১২:৪৯ পি.এম
ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এখন পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। টাঙ্গাইল জেলা কারাগারের চার দেওয়ালের ভেতরেও বিশ্বকাপের সেই আনন্দ পৌঁছে গেছে। আসন্ন ফুটবল বিশ্বকাপ খেলা দেখার সুবিধার্থে টাঙ্গাইল কারাগারে বন্দীদের ফুটবলের আনন্দ উপভোগ করার সুযোগ করে দিতে জেলা প্রশাসক শরীফা হক একটি ব্যতিক্রমী এবং মানবিক উদ্যোগ নিয়েছেন।
কারাগার সূত্র জানাচ্ছে, উত্তর আমেরিকা মহাদেশে চলমান বিশ্বকাপ ফুটবলের আমেজ থেকে যেন বন্দীরা বঞ্চিত না হন, সেজন্য টাঙ্গাইল জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডেই নতুন টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে বন্দীরা সরাসরি বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন।
টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বাসস’কে জানান, কারাগারের ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৩টি টেলিভিশন সচল রয়েছে। বন্দিদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ৩২ ইঞ্চি পাঁচটি টেলিভিশন জেলা প্রশাসক দিয়েছেন। এরফলে বিশ্বকাপ ফুটবলের জন্য কারাগারে টিভি স্থাপনের মাধ্যমে বন্দীদের মধ্যে আনন্দ ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: কমলনগরে কোরআনের আলোয় আলোকিত ৫ শিক্ষার্থী, ফয়জুল কোরআন ইসলামী একাডেমির সংবর্ধনা
তিনি আরও জানিয়েছেন, কারাগারে টেলিভিশন চালুর পর থেকে বন্দীদের মধ্যে উপচে পড়া আনন্দ ও ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এই উদ্যোগের ফলে বন্দীদের মানসিক অবস্থার উন্নতির পাশাপাশি কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ছে।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক বাসস’কে জানান, নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে বন্দিরা অনুরোধ করেন, তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার জন্য। একজন স্বাভাবিক মানুষের মতোই কারাবন্দিদের অধিকার রয়েছে বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করার। তাদের দাবির পরিপ্রেক্ষিতে টেলিভিশন প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন