বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:২১ পি.এম
বাগেরহাটের রামপালে আটক করা হয়েছে একরামুল হক রাজিব, যিনি স্বৈরাচারের সহযোগী ও কথিত হাসিনা সংগ্রাম পরিষদের কর্মী হিসেবে পরিচিত। রাজিব, যিনি সন্ত্রাসী রাজিব নামেও পরিচিত, একাধিক মামলার আসামী।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধের মোহড়া চলাকালীন ফয়লা এলাকা থেকে জনতা রাজিবকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাজিব সরকার বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য সন্ত্রাসীদের জড় করার চেষ্টা করছিল। আটক রাজিবকে সন্ত্রাস বিরোধী একটি মামলায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
রামপাল থানা পুলিশ ও স্থানীয় ফয়লাহাট এলাকার বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইকরামুল হক রাজিব বাঁশতলী গ্রামের মৃত মিকাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিএনপি নেতাদের গুলি করে হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।
সূত্র জানায়, বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ তম্ময় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাইদের পক্ষে রাজিব রামপালে অস্থিতিশীল পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে আসছিল। তাকে আটকের ফলে বাঁশতলী এলাকায় সস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি মুহাম্মদ মাসুদুর রহমানের সাথে কথা হলে তিনি রাজিবকে আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, রামপালে কোথাও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে সেটি কঠোর হস্তে দমন করা হবে, কাউকে কোন ছাড় দেওয়া হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর বাঘা উপজেলার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার, বেলা সাড়ে ১১টার দিকে আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে এই ঘটনা ঘটে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তার আলোচনা হয়েছে। ওসি জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা চারঘাটের দিক থেকে এসে ফটকের সামনে সামান্য আগুন লাগানোর চেষ্টা করে। তবে আশপাশে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে যাওয়ায় তারা ভেতরে ঢুকতে পারেনি।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাড়ির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে। ভিডিওটির বিষয়ে পুলিশের এই কর্মকর্তা কোনো মন্তব্য করেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘চাকরি খুঁজবো না, চাকরি দেবো, নারীর উদ্যোগে তৈরি হোক নতুন কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) জাতীয় নারী উদ্যোক্তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলা, পণ্য প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাকিমপুর উপজেলার হিলিতে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়। হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের হাতে তৈরি ও উৎপাদিত বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন।
মেলায় নারীদের তৈরি খাদ্য, পোশাক, নকশিকাঁথা, হাতের কাজের সামগ্রী, ঘরোয়া খাবার, পিঠাপুলি, আচার, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের দেশীয় ও কুটিরশিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। এসব পণ্য দেখতে ও কিনতে মেলায় ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এতে নারী উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রমেনা আক্তার মন্তব্য করেন, নারীরা এখন আর শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা নিজেদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা ও উদ্যোগ পরিচালনা করছেন। একজন নারী উদ্যোক্তা নিজের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি অন্য নারীদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। এ ধরনের আয়োজন নারী উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি ও উৎসাহ জোগানোর পাশাপাশি তাদের পণ্য পরিচিত করার সুযোগ সৃষ্টি করে।
হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম বলেন, একজন নারী উদ্যোক্তা শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেন না, তার উদ্যোগের মাধ্যমে আরও অনেক নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। অনেক নারী ঘরে বসেই বিভিন্ন পণ্য তৈরি করছেন, কিন্তু বাজারজাতকরণ ও প্রচারের অভাবে তারা সঠিক মূল্য পাচ্ছেন না। নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, প্রয়োজনীয় সহযোগিতা এবং পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করা জরুরি। আমরা চাই, হাকিমপুরের নারীরা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করুন এবং অন্য নারীদেরও এগিয়ে আসতে উৎসাহিত করুন।
মেলায় অংশ নেওয়া এক নারী উদ্যোক্তা বলেন, ‘নিজের হাতে তৈরি পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। আগে ঘরে বসে অল্প পরিসরে কাজ করতাম। এখন মেলার মাধ্যমে অনেক মানুষের কাছে পণ্য তুলে ধরতে পারছি। ক্রেতারা আমাদের পণ্য দেখছেন, পছন্দ করছেন এবং কিনছেন। এ ধরনের আয়োজন নিয়মিত হলে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন।’
মেলায় পণ্য কিনতে আসা এক নারী ক্রেতা বলেন, মেলায় এসে স্থানীয় নারীদের তৈরি অনেক সুন্দর ও মানসম্মত পণ্য দেখতে পেয়েছি। বিশেষ করে হাতে তৈরি পোশাক, ঘরোয়া খাবার ও বিভিন্ন হস্তশিল্পের পণ্য আমাদের বেশ ভালো লেগেছে। এসব পণ্য কেনার মাধ্যমে একদিকে যেমন প্রয়োজন মিটছে, অন্যদিকে স্থানীয় নারী উদ্যোক্তারাও উৎসাহ পাচ্ছেন। আমরা চাই, তাদের তৈরি পণ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক।
আরেক ক্রেতা বলেন, বাজারে অনেক ধরনের পণ্য পাওয়া যায়। তবে স্থানীয় নারীদের হাতে তৈরি পণ্যের আলাদা আকর্ষণ রয়েছে। তাদের পণ্যের মান ভালো এবং অনেক পণ্যই সৃজনশীলতার পরিচয় বহন করে। এ ধরনের মেলা নিয়মিত আয়োজন করা হলে ক্রেতারা নতুন নতুন পণ্য কেনার সুযোগ পাবেন এবং নারী উদ্যোক্তাদের ব্যবসাও প্রসারিত হবে।
আয়োজকরা জানান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নিজেদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, পণ্যের প্রচার ও বিপণনের সুযোগ তৈরিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় নারী উদ্যোক্তা, ক্রেতা, দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দায়ের করা মামলার জন্য বহুল প্রতীক্ষিত রায় নিয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। রায় শুনতে শিবিরে হাজার হাজার রোহিঙ্গা জড়ো হয়েছেন।
মামলার বিচারিক কার্যক্রমে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা এবং নির্যাতনের অভিযোগের পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ উঠে এসেছে। এতে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার পাশাপাশি বিভিন্ন ধরনের সহিংসতার প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে। এই ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনীর সংশ্লিষ্টতার বিষয়টিও বিচারিক প্রক্রিয়ায় উঠে এসেছে।
বিচারপ্রক্রিয়ায় রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়নের বিষয়ে দাখিল করা দুটি প্রতিবেদনকে আদালত নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করেছে। একই সঙ্গে প্রমাণের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা ও মূল্যায়নের মানদণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, কোনো প্রমাণের পক্ষে অন্য কোনো প্রমাণের সমর্থন পাওয়া গেলে সেটিকে অধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। তবে কোনো প্রমাণ নিজস্ব ভিত্তিতেই বিশ্বাসযোগ্যতা অর্জন করলে, সেটিও অন্য প্রমাণের সত্যতা ও নির্ভরযোগ্যতা প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে। বিশেষ করে অন্য প্রমাণটি তুলনামূলকভাবে শক্তিশালী বা নির্ভরযোগ্য কোনো উৎস থেকে এলে তার গুরুত্ব আরও বাড়ে।
আদালত স্পষ্ট করেছে, কোনো সাক্ষ্য বা তথ্যের পক্ষে অন্য প্রমাণের সমর্থন না থাকলেই যে সেটির প্রমাণমূল্য থাকবে না, বিষয়টি এমন নয়। বরং প্রতিটি তথ্য ও ঘটনা যাচাইয়ের ক্ষেত্রে আদালত প্রচলিত ও স্বীকৃত বিচারিক মানদণ্ড অনুসরণ করবে।
এ ছাড়া জাতিসংঘের অনুসন্ধানকারী সংস্থাগুলোর প্রচলিত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রমাণ মূল্যায়নের ক্ষেত্রে একটি ন্যূনতম মানদণ্ড অনুসরণ করা হয়েছে বলেও আদালত উল্লেখ করেছে।
দীর্ঘদিন ধরে নিজ দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছে এই বিচারপ্রক্রিয়া ন্যায়বিচার, দায়ীদের জবাবদিহি এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে জড়িত। কুতুপালংসহ উখিয়া-টেকনাফের বিভিন্ন শিবিরে বসবাসরত রোহিঙ্গারা এই রায়ের দিকে তাকিয়ে আছেন দীর্ঘদিন। তাদের প্রত্যাশা, আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যার দায়ীদের জবাবদিহি নিশ্চিত হবে এবং তারা নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথ সুগম হবে।
এই রায় ঘোষণার সময় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাঠে বড় পর্দায় মাইক লাগিয়ে হাজারো রোহিঙ্গাদের রায় শুনতে দেখা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঐতিহ্যবাহী পাটশিল্পের হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার যান্ত্রিক ও কারিগরি আধুনিকায়নের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে। এই উদ্যোগের অংশ হিসেবে বগুড়ায় একটি পাটকলে চাকরি পেয়েছেন ৫০ জন তরুণ-তরুণী প্রশিক্ষণ শেষে।
বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিপি) এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
বগুড়ার হাসান জুট মিলস লিমিটেডে পরিচালিত এই কর্মসূচির আওতায় ২৫ জন করে দুটি ব্যাচে মোট ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থীদের মধ্যে ১৯ জন নারী এবং ৩১ জন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রশিক্ষণ শেষে তাঁদের সবাইকে হাসান জুট মিলে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজেএমএ-এর আওতায় পাট ও পাটজাত পণ্য খাতে বর্তমানে ১১টি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রি সুপারভাইজার, মার্চেন্ডাইজিং, কমপ্লায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি, আর্টিজান ক্রাফটসম্যানশিপ ফর ডাইভারসিফাইড জুট প্রোডাক্টস, প্যাটার্ন ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ব্যাচিং-প্রিপেয়ারিং অ্যান্ড ড্রয়িং, স্পিনিং-উইন্ডিং-বিমিং অ্যান্ড টুইস্টিং, উইভিং অ্যান্ড ফিনিশিং, জুট ডাইং-ব্লিচিং অ্যান্ড প্রিন্টিং, জুট মেশিনারি মেইনটেন্যান্স এবং হ্যান্ডিক্রাফটস ইন্ডাস্ট্রি স্পেসিফিক সেলাই অপারেশন।
বগুড়ায় প্রথম দুটি ব্যাচে স্পিনিং-বিমিং-উইন্ডিং অ্যান্ড টুইস্টিং এবং উইভিং অ্যান্ড ফিনিশিং—এই দুটি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মসূচির সেন্টার ইনচার্জ তাবরীজ আহম্মেদ জানান, অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অথবা অষ্টম শ্রেণি পাস করা বেকার ও স্বল্পশিক্ষিত তরুণ-তরুণীদের এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি জানান, ৪৪ দিনের এ কোর্সে প্রতিদিন পাঁচ ঘণ্টা করে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে এক ঘণ্টা তাত্ত্বিক ও সফট স্কিল এবং চার ঘণ্টা কারখানায় হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে দৈনিক ১৫০ টাকা হিসাবে মোট ৬ হাজার ৬০০ টাকা ভাতা দেওয়া হয়।
তাবরীজ আহম্মেদ আরও বলেন, পিআইইউয়ের পক্ষ থেকে ৬৫ শতাংশ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বগুড়ায় প্রথম দুই ব্যাচের ৫০ জনের সবাই হাসান জুট মিলে চাকরি পেয়েছেন। আগামী ২৩ নভেম্বর থেকে নতুন ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলবে।
দীর্ঘদিন বেকার থাকার পর প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়ে খুশি প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণার্থী মো. জুবায়ের ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কোনো কাজ পাচ্ছিলেন না। এ প্রশিক্ষণের মাধ্যমে নতুন কাজ শিখেছেন এবং প্রশিক্ষণ শেষে জুট মিলে চাকরি পেয়েছেন।
আরেক প্রশিক্ষণার্থী মোছা. কাজলী খাতুন বলেন, প্রশিক্ষণ নিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় এবং আয়ের পথ সহজ হওয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞ।
হাসান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজার শাফায়াত-ই-রাব্বি সুমন বলেন, পাট খাতে কর্মসংস্থান তৈরির লক্ষ্যেই এ প্রশিক্ষণ কার্যক্রম যুক্ত করা হয়েছে। চলতি বছর থেকে শুরু হওয়া এ উদ্যোগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে কারখানায় নতুন শ্রমিক যুক্ত হচ্ছেন। মিলের সুনাম ধরে রাখা ও উৎপাদন সচল রাখতে নানা চ্যালেঞ্জের মধ্যেও চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কারখানার বাস্তব পরিবেশে হাতে-কলমে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের এ সমন্বয় পাটশিল্পের পুনরুজ্জীবন এবং বহুমুখী পাটপণ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