০৯:৩৪ পি.এম
কলমাকান্দা-দুর্গাপুর আঞ্চলিক সড়কের জিয়া খালের ওপর সেতু নির্মাণের কাজ ১৫ মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু ৪১ মাস পেরিয়ে গেলেও তা শেষ হয়নি। বরং গত দুই বছর ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এর ফলে ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। যানবাহন ও পথচারীদের ঝুঁকি নিয়ে বিকল্প স্টিলের সেতু ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, প্রকল্পের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়ে ২০২৭ সালের মার্চ পর্যন্ত করা হয়েছে যাতে দ্রুত কাজ শেষ করা যায়।
সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প স্টিলের সেতুর ওপর দিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করছেন। সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় রয়েছে। কোথাও কোথাও জমে আছে ধুলাবালি, যা স্থানীয় বাসিন্দাদের জন্য প্রতিদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-ফেসবুকে প্রতারণার বিষয়ে নির্বাচন কমিশনের সতর্কতা
এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দা-নাজিরপুর জিসি সড়কের ১ হাজার ৭৭৯ মিটার চেইনেজে কলমাকান্দা উপজেলার চান্দুয়াইল এলাকায় ৯৯ দশমিক ৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২২ সালের ২ মার্চ চুক্তি অনুযায়ী কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি।
চুক্তির নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে কাজ শুরু হওয়ায় প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়। সে অনুযায়ী, ২০২৪ সালের ৪ জুনের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ সম্পন্ন হয়নি। গত দুই বছর ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় সেতুটি এখনো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে।
এ কারণে বর্ষা ও শুষ্ক—দুই মৌসুমেই স্থানীয়দের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। বর্ষায় চলাচলে যেমন সমস্যা হয়, শুকনো মৌসুমে ধুলাবালির কারণে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়ছেন। তাদের অভিযোগ, ঘরে স্বাভাবিকভাবে থাকা সম্ভব হচ্ছে না ধুলার কারণে। অনেককে বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
আরও পড়ুন: দম্পতির অন্তরঙ্গ ভিডিও ধারণের অভিযোগে ২ যুবক কারাগারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন