ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সিজদায় বান্দা রবের সবচেয়ে নিকটবর্তী থাকে


সিজদায় বান্দা রবের সবচেয়ে নিকটবর্তী থাকে

মহান আল্লাহর দরবারে অহংকার ও আত্মম্ভরিতাকে মাটিতে মিশিয়ে দিয়ে রবের সামনে সর্বোচ্চ বিনয় প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সিজদা। এটি শুধুমাত্র নামাজের একটি রুকন নয়; বরং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের যেসব গুণের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে সিজদা অন্যতম। ইরশাদ হয়েছে, ‘আর যারা তাদের রবের জন্য সিজদারত ও দণ্ডায়মান হয়ে রাত যাপন করে।’ (সুরা ফুরকান, আয়াত : ৬৪)

সিজদার সবচেয়ে বড় ফজিলত হলো এই অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বান্দা সিজদার সময়ে মহান আল্লাহর সর্বাধিক নৈকট্য লাভ করে। কাজেই এ সময় তোমরা অধিক পরিমাণে দোয়া পাঠ করবে। (আবু দাউদ, হাদিস : ৮৭৫)

এ নৈকট্য স্থানগত নয়; বরং আল্লাহর রহমত, অনুগ্রহ ও কবুলিয়তের বিশেষ নৈকট্য। সুতরাং সিজদায় বান্দার উচিত নিজের প্রয়োজন মহান আল্লাহর কাছে পেশ করা, নিজের সব সীমাবদ্ধতা ও অসহায়ত্ব তাঁর কাছে প্রকাশ করে সাহায্য কামনা করা, ইচ্ছায়-অনিচ্ছায় হয়ে যাওয়া গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং দুনিয়া-আখিরাতের কল্যাণ চেয়ে বেশি বেশি দোয়া করা। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) (মৃত্যুশয্যায় থাকাকালে) হুজরার পর্দা তুলে দিলেন।

আরও পড়ুন: জান্নাতে নবীজির সান্নিধ্য পেতে আমল সম্পর্কে জানালেন হজরত রাবিআহ (রা.)

লোকেরা এ সময় আবু বকরের পেছনে সালাতের কাতারে দাঁড়ানো ছিল। তিনি বললেন, ‘হে লোক সকল! আর নবুয়তের ধারা অবশিষ্ট থাকবে না। তবে মুসলিমরা সত্য স্বপ্ন দেখবে অথবা তাদেরকে দেখানো হবে। সাবধান! আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন রুকু বা সিজদারত অবস্থায় কোরআন পাঠ না করি। তোমরা রুকু অবস্থায় মহান প্রভুর শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব বর্ণনা করবে এবং সিজদারত অবস্থায় অধিক দোয়া পড়ার চেষ্টা করবে, কেননা তোমাদের দোয়া কবুল হওয়ার উপযোগী।’ (মুসলিম, হাদিস : ৯৬১)

এ কারণে হয়তো আমাদের প্রিয় নবীজি (সা.) সাহাবায়ে কেরামকে বেশি বেশি সিজদা করা (অর্থাৎ বেশি বেশি নামাজ পড়া) ও দীর্ঘ সিজদা করার প্রতি উৎসাহ দিয়েছেন। রবিআহ ইবনে কাব আল আসলামি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে রাত যাপন করছিলাম। আমি তাঁর অজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতাম। তিনি আমাকে বললেন, কিছু চাও। আমি বললাম, জান্নাতে আপনার সাহচর্য প্রার্থনা করছি। তিনি বললেন, এ ছাড়া আরো কিছু আছে কি? আমি বললাম, এটাই আমার আবেদন। তিনি বললেন, তাহলে তুমি অধিক পরিমাণে সিজদা করে তোমার নিজের স্বার্থেই আমাকে সাহায্য করো। (মুসলিম, হাদিস : ৯৮১)

এই হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহর বিশেষ রহমতের সঙ্গে নফল নামাজ ও অধিক সিজদার সম্পর্ক রয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর দীর্ঘ সিজদারও প্রমাণ পাওয়া যায়। আম্মাজান আয়েশা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) ১১ রাকাত নামাজ আদায় করতেন। এ ছিল তাঁর রাত্রিকালীন নামাজ। এতে তিনি এমন দীর্ঘ সিজদা করতেন যে, তাঁর মাথা ওঠাবার আগে তোমাদের কেউ ৫০ আয়াত পড়তে পারে এবং ফজরের সালাতের আগে তিনি আরো দুই রাকাত পড়তেন। অতঃপর তিনি ডান কাতে শুয়ে বিশ্রাম করতেন সালাতের জন্য মুয়াজ্জিনের আসা পর্যন্ত। (বুখারি, হাদিস : ৯৯৪)

সিজদা এমন ফজিলতপূর্ণ একটি ইবাদত যে পরকালে সিজদার চিহ্নের কারণে মানুষ নাজাত পেয়ে যাবে। রাসুলুল্লাহ (সা.)-এর দীর্ঘ এক হাদিসে এসেছে, পরকালে মহান আল্লাহ তাঁর প্রবল রহমতের কারণে কিছু বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চাইবেন, তাই তিনি ফেরেশতাদের নির্দেশ দেবেন, তাঁরা যেন দুনিয়াতে ইবাদত করত, এমন লোকদের জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। তখন ফেরেশতারা জাহান্নামিদের মধ্যে সেই ইবাদতগুজার বান্দাদের সিজদার চিহ্ন দেখে চিহ্নিত করবেন। কারণ মহান আল্লাহ জাহান্নামের আগুনের জন্য সিজদার চিহ্ন গ্রাস করা নিষিদ্ধ করবেন। (বুখারি, হাদিস ৮০৬)

আরও পড়ুন: আকীদার প্রশ্নে নিজের সন্তান হলেও কোনো আপস ও ছাড় নয়: ছারছীনার পীর ছাহেব

সুবহানাল্লাহ! সুতরাং আমাদের উচিত সিজদায় যত্নবান হওয়া। জীবনের প্রয়োজন ও আখিরাতের মুক্তির আশায় মহান আল্লাহর কাছে সিজদার মাধ্যমে সাহায্য চাওয়া। সিজদার প্রকৃত সৌন্দর্য শুধু দীর্ঘ সময় মাটিতে মাথা রাখা নয়; বরং অন্তরে বিনয়, আল্লাহর প্রতি ভালোবাসা, ভয় ও একনিষ্ঠতা নিয়ে তাঁর সামনে অবনত হওয়া। ফরজ নামাজের সিজদায় ইমামের অনুসরণ ও জামাতের শৃঙ্খলা বজায় রাখতে হবে। নফল নামাজে সামর্থ্য অনুযায়ী সিজদা দীর্ঘ করা যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হচ্ছে

সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রক্রিয়া এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের সভা আয়োজন করেছে।

এই সভা রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।

সভাটির আলোচ্যসূচিতে সরাসরি ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ’ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। মূলত, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার জন্য কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে, তা নিয়ে আলোচনা হবে।

সভায় উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়ের।

এছাড়া, সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। রবিবারের সভা এ বিষয়ে করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে, কতগুলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসবে, কোন ধরনের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং জাতীয়করণের ক্ষেত্রে কী কী শর্ত থাকবে, তা এখনো স্পষ্ট নয়। রবিবারের সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া, সভা থেকে জাতীয়করণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি পরবর্তী সময়ে আরও যাচাই-বাছাই করা হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


কুষ্টিয়ায় মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

কুষ্টিয়া শহরের একটি মাদরাসায় শিক্ষার্থীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্থানীয়রা এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের আড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদিয়া শামছুল উলুম মাদরাসায় এই ঘটনাটি ঘটে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক আবির হাসান (২৩) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে শিশুটিকে মোহাম্মদিয়া শামছুল উলুম মাদরাসায় ভর্তি করান তার মা-বাবা। প্রথম দুই মাস সবকিছু স্বাভাবিক থাকলেও এর পর থেকে শিশুটি প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। বাড়িতে নিয়ে চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠলেও মাদরাসায় পাঠানোর পর ফের অসুস্থ হয়ে পড়ত। এক পর্যায়ে সে মাদরাসায় যেতে অস্বীকৃতি জানায়।

পরিবারের অভিযোগ, মাদরাসায় থাকাকালে শিশুটির বমি, বমির সঙ্গে রক্ত বের হওয়া ও পেট ব্যথার মতো উপসর্গ দেখা দিত। সন্তানের শরীরে নির্যাতনের চিহ্ন ও অসুস্থতার বিষয়টি জানাতে মাদরাসায় যান ওই শিক্ষার্থীর মা। এ সময় আবির হাসান নামের ওই শিক্ষক শিশুটিকে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেন তিনি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি জানতে পেরে শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক আবির হাসানের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এক পর্যায়ে শিশুটির নির্যাতনের অভিযোগ সামনে এলে উত্তেজিত স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ভয়ে প্রথমে তার সন্তান নির্যাতনের বিষয়টি কাউকে জানাতে পারেনি। সম্প্রতি গ্রামের বাড়িতে নেওয়ার পর দাদির কাছে নির্যাতনের কথা খুলে বলে সে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত মাদরাসার শিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে নকলায় তরুন সাংবাদিক মামুন মিয়ার বাসার সামনে কাফনের কাপড় ও মোমবাতি, চিরকুটে ‘বিশেষ উপহার,

আন্তর্জাতিক ডেস্ক

‎ মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


শেরপুরে নকলায় তরুন সাংবাদিক মামুন মিয়ার বাসার সামনে কাফনের কাপড় ও মোমবাতি, চিরকুটে ‘বিশেষ উপহার,

শেরপুরের নকলা উপজেলায় দৈনিক বাংলা পত্রিকার সাংবাদিক ও নকলা উপজেলা প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মো. মামুন মিয়াকে ঘিরে রহস্যজনক হুমকির ঘটনায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর বাসার সামনে কাফনের কাপড়, মোমবাতি ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা এবং সত্য প্রকাশের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
‎
‎জানা যায়, দীর্ঘদিন ধরে নকলা উপজেলায় মাঠপর্যায়ে সাংবাদিকতা করে আসছেন মো. মামুন মিয়া। স্থানীয় বিভিন্ন অনিয়ম, অসংগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরার কারণে বিভিন্ন সময়ে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব চাপ ও ভয়ভীতিকে উপেক্ষা করেই পেশাগত দায়িত্ব পালনে অবিচল রয়েছেন তিনি।
‎
‎অভিযোগ অনুযায়ী, এরই ধারাবাহিকতায় দুর্বৃত্তরা তাঁকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে তাঁর বাসার সামনে একটি লাল ব্যাগ রেখে যায়। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে ব্যাগটি দেখতে পান সাংবাদিক মামুন মিয়া। পরে ব্যাগটি খুলে দেখতে পান, এর ভেতরে কাফনের কাপড়, মোমবাতি এবং একটি চিরকুট রয়েছে। চিরকুটে লেখা ছিল—আপনার জন্য বিশেষ উপহার, আপনি ভালো হয়ে যাবেন।’
‎
‎এমন বার্তাকে নিছক উপহার হিসেবে দেখার সুযোগ নেই। কাফনের কাপড় ও মোমবাতির সঙ্গে এমন চিরকুট রেখে যাওয়ার ঘটনা একজন সাংবাদিককে ভয় দেখানো এবং তাঁর পেশাগত স্বাধীনতার ওপর চাপ সৃষ্টির অপচেষ্টা কি না, তা তদন্তের মাধ্যমে বের করা জরুরি।
‎
‎ঘটনাটি দেখতে পেয়ে সাংবাদিক মামুন মিয়া তাৎক্ষণিকভাবে নকলা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে থাকা সামগ্রী পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।
‎
‎এ বিষয়ে সাংবাদিক মো. মামুন মিয়া জানান, অন্যায়ের কাছে মাথা নত না করা এবং সত্য প্রকাশের চেষ্টা অব্যাহত রাখার কারণেই তাঁকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি মনে করেন। তবে এসব হুমকিতে তাঁর কলম থেমে থাকবে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
‎
‎এদিকে একজন সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড় ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিকতা কোনো অপরাধ নয়, প্রশ্ন তোলা কোনো অপরাধ নয়, আর জনস্বার্থে সত্য তুলে ধরা কোনোভাবেই ভীতির কারণ হতে পারে না। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে ভয় দেখানো, হুমকি দেওয়া কিংবা মানসিক চাপে রাখার চেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য অশনিসংকেত।
‎
‎সাংবাদিকের হাতে থাকা কলমকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। আজ মামুন মিয়া, আগামীকাল অন্য কোনো সাংবাদিক—এভাবে যদি ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি চলতে থাকে, তাহলে মাঠপর্যায়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরিবেশ সংকুচিত হয়ে পড়বে।
‎
‎এ বিষয়ে নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি,
‎
‎তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে এমন সামগ্রী রেখে গেছে এবং এর পেছনে কোনো পরিকল্পিত হুমকি রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
‎
‎সাংবাদিক মামুন মিয়ার নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন তাঁরা।
‎
‎সত্য প্রকাশের পথ কখনো হুমকির কাছে পরাজিত হতে পারে না। কাফনের কাপড় কিংবা ভয়ভীতির চিরকুট দিয়ে কলমের শক্তিকে স্তব্ধ করার অপচেষ্টা বন্ধ হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিট দাবি নিয়ে বিতর্কিত প্রশ্ন উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিট দাবি নিয়ে বিতর্কিত প্রশ্ন উঠেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিজিবির প্রাথমিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এই ঘটনাকে শর্টসার্কিটজনিত দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন, কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পর্যবেক্ষণ ভিন্নমত পোষণ করছে।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, এটি শর্টসার্কিটের কারণে ঘটেছে। তিনি আরও জানান, বাড়িটি অনেকটা পরিত্যক্ত এবং বৈদ্যুতিক তারের সংযোগ পুরোনো হওয়ায় শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে।

তবে মন্ত্রীর এই বক্তব্য নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, একজন দায়িত্বশীল মন্ত্রী তার অধীনস্থ সংস্থা বিজিবির একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন সংসদে উদ্ধৃত করেছেন, যা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের কাজের মধ্যে পড়ে না। এটি বিজিবির রুলস অব বিজনেসের পরিপন্থি কাজ এবং পেশাদারিত্বের জন্যও তা অনুচিত। অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিশেষজ্ঞ জনবল ও কারিগরি সক্ষমতা রয়েছে। তাই অন্য একটি সংস্থার প্রাথমিক পর্যবেক্ষণ সংসদে তুলে ধরা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

অপরাধ বিশ্লেষকরা মন্তব্য করেছেন, মন্ত্রীর বক্তব্য যদি সঠিক ধরে নেওয়া হয়, তাহলে এটি একটি দুর্ঘটনা। কিন্তু এখানে এজাহারনামীয় আসামিসহ মামলা হয় কীভাবে? মামলায় বিস্ফোরক পদার্থ ব্যবহার করে জেনেশুনে ক্ষতিসাধন ও হত্যাচেষ্টার ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন যুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কারণে মামলার ভবিষ্যৎ তদন্তও প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান আমার দেশকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষিত জনবল রয়েছে। এ ধরনের ঘটনায় তাদের দিয়েই কারণ অনুসন্ধান করা উচিত। অন্য কোনো সংস্থার নিজস্ব এখতিয়ারের বাইরে গিয়ে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ বা প্রতিবেদন দেওয়া যুক্তিযুক্ত নয়। এটি সংশ্লিষ্ট সংস্থাগুলোর পেশাদারিত্বের সঙ্গেও সংগতিপূর্ণ নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের একজন পরিচালক বলেন, অনেক সময় কোনো কোনো সংস্থার সদস্যরা অতি উৎসাহী হয়ে বাহবা পাওয়ার আশায় আগাম বক্তব্য দেন, যা কাম্য নয়। পুলিশ বা অন্য কোনো সংস্থা অগ্নিকাণ্ডের বিষয়ে প্রতিবেদন তৈরি করলেও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ মতামত নেওয়া হয়। কুষ্টিয়ার একজন নারী সংসদ সদস্যের বাড়িতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস সবার আগেই পৌঁছায়। প্রতিষ্ঠানটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হওয়ায় মন্ত্রীর নির্দেশে চাইলে দ্রুতই প্রাথমিক প্রতিবেদন দেওয়া সম্ভব ছিল।

