ট্রজুড়ে সব বহির্গামী ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করে এফএএ।

সান ফ্রান্সিসকো বিমানবন্দর ও বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়ার আগেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া ফ্লাইটগুলোকে উড্ডয়নের অনুমতি দেয়া হয়।

২০২৩ সালের জানুয়ারির পর যুক্তরাষ্ট্রে এই প্রথম দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ দেয়া হলো। ওই সময় এফএএর গুরুত্বপূর্ণ একটি কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। সর্বশেষ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাছের সুরক্ষায় ‘প্রজেক্ট ট্রি কেয়ার’, অপসারণ হলো আড়াই কেজি পেরেক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


গাছের সুরক্ষায় ‘প্রজেক্ট ট্রি কেয়ার’, অপসারণ হলো আড়াই কেজি পেরেক

রাজধানীতে গাছকে পেরেকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার উদ্দেশ্যে পরিবেশবাদী সংগঠন রান ফর গ্রীন বাংলাদেশের উদ্যোগে ‘প্রজেক্ট ট্রি কেয়ার’ পরিচালিত হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে সড়কের বিভিন্ন গাছ থেকে প্রায় ২ দশমিক ৫ কেজি পেরেক অপসারণ করা হয়েছে।

প্রকল্পটির আওতায় সনি সিনেমা হল থেকে মিরপুর কলেজ পর্যন্ত সড়কের বিভিন্ন গাছ থেকে পেরেক অপসারণের কাজ সম্পন্ন হয়েছে। সংগঠনটির ফাউন্ডিং মেম্বার এবং স্বেচ্ছাসেবীরা এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

গাছের গায়ে বিজ্ঞাপন, ব্যানার ও প্রচারণামূলক উপকরণ লাগানোর জন্য প্রায়ই পেরেক ব্যবহার করা হয়। এর ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ক্ষতস্থান দিয়ে রোগজীবাণুর সংক্রমণের পাশাপাশি দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।

এই বিষয়গুলো সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং গাছকে পেরেকমুক্ত রাখার লক্ষ্যেই ‘প্রজেক্ট ট্রি কেয়ার’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় সংগঠনটি।

রান ফর গ্রীন বাংলাদেশ মনে করে, বৃক্ষরোপণের পাশাপাশি বিদ্যমান গাছের পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করাও পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই কারণে গাছের প্রতি যত্নশীল হওয়ার সামাজিক আন্দোলন গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি।

‘প্রজেক্ট ট্রি কেয়ার’-এর মাধ্যমে গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার কিংবা বিজ্ঞাপন লাগানোর প্রবণতা বন্ধে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়ানোর প্রত্যাশা করছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে সফরে নাহিদ ইসলাম, ব্রিটিশ পার্লামেন্টে বৈঠক করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


যুক্তরাজ্যে সফরে নাহিদ ইসলাম, ব্রিটিশ পার্লামেন্টে বৈঠক করবেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি যুক্তরাজ্যে এক সপ্তাহের সফরে পৌঁছেছেন। বাংলাদেশ সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি লন্ডনের বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা।

এর আগে, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সফরের সময় তার সঙ্গে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

নাহিদ ইসলামের সফরের পরিকল্পনায় রয়েছে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক, পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে আলোচনা। এসব আলোচনায় বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।

সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন এবং ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়ে আলোচনা করবেন।

এছাড়া, আগামী ১৬ নভেম্বর (সোমবার) ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মো. নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) এনসিপি আহ্বায়কের দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের বাঁশখালীতে ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


চট্টগ্রামের বাঁশখালীতে ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় এবং একই কক্ষ থেকে তার ৭ মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়া বদি আলমের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত ওই ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫৫)। তিনি চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের পুত্র। নিহত দুই যমজ কন্যাসন্তান হলো—জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত (৭ মাস)।

বাবা-মেয়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপ পরিদর্শক মো. কাউসার।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পারিবারিক অনুষ্ঠান নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে তর্কাতর্কি হয়। জুমার পরে জাহেদের স্ত্রী আফিয়া একটি সামাজিক অনুষ্ঠানে গেলে দুই যমজ সন্তান ও তার স্বামী-স্ত্রীর বাপের বাড়িতে অবস্থান করে। বিকাল চারটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন। তাই ওদের রেখে যান। বিকালে বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের চতুর্দিকে দরজা-জানালা সব বন্ধ। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে পিতা তার দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%