বিদ্যুৎ বিভাগের ভিন্ন পর্যবেক্ষণ

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগেরও কারিগরি সক্ষমতা রয়েছে। গতকাল শুক্রবার কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, তাদের পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। আগুন লাগার অন্য কোনো কারণ থাকতে পারে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর জোনাল অফিসের এজিএম তোজাম্মেল হক গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটির কাছে তার মতামত তুলে ধরেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ঘটনার রাতেই তারা বাড়িটি পরিদর্শন করেন। সেখানে বৈদ্যুতিক মিটার অক্ষত পাওয়া যায়। বাড়িতে বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারের সার্কিট ফিউজও অক্ষত ছিল।

তিনি আরো বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মিটার বা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু সেগুলোর কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। তাই তাদের পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

মামলায় বিস্ফোরক আইনের ধারা

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শর্টসার্কিটের সম্ভাবনার কথা বললেও এ ঘটনায় নুসরাতের করা মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ধারা যুক্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় রেকর্ড হওয়া মামলাটিতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের জেলা সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, যুবলীগের জেলা সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং স্বেচ্ছাসেবক লীগের দৌলতপুর উপজেলা সভাপতি মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এজাহারে নুসরাত উল্লেখ করেন, বুধবার রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তারা বসতঘর, উঠান ও আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভেড়ামারা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এজাহারে আরো অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নুসরাত ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন। ফেসবুকেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩০৭, ৪৩৬, ৪২৭, ৪২৯ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ধারাও যুক্ত করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, ৪৩৬ ধারায় আগুন দিয়ে অথবা কোনো বিস্ফোরক পদার্থ ব্যবহার করে জেনেশুনে ক্ষতিসাধন এবং ৩৪ ধারায় সংঘবদ্ধ চক্র ও বিস্ফোরক দ্রব্য আইন যুক্ত করা হয়েছে। মামলার এই ধারাগুলো যুক্ত হওয়া মানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে বৈপরিত্য তৈরি হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন ডিআইজি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনার একটি ধারণা তৈরি হয়েছে। অথচ একই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এতে তদন্তের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাছাড়া এই মামলার চার্জশিট হলে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কারণে আসামিদের আদালতে বিশেষ সুবিধা পাওয়ার আশঙ্কা রয়েছে।

পুলিশের সাবেক একজন অতিরিক্ত আইজিপিও নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে আগুন লাগানো হয়েছে, নাকি দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তাধীন বলে উল্লেখ করেছেন; অন্যদিকে একই বক্তব্যে দুইবার শর্টসার্কিটের সম্ভাবনাকে গুরুত্ব দিয়েছেন। এতে তদন্ত সংস্থার ওপর নির্দিষ্ট একটি সিদ্ধান্তে পৌঁছানোর প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফরেনসিক পরীক্ষার ওপর গুরুত্ব

অপরাধ বিশ্লেষকদের মতে, ঘটনাস্থলে পেট্রোলবোমার আলামত না পাওয়া গেলেই পরিকল্পিত অগ্নিসংযোগের সম্ভাবনা নাকচ করা যায় না। পেট্রোলবোমা ছাড়াও অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল কি না, বাইরে থেকে নিক্ষিপ্ত কোনো বস্তুর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা পরীক্ষা করা জরুরি। এজন্য ঘটনাস্থল থেকে রাসায়নিক নমুনা সংগ্রহ ও ফরেনসিক পরীক্ষা প্রয়োজন।

নুসরাত গতকাল অভিযোগ করেছেন, ফায়ার সার্ভিসের পানি ব্যবহারের কারণে ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়েছে। এ ছাড়া ফরেনসিক বিশেষজ্ঞরা প্রায় ১৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছেছেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাইরে থেকে কোনো বস্তু নিক্ষেপের পরপরই বাড়িতে আগুন জ্বলে উঠতে দেখা যায়। ভিডিওর দৃশ্য সত্য হলে শর্টসার্কিটের সম্ভাবনার পাশাপাশি বাইরে থেকে দাহ্য পদার্থ নিক্ষেপের বিষয়টিও গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন। তিনি আরো বলেন, ঘটনার আগে নুসরাতকে ফোনে হামলার হুমকি দেওয়া হয়েছিল এবং এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম আমার দেশকে বলেন, এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে, তারা বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি তার করা মামলাটিও পুলিশ তদন্ত করছে। কারও দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে কাজ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%